
নয়া দিল্লি: ধূমপায়ীদের জন্য খারাপ খবর। ফের বাড়ছে ধূমপানের খরচ। ক্লাসিক থেকে শুরু করে গোল্ড ফ্লেক- একাধিক সিগারেটের দাম বাড়ল। আইটিসি লিমিটেডের তরফে তাদের ব্রান্ডের সিগারেটের দাম বাড়ানো হয়েছে। ইতিমধ্যে নতুন দাম প্রিন্ট করা স্টক বাজারে চলেও এসেছে।
আইটিসির নির্দিষ্ট কিছু ব্রান্ডের দাম বাড়ানো হয়েছে। ক্লাসিক কানেক্ট ২০টি সিগারেটের প্যাকেটের দাম ছিল ৩৯০ টাকা। সেটা বাড়িয়ে ৪২৮ টাকা করা হয়েছে। একধাক্কায় ৯.৭৪ শতাংশ দাম বেড়েছে।
গোল্ড ফ্লেক সুপার স্টারের ১০টি সিগারেটের প্যাকের দাম ৮৯ টাকা হল ৭৯ টাকা থেকে। ১২.৬৬ শতাংশ দাম বেড়েছে। এমনটাই জানিয়েছে ডিলাররা।
প্রসঙ্গত, ১ ফেব্রুয়ারি থেকে সিগারেট ও অন্যান্য তামাকজাত পণ্যের উপরে ৪০ শতাংশ জিএসটি বসেছে। নতুন আবগারি শুল্ক কাঠামোও চালু হয়েছে। সেই সময়ে সিগারেটের দাম বাড়িয়েছিল সংস্থাগুলি। আইটিসি-ও সেই সময় ‘ক্লাসিক কানেক্ট’-র দাম ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৩৬০ টাকা করেছিল। পরে আরও ৩০ টাকা বাড়িয়ে ৩৯০ টাকা করা হয়। গোল্ড ফ্লেক সুপারস্টারের দামও বাড়ানো হয়েছিল, ৫৯ টাকা থেকে ৭০ টাকা করা হয়েছিল। পরে মে মাসে আরও ৯ টাকা দাম বাড়ানো হয়, ৭৯ টাকা নতুন দাম হয়। এবার ফের একবার পুজোর আগে নির্দিষ্ট কিছু সিগারেটের দাম বাড়াল আইটিসি।