
নয়া দিল্লি: ফের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক। এবার আর একদিন নয়, একটানা তিনদিন ব্যাঙ্ক ধর্মঘটের (Bank Strike) ডাক দিয়েছে ব্যাঙ্ক ইউনিয়ন। এর জেরে দেশজুড়ে ব্য়াঙ্কিং পরিষেবা ব্যাহত হতে পারে। চরম ভোগান্তির মুখে পড়তে হবে সাধারণ মানুষদের।
ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নের তরফে দীর্ঘদিন ধরেই সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাঙ্কের কর্মীদের জন্য সপ্তাহে পাঁচদিন কর্মদিবসের দাবি জানিয়ে আসছে। শনিবার ও রবিবার ছুটির দাবি তাদের। তবে সরকারের তরফে এই দাবি এখনও পূরণ না করায় এবার বারবার ধর্মঘটের ডাক দিচ্ছে ব্যাঙ্ক ইউনিয়ন। গত ১১ সেপ্টেম্বর দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট ছিল। একদিনের ধর্মঘটের পর এবার ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর অবধি ব্যাঙ্ক স্ট্রাইকের ডাক দেওয়া হয়েছে।
এদিকে, এই আবহেই অর্থ মন্ত্রকের অধীনে ফিন্যান্সিয়াল সার্ভিস ডিপার্টমেন্ট উচ্চ পর্যায়ের বৈঠক ডাকল। সমস্ত পাবলিক সেক্টর ব্যাঙ্ক, আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কের প্রধানদের এবং ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন ও নাবার্ডকে এই বৈঠকে ডাকা হয়েছে। আগামী সোমবার, ২১ সেপ্টেম্বর এই বৈঠক হওয়ার কথা। ব্যাঙ্ক স্ট্রাইকের জেরে পরিষেবায় যে প্রভাব পড়তে চলেছে, তা নিয়ে আলোচনার জন্যই এই বৈঠক।
২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর অবধি ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তবে তার আগে ২৬ ও ২৭ তারিখ শনিবার ও রবিবার পড়ায়, মোট পাঁচদিন ব্যাঙ্কিং পরিষেবা পাওয়া যাবে না। তবে এটিএম পরিষেবা চালু থাকবে। অনলাইন ব্যাঙ্কিংয়ের সুবিধাও পাওয়া যাবে।