
নয়া দিল্লি: ব্য়াঙ্কের গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ খবর। এটিএম থেকে টাকা তুলতে লাগবে না কোনও চার্জ। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে শুরু করে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ব্যাঙ্ক অব বরোদা, ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক সহ সমস্ত পাবলিক সেক্টর ব্যাঙ্কই এই ঘোষণা করেছে।
তবে এটিএম চার্জ মকুব কিন্তু আজীবনের জন্য নয়। তিনদিনের জন্য এই এটিএম চার্জ লাগবে না। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এটিএম চার্জ ফ্রি করে দেওয়া হয়েছে। কেন এই সিদ্ধান্ত?
প্রতিটি ব্যাঙ্কেই মাসে সীমিত এটিএম ট্রানজাকশন ফ্রি থাকে। নিজের ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুললে পাঁচবার এবং অন্য ব্যাঙ্কের এটিএম থেকে তিনবার ফ্রি-তে টাকা তোলা যায়। এরপর এটিএম থেকে টাকা তুললে এটিএম চার্জ লাগে। তবে দেশের সরকারি ব্যাঙ্কগুলি সিদ্ধান্ত নিয়েছে যে ২৮ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই এটিএম চার্জ নেওয়া হবে না। অর্থাৎ কোনও গ্রাহকের ফ্রি উইথড্রলের সীমা পার হয়ে গেলেও, এই তিনদিনের মধ্যে টাকা তুললে কোনও চার্জ লাগবে না।
ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নের তরফে ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে। এর জেরে ব্যাঙ্কিং পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা। তবে এটিএম, অনলাইন ব্যাঙ্কিং, ইউপিআইয়ের মতো পরিষেবা চালু থাকবে।
তিনদিনের ধর্মঘটের মধ্যে গ্রাহকদের যাতে টাকা তুলতে কোনও সমস্যা না হয়, তার জন্যই এটিএম চার্জ মকুব করে দেওয়া হয়েছে। ব্যাঙ্কের গ্রাহকদের আগে থেকেই গুরুত্বপূর্ণ কাজ সেরে রাখতে পরামর্শ দেওয়া হয়েছে। গ্রাহকদের সুবিধার জন্য আগামিকাল, রবিবার (২৭ সেপ্টেম্বর)-ও ব্যাঙ্ক খোলা থাকবে।