
নয়া দিল্লি: প্রতি বছর পেনশন চালু রাখতে প্রমাণ করতে হবে আপনি জীবিত! তার জন্য ব্যাঙ্কে গিয়ে লাইফ সার্টিফিকেট জমা দিতে হয়। তার জন্য ব্যাঙ্কে যাওয়া, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানো কিংবা অন্য কারও সাহায্য নিয়ে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার ঝক্কি পোহাতে হয়। তবে এবার সেই কাজই করা যাচ্ছে অনলাইনে। তাও আবার স্মার্টফোনের একটি সেলফিতে। বাড়িতে বসেই মোবাইলের ক্যামেরা ব্যবহার করে জমা দিতে পারবেন ডিজিটাল লাইফ সার্টিফিকেট (Digital Life Certificate)। ফলে পেনশন চালু রাখতে আর প্রতি বছর ব্যাঙ্কে ছোটার প্রয়োজন হবে না।কেন্দ্রীয় সরকারের ‘জীবন প্রমাণ’ (Jeevan Pramaan) ব্যবস্থার মাধ্যমে আধারভিত্তিক ফেস অথেন্টিকেশন ব্যবহার করে এই সুবিধা পাওয়া যায়। স্মার্টফোনে মুখের ছবি তুলেই নিজের পরিচয় যাচাই করতে পারবেন পেনশনভোগীরা। সেই ছবি আধার নম্বরের সঙ্গে যুক্ত মুখের ছবির সঙ্গে মিলিয়ে দেখা হয়। পরিচয় যাচাই সফল হলে তৈরি হয়ে যায় ডিজিটাল লাইফ সার্টিফিকেট। সেটি সরাসরি ইলেকট্রনিক পদ্ধতিতে পেনশন প্রদানকারী সংস্থার কাছে পৌঁছে যায়।
বিশেষ করে প্রবীণ, অসুস্থ এবং বিশেষভাবে সক্ষম পেনশনভোগীদের জন্য এই ব্যবস্থা অত্যন্ত সুবিধাজনক। কারণ, তাঁদের অনেকের পক্ষেই প্রতি বছর ব্যাঙ্ক বা পেনশন অফিসে গিয়ে লাইফ সার্টিফিকেট জমা দেওয়া যথেষ্ট কষ্টকর। এই প্রযুক্তির ব্যবহার আরও বাড়াতে দেশজুড়ে পঞ্চম ডিজিটাল লাইফ সার্টিফিকেট অভিযান শুরু করেছে কেন্দ্র। ২০২৬ সালের ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে এই অভিযান। লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ২.৩০ কোটি ডিজিটাল লাইফ সার্টিফিকেট তৈরির। এর মধ্যে ১.৫০ কোটি সার্টিফিকেট ফেস অথেন্টিকেশনের মাধ্যমে তৈরি করার পরিকল্পনা রয়েছে।
ডিজিটাল লাইফ সার্টিফিকেট হল একটি ইলেকট্রনিক নথি, যার মাধ্যমে প্রমাণিত হয় যে সংশ্লিষ্ট পেনশনভোগী জীবিত রয়েছেন এবং তিনি পেনশন পাওয়ার যোগ্য। সরকারি পেনশনভোগীদের নির্দিষ্ট সময় অন্তর এই সার্টিফিকেট জমা দিতে হয়। এর উদ্দেশ্য হল, যাঁরা পেনশন পাওয়ার যোগ্য, তাঁরাই যেন সেই সুবিধা পান এবং কোনও পেনশনভোগীর মৃত্যুর পরেও যাতে তাঁর অ্যাকাউন্টে পেনশন জমা না হয়, তা নিশ্চিত করা।
আগে সাধারণত পেনশনভোগীদের ব্যাঙ্কের শাখা বা অনুমোদিত আধিকারিকের সামনে হাজির হয়ে নিজেদের জীবিত থাকার প্রমাণ দিতে হত। এরপর সেই সার্টিফিকেট পাঠানো হত পেনশন প্রদানকারী সংস্থার কাছে। কিন্তু প্রবীণ বা অসুস্থ ব্যক্তিদের পক্ষে প্রতি বছর ব্যাঙ্কে যাওয়া বেশ সমস্যার। বিশেষ করে যাঁদের চলাফেরার সমস্যা রয়েছে, তাঁদের জন্য এই প্রক্রিয়া আরও কঠিন হয়ে উঠত।
২০১৪ সালের ডিসেম্বর মাসে ব্যাঙ্কগুলিকে পাঠানো একটি সার্কুলারে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) স্বীকার করেছিল, পেনশন প্রদানকারী ব্যাঙ্কের বিভিন্ন শাখায় লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার ব্যবস্থা থাকলেও অনেক পেনশনভোগী নির্দিষ্ট সময়ের মধ্যে তা জমা দিতে সমস্যায় পড়েন।
এই সমস্যা দূর করতেই ২০১৪ সালের ১০ নভেম্বর কেন্দ্রীয় সরকার চালু করে ‘জীবন প্রমাণ’ প্রকল্প। তৎকালীন ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি দফতরের উদ্যোগে তৈরি এই ব্যবস্থার মূল লক্ষ্য ছিল, লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার জন্য পেনশনভোগীদের আর যাতে সশরীরে ব্যাঙ্ক বা সংশ্লিষ্ট দফতরে যেতে না হয়, তা নিশ্চিত করা।
