
সম্প্রতি জানা গিয়েছে বাড়তে পারে বাইক ও গাড়ির ইন্সিওরেন্সের প্রিমিয়াম। আর এবার যাঁরা বাইক কিনবেন তাঁদের জন্য একটি দারুণ খবরও নিয়ে আসতে চলেছে কেন্দ্র। এখনও নয়া এই নীতি রয়েছে প্রস্তাব আকারেই। কিন্তু এই প্রস্তাব আইন হিসাবে এলে একদিনে যেমন উপকৃত হবেন মোটরবাইকের ক্রেতা বা চালকরা। তেমনই কমবে দুর্ঘটনা ও দুর্ঘটনার ফলে আহত ও মৃতের সংখ্যা।
জানা গিয়েছে, নয়া এই প্রস্তাব অনুযায়ী প্রত্যেক মোটবাইক সংস্থাকে নতুন বাইকের সঙ্গে একজোড়া নতুন হেলমেট দিতে হবে। এই হেলমেট হতে হবে BIS বা ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের নির্দিষ্ট করে দেওয়া গুণমান অনুযায়ী। এ ছাড়াও এই বিধি অনুযায়ী নতুন সমস্ত বাইকেই এবিএস বা অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম থাকবে বলে জানা গিয়েছে।
সেন্ট্রাল মোটর ভেহিকল অ্যাক্ট, ১৯৮৯-এ বেশ কিছু পরিবর্তনেরও প্রস্তাব দিয়েছে পরিবহণ মন্ত্রক। আর সেখানেই দুটি করে হেলমেটের প্রস্তাব দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। বাইকচালক ও আরোহীর সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
ইতিমধ্যে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। আর সেই বিজ্ঞপ্তি অনুযায়ীই মোটরবাইক প্রস্তুতকারক সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়াও ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এই সব নয়া নিয়ম কার্যকর হতে চলেছে বলেও জানা গিয়েছে।