
নয়া দিল্লি : শেষমুহূর্তের তাড়াহুড়ো। হঠাৎ করেই হয়তো কোনও পরিকল্পনা ছাড়াই ভ্রমণ করতে হবে। এদিকে আপনার কাছে টিকিট নেই। তৎকালে টিকিট কাটারও (Train Ticket) সময় নেই।এদিকে টিকিট ছাড়া ট্রেনে উঠলে তো মোটা টাকার জরিমানা হতে পারে। কিন্তু, ট্রেনের (Indian Railway) এমন কিছু বিশেষ নিয়ম আছে, যে নিয়মে আপনি টিকিট না কেটেই ট্রেনে উঠতে পারেন। কোথায়, কীভাবে সেই সুযোগ পাবেন, কী রয়েছে রেলের নিয়মে, জেনে নেওয়া যাক।
জানা গিয়েছে, রেলের নিয়মে আপনার কাছে প্ল্যাটফর্ম টিকিট (Train Ticket Rules) থাকলেই হবে। প্ল্যাটফর্ম টিকিট শুধু একটি প্রবেশপত্রই নয়। এটি আপনি কোন স্টেশন থেকে যাত্রা করছেন, তাঁর প্রমাণ হিসেবে কাজ করে। টিটিই (TTE) এই টিকিট ব্যবহার করে স্টেশন থেকে আপনার চূড়ান্ত গন্তব্য পর্যন্ত ভাড়া গোনা হবে। ভাড়া দেওয়ার পর টিটিই একটি বৈধ রসিদ প্রদান করেন।যা রেলের নিয়ম অনুযায়ী আপনার যাত্রাকে বৈধ করে তোলে।
তবে, টিটিই টিকিট দিলেই যে আপনি সংরক্ষিত সিট পাবেন, তার নিশ্চয়তা নেই। আসন বরাদ্দের ক্ষেত্রে সম্পূর্ণভাবে টিটিই-এর বিবেচনার উপর নির্ভরশীল। আসন খালি থাকলে আপনি সিট পেতে পারেন। অন্যথায়, আপনাকে জেনেরাল কামরায় যেতে হতে পারে। সংরক্ষিত সিট বা কামরা না পেলেও ট্রেনের টিকিট কনফার্ম থাকবে।
যাত্রীদের অবশ্যই তাদের গন্তব্য পর্যন্ত টিকিটের সম্পূর্ণ ভাড়া পরিশোধ করতে হবে। এছাড়াও, যথাযথ টিকিট ছাড়া ট্রেনে উঠলে ২৫০ টাকা জরিমানা ধার্য করা হতে পারে। এই জরিমানা একটি সাধারণ নিয়ম।
যাত্রীদের মনে রাখতে হবে, একটি প্ল্যাটফর্ম টিকিট শুধুমাত্র দুই ঘণ্টার জন্য বৈধ। এছাড়াও, এই নিয়মটি কেবল তখনই প্রযোজ্য হবে যখন আপনি স্বেচ্ছায় টিটিই-কে (TTE) জানাবেন। টিটিই-কে না জানিয়ে ধরা পড়লে, আরও কঠোর শাস্তি হতে পারে। এই বিশেষ ব্যবস্থাটি শুধুমাত্র তাঁদের ক্ষেত্রেই প্রযোজ্য যাঁরা জরুরি পরিস্থিতিতে ভ্রমণের সময় শেষ মুহূর্তে টিকিট কাটতে পারেন না।