শুধু সেলফি তুলে আপলোড করলেই কাজ শেষ নয়। এর পিছনে রয়েছে আধারভিত্তিক ফেস অথেন্টিকেশন প্রযুক্তি। এই পদ্ধতিতে পেনশনভোগীর মুখের ছবি আধারে থাকা ছবির সঙ্গে মিলিয়ে পরিচয় নিশ্চিত করা হয়। এই সুবিধা পেতে স্মার্টফোনে দুটি অ্যাপ থাকতে হবে। একটি কেন্দ্রীয় সরকারের ‘জীবন প্রমাণ’ অ্যাপ এবং অন্যটি UIDAI-এর ‘AadhaarFaceRD’ অ্যাপ। দ্বিতীয় অ্যাপটির মাধ্যমে মোবাইলের ক্যামেরা ব্যবহার করে মুখের ছবি তোলা হয়। জীবন প্রমাণ পোর্টালের তথ্য অনুযায়ী, এই পদ্ধতিতে ফিঙ্গারপ্রিন্ট বা চোখের মণি স্ক্যান করার জন্য আলাদা কোনও যন্ত্রের প্রয়োজন নেই।
প্রথমে পেনশনভোগীকে নিজের আধার নম্বর, নাম, মোবাইল নম্বর এবং পেনশন সংক্রান্ত কিছু তথ্য দিতে হবে। এর মধ্যে রয়েছে পেনশন পেমেন্ট অর্ডার (PPO) নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ এবং কোন সংস্থার মাধ্যমে পেনশন দেওয়া হয়, সেই তথ্য।
এরপর প্রয়োজনীয় অপারেটর অথেন্টিকেশন সম্পন্ন করতে হবে। এটি একবারই করতে হয় এবং পেনশনভোগী নিজেও এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। তারপর সম্মতি দেওয়ার পর স্মার্টফোনের ক্যামেরার সামনে নিজের মুখের ছবি তুলতে হবে।
কিন্তু কীভাবে বুঝবে ফোনের ক্যামেরা যে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিই প্রকৃত পেনশনভোগী? আসলে তোলা ছবিটি আধারভিত্তিক ফেস অথেন্টিকেশনের জন্য পাঠানো হয়। UIDAI-এর প্রযুক্তি সেই লাইভ ছবির সঙ্গে সংশ্লিষ্ট আধার নম্বরের সঙ্গে যুক্ত মুখের ছবির তুলনা করে।
UIDAI-এর ব্যাখ্যা অনুযায়ী, এটি ১:১ ম্যাচিং পদ্ধতি। অর্থাৎ, কোটি কোটি মানুষের ছবির মধ্যে থেকে কাউকে খোঁজা হয় না। বরং নির্দিষ্ট আধার নম্বরের সঙ্গে যুক্ত ছবির সঙ্গেই লাইভ ছবিটি মিলিয়ে দেখা হয়। এই ফেস অথেন্টিকেশন সম্পূর্ণ হয় আধারধারীর সম্মতির ভিত্তিতে।
পরিচয় যাচাই সফল হলেই তৈরি হয়ে যায় ডিজিটাল লাইফ সার্টিফিকেট। প্রতিটি সার্টিফিকেটের জন্য তৈরি হয় একটি স্বতন্ত্র পরিচিতি নম্বর, যার নাম ‘প্রমাণ আইডি’ (Pramaan ID)। এরপর পেনশনভোগীর রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি মেসেজ পাঠানো হয়। সার্টিফিকেটটি জীবন প্রমাণের কেন্দ্রীয় ডেটাবেসে জমা থাকে এবং সেখান থেকে পেনশন প্রদানকারী সংস্থা তা সংগ্রহ করতে পারে। ফলে সাধারণত ব্যাঙ্কে গিয়ে প্রিন্ট করা সার্টিফিকেট জমা দেওয়ার প্রয়োজন হয় না।
কেন্দ্রীয় সরকারি পেনশনভোগীদের প্রতি বছর নভেম্বর মাসে লাইফ সার্টিফিকেট জমা দিতে হয়। তবে ৮০ বছর বা তার বেশি বয়সি পেনশনভোগীদের জন্য রয়েছে বিশেষ সুবিধা। তাঁরা প্রতি বছর ১ অক্টোবর থেকেই লাইফ সার্টিফিকেট জমা দিতে পারেন।
তবে মনে রাখতে হবে, সব ধরনের পেনশনভোগীর জন্য লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সময়সীমা এক নয়। যেমন, EPS-95 পেনশনভোগীরা বছরের যে কোনও সময় লাইফ সার্টিফিকেট জমা দিতে পারেন। আগের সার্টিফিকেট জমা দেওয়ার দিন থেকে পরবর্তী এক বছর পর্যন্ত সেটি বৈধ থাকে। তাই কেন্দ্রীয় সরকারি পেনশনভোগীদের জন্য নভেম্বর মাসের সময়সীমাকে সব ধরনের পেনশনের ক্ষেত্রে প্রযোজ্য বলে ধরে নেওয়া ঠিক নয়।