
নয়া দিল্লি: মার্চ মাস শেষ। শুরু হয়ে গিয়েছে নতুন অর্থবর্ষ। কিন্তু প্রভিডেন্ট ফান্ডের (Provident Fund) সুদের টাকা নিয়ে কোনও উচ্চবাচ্য নেই। অনেক চাকরিজীবীই ইতিমধ্যে চিন্তায় পড়েছেন যে কবে ইপিএফ অ্য়াকাউন্টে সুদের টাকা (EPF Interest) জমা পড়বে?
প্রতি বছরই ইপিএফও-র সুদের হার ঘোষণা করা হয়। ২০২৫-২৬ অর্থবর্ষেও ইপিএফও-র সুদের হার ৮.২৫ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছিল। সাধারণত অর্থবর্ষের শেষ অর্থাৎ ৩১ মার্চের পর থেকে ইপিএফে সুদের হার দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। তবে শোনা যাচ্ছে, এবার একটু দেরি হতে পারে। পিএফে সুদের টাকা পেতে জুন মাস বা তার পরে অবধি অপেক্ষা করতে হতে পারে।
শ্রম মন্ত্রক সূত্রের খবর, একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচনের কারণেই পিএফের টাকা দিতে দেরি হতে পারে। একেবারে ভোট মেটার পরই পিএফের সুদ নিয়ে ঘোষণা করা হবে। সম্ভবত জুন মাসের আগে কেন্দ্র ইপিএফের সুদ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করবে না। ওই বিজ্ঞপ্তি প্রকাশের পরই সমস্ত ইপিএফও গ্রাহকের অ্যাকাউন্টে সুদের টাকা জমা পড়তে শুরু করবে। জুন থেকে অগস্ট মাসের মধ্য়ে সুদের টাকা ক্রেডিট হবে।
প্রসঙ্গত, প্রতি মাসেই ইপিএফে সুদের হার হিসাব করা হলেও, অর্থবর্ষের শেষে একবারেই এই সুদের টাকা পিএফ অ্যাকাউন্টে জমা পড়ে। পিএফ অ্যাকাউন্টে জমা অর্থের উপরে ভিত্তি করেই সুদের হিসাব করা হয়। পিএফের টাকা দেরিতে জমা পড়লেও, এর জন্য কোনও টাকা কাটা যায় না। সুদের সম্পূর্ণ টাকাই পাওয়া যায়।