Baby Food: শিশুদের খাবারে মেশানো যাবে না এই দুই উপাদান, বড় পদক্ষেপের পথে FSSAI

Baby Food New Rules: বর্তমান নিয়ম অনুযায়ী, শিশুদের খাবারে কার্বোহাইড্রেটের প্রধান উৎস হিসাবে ল্যাক্টোজ (Lactose) এবং গ্লুকোজ পলিমার (Glucose Polymer) ব্যবহারের সুপারিশ করা হয়। তবে প্রয়োজন হলে নির্দিষ্ট সীমার মধ্যে সুক্রোজ এবং ফ্রুক্টোজ ব্যবহারের অনুমতিও রয়েছে। এবার সেই নিয়মেই পরিবর্তন আনতে চাইছে FSSAI।

Baby Food: শিশুদের খাবারে মেশানো যাবে না এই দুই উপাদান, বড় পদক্ষেপের পথে FSSAI
প্রতীকী ছবিImage Credit source: Tv9bharatbarsh

Oct 18, 2026 | 3:54 PM

নয়া দিল্লি: শিশুদের খাবার (Baby Food) নিয়ে এবার বড় পদক্ষেপের পথে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া (FSSAI)। শিশুদের খাবার নিয়ে একটি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সংস্থার তরফে। ‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস (ফুডস ফর ইনফ্যান্ট নিউট্রিশন) রেগুলেশন, ২০২০’-তে সংশোধনের একটি খসড়া প্রকাশ করেছে খাদ্য নিয়ামক সংস্থা। সেই খসড়ায় ছয় মাস পর্যন্ত বয়সি শিশুদের জন্য তৈরি খাবারে সুক্রোজ (Sucrose) এবং ফ্রুক্টোজ (Fructose) মেশানোর উপর নিষেধাজ্ঞা জারির প্রস্তাব দেওয়া হয়েছে।

সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, শুক্রবার প্রকাশিত ‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস (ফুডস ফর ইনফ্যান্ট নিউট্রিশন) অ্যামেন্ডমেন্ট রেগুলেশন, ২০২৬’-এর খসড়ায় শিশুদের জীবনের প্রথম কয়েক মাসে অতিরিক্ত চিনির ব্যবহার নিয়ন্ত্রণের উপর জোর দেওয়া হয়েছে। মূল উদ্দেশ্য, শিশুদের খাবারের পুষ্টিগুণ ও নিরাপত্তা নিশ্চিত করা। কী কী পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে? কেনই বা এই সিদ্ধান্ত নিতে চাইছে খাদ্য নিয়ামক সংস্থা।

কী কী পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে?

বর্তমান নিয়ম অনুযায়ী, শিশুদের খাবারে কার্বোহাইড্রেটের প্রধান উৎস হিসাবে ল্যাক্টোজ (Lactose) এবং গ্লুকোজ পলিমার (Glucose Polymer) ব্যবহারের সুপারিশ করা হয়। তবে প্রয়োজন হলে নির্দিষ্ট সীমার মধ্যে সুক্রোজ এবং ফ্রুক্টোজ ব্যবহারের অনুমতিও রয়েছে। এবার সেই নিয়মেই পরিবর্তন আনতে চাইছে FSSAI। প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, ছয় মাস পর্যন্ত বয়সি শিশুদের জন্য তৈরি খাবারে সুক্রোজ এবং ফ্রুক্টোজ মেশানোর অনুমতি তুলে নেওয়া হতে পারে।

খসড়ায় স্পষ্টভাবে বলা হয়েছে, ছয় মাস পর্যন্ত বয়সি শিশুদের জন্য তৈরি খাদ্যপণ্যে সুক্রোজ এবং ফ্রুক্টোজ যোগ করা যাবে না। এই প্রস্তাব কার্যকর হলে সংশ্লিষ্ট বয়সের শিশুদের খাবারে এই দুই ধরনের চিনি আর মেশাতে পারবেন না প্রস্তুতকারক সংস্থাগুলি।

কেন এই পরিবর্তন আনতে চাইছে FSSAI?

FSSAI-এর মতে, জন্মের পর প্রথম ছয় মাস শিশুর শারীরিক বৃদ্ধি ও বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে সঠিক এবং পর্যাপ্ত পুষ্টি পাওয়া জরুরি। খাদ্য নিয়ামক সংস্থার উদ্দেশ্য হল, শিশুদের পুষ্টির চাহিদা পূরণের জন্য তৈরি খাবারে যাতে অপ্রয়োজনীয় সুক্রোজ এবং ফ্রুক্টোজ ব্যবহার না করা হয়, তা নিশ্চিত করা। পাশাপাশি, অল্প বয়স থেকেই অতিরিক্ত চিনি খাওয়ার ফলে ভবিষ্যতে যে সমস্ত স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে, সেগুলিও কমাতে চাইছে সংস্থা। বিশেষ করে শৈশবে স্থূলতা এবং খাদ্যাভ্যাসের সঙ্গে সম্পর্কিত অন্যান্য স্বাস্থ্যসমস্যার ঝুঁকি কমানোর বিষয়টিও এই প্রস্তাবের অন্যতম লক্ষ্য।

কবে থেকে কার্যকর হবে নতুন নিয়ম?

এখনও পর্যন্ত এই সংশোধনী চূড়ান্ত হয়নি। FSSAI আপাতত প্রস্তাবিত সংশোধনীর খসড়া প্রকাশ করেছে। সংশ্লিষ্ট পক্ষগুলির কাছ থেকে মতামত চাওয়া হয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যে পাওয়া সমস্ত মতামত ও আপত্তি খতিয়ে দেখবে FSSAI। তারপরই সংশোধনী চূড়ান্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Loading...
Unable to load recommendations.
Follow Us