
নয়া দিল্লি: পিএফ-এর (PF) ব্যালান্স কত? ক্লেমের স্টেটাস কী? শেষ কয়েকটি লেনদেনই বা কী হয়েছে? আদৌ কি সময়ে সময়ে টাকা জমা পড়ছে? এই সমস্ত তথ্য জানতে আর আলাদা করে ইপিএফও-র (EPFO) ওয়েবসাইট বা অ্যাপ খুলতে হবে না। খুব শীঘ্রই হোয়াটস্যাপের মাধ্যমেই এই পরিষেবা পাবেন পিএফ গ্রাহকরা। জানা গিয়েছে, নতুন পরিষেবা চালুর প্রস্তুতি নিচ্ছে সংস্থা। তবে, দেশজুড়ে ঠিক কবে থেকে হোয়্যাটসঅ্যাপে এই পরিষেবা চালু হবে,তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
শুধু হোয়াটসঅ্যাপ নয়, ইপিএফও-র ডিজিটাল পরিষেবায় (EPFO Digital Service) বড়সড় পরিবর্তনের প্রস্তুতি চলছে। ইউপিআই-এর মাধ্যমে পিএফ-এর টাকা তোলা,চাকরি পরিবর্তনের পর স্বয়ংক্রিয়ভাবে পিএফ ট্রান্সফার-এর মতো একাধিক নতুন ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। দেশজুড়ে পরিষেবা চালুর আগে এই ফিচারগুলির পরীক্ষা চলছে।
সূত্রের খবর, ইপিএফও-র ভেরিফায়েড হোয়াটসঅ্যাপ নম্বরে ‘হ্যালো’ পাঠিয়েই আপনার প্রয়োজনীয় পরিষেবা পেতে পারেন। বিভিন্ন আঞ্চলিক ভাষাতেও পরিষেবা দেওয়ার ব্যবস্থা থাকতে পারে।
হোয়্যাটসঅ্যাপের মাধ্যমে পিএফ ব্যালান্স দেখা, ক্লেমের স্ট্যাটাস জানা, শেষ পাঁচটি লেনদেনের তথ্য, ইপিএফ পাসবুক সংক্রান্ত পরিষেবা, ডিবিটি সংক্রান্ত আপডেট পাওয়ার সুবিধা থাকতে পারে। এর ফলে স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে EPFO-র দৈনন্দিন পরিষেবা আরও সহজে এবং দ্রুত পৌঁছে দেওয়া সম্ভব হবে।
ইপিএফ স্কিম ২০২৬-এর অধীনে পিএফ থেকে চিকিৎসা, পড়াশোনা, বিয়ে, বাড়ি তৈরি বা কেনার মতো কাজের জন্য চাকরিজীবীরা একটি বড় অংশের টাকা তুলে নিতে পারবেন। নতুন নিয়মে আগের টাকা তোলার একাধিক বিভাগকে মূলত তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। একইসঙ্গে পিএফের মোট ব্যালান্সের ২৫ শতাংশ বাধ্যতামূলকভাবে রেখে দেওয়ার নিয়ম চালু করা হয়েছে। অর্থাৎ যোগ্য আবেদনকারীরা সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত টাকা তুলতে পারবেন।