
কলকাতা: দীপাবলি মানেই আলোর উৎসব, আনন্দ ও প্রিয়জনদের নানা উপহার দেওয়ার রীতি। নগদ টাকা, সোনার গয়নাই হোক বা মিষ্টি – উৎসবের মরসুমে অনেক পরিবারই একে অপরকে মূল্যবান উপহার দিয়ে থাকে। তবে বড় অঙ্কের উপহার দেওয়া বা টাকা স্থানান্তরের আগে আয়করের নিয়ম জানা কিন্তু জরুরি। কারণ, দীপাবলিতে উপহার দেওয়া হচ্ছে বলেই কিন্তু তা আপনা থেকে করমুক্ত হয়ে যায় না।
উপহারের ধরণ, দাম, যিনি উপহার দিচ্ছেন তাঁর সঙ্গে যিনি উপহার পাচ্ছেন, তাঁর সম্পর্ক ও আইনি ছাড়ের উপর নির্ভর করে সেই উপহারের করযোগ্যতা। আয়কর আইন, ২০২৫ এর ৯২ (২)(M) ধারা, যা আয়কর আইন ১৯৬১ এর ৫৬ (২) (X ) ধারার অনুরূপ, অনুযায়ী নির্দিষ্ট কিছু উপহার বিনামূল্যে বা আসল দামের তুলনায় কম দামে পাওয়া হলে প্রাপকের অন্যান্য ‘উৎস থেকে আয় (Income from other sources)’ হিসেবে করযোগ্য হতে পারে।
কখন দীপাবলির উপহারে আয়কর দিতে হতে পারে?
নগদ সোনা-সহ নির্দিষ্ট অস্থাবর সম্পত্তি ও স্থাবর সম্পত্তির ক্ষেত্রে ৫০ হাজার টাকার সীমা গুরুত্বপূর্ণ। তবে উপহারের ধরণ অনুযায়ী কর গণনার নিয়ম আলাদা।
নগদ – কোনও ব্যক্তি বিনামূল্যে পাওয়া নগদ উপহারের মোট মূল্য একটি করবর্ষে ৫০ হাজার টাকা ছাড়িয়ে গেলে সাধারণত সম্পূর্ণ অঙ্কটিই করযোগ্য হতে পারে। নির্দিষ্ট অস্থাবর সম্পত্তি যদি এই অঙ্ক ছাড়িয়ে যায়, তাহলে সম্পূর্ণ বাজারমূল্য করযোগ্য হয়ে যায়।
কম দামে অস্থাবর সম্পত্তি কেনা- সম্পত্তির মোট বাজারমূল্য ও প্রদত্ত মূল্যের মধ্যে পার্থক্য ৫০ হাজার টাকার বেশি হলে সেই পার্থক্য বা দামের ওই তারতম্যের উপর করযোগ্য হতে পারে। বিনামূল্যে বাড়ি বা জমি পেলে সম্পত্তির স্ট্যাম্প ডিউটি মূল্য ৫০ হাজার টাকা ছাড়িয়ে গেলে সম্পূর্ণ স্ট্যাম্প ডিউটির মূল্য করযোগ্য হওয়ার সম্ভাবনা আছে। তবে যদি স্ট্যাম্প ডিউটির মূল্য ও প্রদত্ত মূল্যের পার্থক্য ৫০ হাজার টাকা বা প্রদত্ত মূল্যের ১০% হয় – তাহলে করযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে।
আত্মীয়দের কাছ থেকে উপহার পেলে কি কর দিতে হয়?
নির্দিষ্ট আত্মীয়দের কাছ থেকে পাওয়া উপহারের ক্ষেত্রে আয়কর আইনে গুরুত্বপূর্ণ ছাড় রয়েছে। এই তালিকায় রয়েছেনা স্বামী-স্ত্রী, ভাই-বোন, শালা/শালী-ননদ সম্পর্কে পড়েন। দীপাবলিতে ভাই বা বোনের কাছ থেকে নগদ টাকা বা সোনার গয়না উপহার হিসেবে পেলে সাধারণত আত্মীয়তার ভিত্তিতে কর ছাড় পাওয়া যেতে পারে, প্রযোজ্য আইনি শর্ত সাপেক্ষে। তবে বন্ধু বা সহকর্মী দামি উপহার দিলে উপহারের মূল্য অনুযায়ী তা করযোগ্য হওয়ার সম্ভাবনা থেকে যায়।
যদি আপনার অফিসের বস আপনাকে মূল্যবান উপহার দেন, তাহলে আয়কর বিধি ২০২৬ অনুযায়ী, কর্মচারীকে দেওয়া উপহারের মূল্য ১৫ হাজার টাকার কম হলে তার ক্ষেত্রে কোনও কর দিতে হয় না। এর পাশাপাশি এটাও মনে রাখা দরকার, দীপাবলির উপহারের উপর আয়কর দিতে হবে কি না, তা নির্ভর করে সংশ্লিষ্ট আইন বা উপহারের উপর, উৎসবের উপর নয়। আগে থেকে এই নিয়মগুলি জেনে নিলে সহজেই উৎসবের আনন্দ উপভোগ করা যায়।