
– সৌরভ চক্রবর্তী
কলকাতা: সকালে ঘুম ভেঙে হোক বা রাতে বিছানায় ঘুমনো—স্মার্টফোনের পর্দা ও ল্যাপটপের কিবোর্ডে আঙুল ছোঁয়ানোই এখন আমাদের অভ্যাস। কোনও প্রয়োজনে হোক বা স্রেফ কৌতূহলে, প্রতিদিন কত অচেনা ওয়েবসাইটেই ঢুঁ মারি আমরা। আর পেজটা খুলতে না খুলতেই চোখের সামনে ভেসে ওঠে একটা বিরক্তিকর পপ-আপ—‘Accept All Cookies’।
লেখাটা ঠিকমতো কেউই পড়ি না। মূল খবর দেখার তাড়ায় আমরা প্রায় চোখ বুজেই ওতে ক্লিক করে দিই। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, ওই এক ক্লিকের আড়ালে নিজের অজান্তেই কতটা অরক্ষিত হয়ে পড়ছেন আপনি?
কুকিজ গ্রহণ করা মানে আসলে কী?
সহজ কথায় বলতে গেলে, কুকিজ হলো ছোট্ট এক টুকরো ডিজিটাল চিরকুট, যা ওয়েবসাইট আপনার ব্রাউজারে রেখে দেয়। আপনি যখন ‘Accept All’-এ প্রেস করেন, তখন আসলে আপনি সাইটটিকে আপনার ওপর নজরদারি করার অবাধ ছাড়পত্র দিয়ে দেন।
এর ফলে কী কী তথ্য বাইরে চলে যায়?
প্রথমত, আপনি ওই সাইটে কোন পাতায় কতক্ষণ দাঁড়াচ্ছেন, কী খুঁজছেন—তার পুরো হিসেবটা ওদের হাতে চলে যায়। পাশাপাশি আপনার ডিভাইসের মডেল, ব্রাউজারের ধরন, এমনকি আইপি অ্যাড্রেসের সূত্র ধরে আপনি শহরের কোথায় বসে আছেন, তাও বোঝা যায়।
সবচেয়ে চিন্তার বিষয় হলো ‘থার্ড-পার্টি ট্র্যাকিং’। ধরুন, আপনি কোনো সাইটে ঘুরতে ঘুরতে একবার জুতো বা ঘড়ির খোঁজ করলেন। পরক্ষণেই দেখবেন ফেসবুক বা ইউটিউব খুললেই সেই একই জুতোর বিজ্ঞাপন আপনাকে তাড়া করে বেড়াচ্ছে। আসলে আপনার পছন্দের ডেটা বিক্রি হয়ে যাচ্ছে বিজ্ঞাপনদাতাদের বিশাল বাজারে। তাই অচেনা সাইটে ঢুকলে সবসময় ‘Reject All’ বা শুধু ‘Necessary Cookies’-এ ক্লিক করুন।
ওয়েবসাইটটি আসল না নকল, বুঝবেন কীভাবে?
কুকিজ দেখার আগেই দেখে নেওয়া দরকার, যে ওয়েবসাইট আপনি খুলছেন সেটি আদৌ নিরাপদ কি না। হ্যাকাররা আজকাল নামী কোনও ওয়েবসাইটের হুবহু নকল পেজ তৈরি করে রাখে। তাই কোনও লিংকে ঢোকার পরই সবার আগে নজর দিন উপরের অ্যাড্রেস বারে। ঠিকানার শুরুতে https:// এবং পাশে একটা ছোট্ট তালার (Padlock) চিহ্ন আছে কি না দেখুন। যদি শুধু http:// থাকে, তবে বুঝবেন ওই রাস্তায় বিপদ আছে।
দ্বিতীয়ত, ওয়েবসাইটের নামের বানানটা খুব মন দিয়ে পড়ুন। অনেক সময় আসল নামের সাথে মিল রেখে সামান্য এদিক-ওদিক করে ফাঁদ পাতা হয়। যেমন—আসল সাইটের বদলে নামের শেষে অদ্ভুত কোনও অক্ষর বা সংখ্যা জুড়ে দেওয়া। আর সাইটের একদম নিচে নেমে ‘About Us’ বা ‘Contact’ অংশে একবার চোখ বোলান। ভুয়া সাইটগুলোতে সাধারণত কোনও আসল ঠিকানা বা ল্যান্ডলাইন নম্বর থাকে না, থাকে শুধু একটা দায়সারা ফর্ম।
ব্রাউজারে কোন সেটিংসগুলো চালু রাখলে নিশ্চিন্ত থাকবেন?
সব সময় খালি চোখে বিপদ চেনা সম্ভব নয়। তাই আপনার ফোনের বা কম্পিউটারের ব্রাউজারটিকেই (যেমন গুগল ক্রোম বা এজ) এমনভাবে সাজিয়ে নিন, যাতে কোনো ক্ষতিকর সাইট খুলতে গেলেই ও আপনাকে আগেই আটকে দেয়। এর জন্য মাত্র কয়েকটা সেটিংস বদলে নেওয়া জরুরি:
১. এনহ্যান্সড সেফ ব্রাউজিং (Enhanced Safe Browsing): ক্রোম ব্রাউজারের সেটিংসে গিয়ে ‘Privacy and security’ অংশে ঢুকুন। সেখানে ‘Security’ অপশনে গিয়ে Enhanced protection বেছে নিন। এটি চালু থাকলে কোনও বিপজ্জনক লিংক বা ফিশিং সাইট খোলার আগেই ব্রাউজার রিয়েল-টাইমে তা বিশ্লেষণ করে আপনাকে লাল সংকেত দিয়ে সতর্ক করবে।
২. থার্ড-পার্টি কুকিজ পুরোপুরি বন্ধ রাখুন: সেটিংসের ‘Cookies and other site data’ বা ‘Third-party cookies’ অপশনে গিয়ে Block third-party cookies চালু করে দিন। এতে এক সাইটের তথ্য অন্য সাইট চুরি করে আপনার পিছু নিতে পারবে না।
৩. অলওয়েজ ইউজ সিকিওর কানেকশন (Always use secure connections): সিকিউরিটি সেটিংসের ভেতরেই এই অপশনটি পাবেন। এটি অন করে রাখলে ব্রাউজার সবসময় সুরক্ষিত বা এনক্রিপ্টেড (HTTPS) সাইটগুলোই খুলবে। কোনো অনিরাপদ সাইটে ঢোকার চেষ্টা করলে ব্রাউজার নিজে থেকেই আপনাকে আটকে দেবে।
৪. পপ-আপ এবং রিডাইরেক্ট বন্ধ রাখুন: অনেক সময় অচেনা সাইটে ঢুকলেই আচমকা নতুন ট্যাব খুলে যায় বা স্ক্রিনে অদ্ভুত সব নোটিফিকেশন আসতে থাকে। ‘Site settings’-এ গিয়ে Pop-ups and redirects এবং Notifications অপশন দুটি ‘Don’t allow’ করে রাখুন।
প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে ঠিকই, কিন্তু অসতর্কতার মাশুলও কম নয়। ইন্টারনেটের দুনিয়ায় পা রাখার আগে এই ছোট্ট কয়েকটা অভ্যাস বদলে নিলে অনেক বড় সাইবার বিপদ অনায়াসেই এড়ানো সম্ভব।