
নয়া দিল্লি: বাজেটের দিন থেকেই দামি হয়ে গিয়েছে সিগারেট (Cigarette), তামাকজাত পণ্য। ১ ফেব্রুয়ারি, রবিবার থেকে কার্যকর হয়েছে নতুন আবগারি শুল্ক। আর তার ঠেলাতেই সিগারেটের এক প্যাকেটের দাম ২২ থেকে ২৫ টাকা বাড়ছে। কোন সিগারেটের কত দাম বেড়েছে?
পিটিআই রিপোর্ট অনুযায়ী, ৭৬ এমএম দৈর্ঘ্যের সিগারেটের প্যাকেট পিছু দাম ৫০ থেকে ৫৫ টাকা বাড়তে চলেছে। এখনও পর্যন্ত সিগারেট প্রস্তুতকারকরা সর্বাধিক বিক্রয় মূল্য বা ম্যাক্সিমাম রিটেল প্রাইজ ঘোষণা না করলেও, খুচরো বিক্রেতারা ইতিমধ্যেই দাম বাড়িয়ে দিয়েছে। সিগারেট, তামাকজাত পণ্যের উপরে ৪০ শতাংশ জিএসটি বসে। তার উপরে অতিরিক্ত কর হিসাবে বসছে নতুন আবগারি শুল্ক। পান মশলার উপরে আলাদাভাবে বসছে স্বাস্থ্য সেস। কমপেনসেশন সেস তুলে নিয়েই এই নতুন আবগারি শুল্ক বসছে।
উইলের নেভি কাট (৭৬এমএম)-র আগে ১০টি সিগারেটের দাম ছিল ৯৫ টাকা। এবার তার দাম হবে ১২০ টাকার কাছাকাছি। ৮৪ এমএমের সিগারেট, যেমন গোল্ড ফ্লেক লাইট, উইলস ক্লাসিক ও উইলস ক্লাসিক মাইল্ডের এক প্যাকেটের দাম ১৭০ টাকা ছিল। এবার তার দাম ২২০ থেকে ২২৫ টাকা।
৬৫ এমএম দৈর্ঘ্যের নন-ফিল্টার সিগারেটে প্রতি স্টিকে দাম বাড়তে চলেছে ২ টাকা ৫ পয়সা। ফিল্টার সিগারেটের প্রতি স্টিকের দাম ২ টাকা ১০ পয়সা করে বাড়বে। ৬৫ থেকে ৭০ এমএমের প্রতি সিগারেটের দাম ৩.৬ টাকা থেকে ৪ টাকা বেড়ে গিয়েছে। প্রিমিয়াম সিগারেটের প্রতি স্টিকের দাম ৫ টাকা ৪০ পয়সা করে বাড়বে।
সরু যে সিগারেটগুলি হয়, সেগুলিরও দাম বেড়েছে। ক্লাসিক কানেক্ট (৯৭এমএম)-র ২০টি সিগারেটের দাম ছিল ৩০০ টাকা। এবার তা ৩৫০ টাকা হচ্ছে। এই মাসের শেষ ভাগের মধ্যে নতুন প্রিন্ট হওয়া সিগারেটের প্যাকেট ডিস্ট্রিবিউটরদের কাছে পৌছে যাবে বলেই মনে করা হচ্ছে। অনেক কোম্পানি ইতিমধ্যেই তাদের স্টক রিলিজ করা বন্ধ করে দিয়েছে। নতুন দাম প্রিন্ট হলে, তবেই তারা বাকি স্টক ছাড়বে।