Gold jewellery hallmarking: দুর্গাপুজোর আগেই বাড়ল সোনার গয়নায় হলমার্কের খরচ! গ্রাহকদেরও বেশি টাকা গুনতে হবে?

BIS hallmarking fee: বিআইএস হলমার্কিং সংশোধনী নিয়ম ২০২৬ (BIS Hallmarking Amendment Regulations, 2026)-এর অধীনে এই পরিবর্তন করা হয়েছে। নতুন নিয়মে প্রতিটি সোনার গয়না বা সামগ্রীর জন্য ৭৫ টাকা হলমার্ক ফি নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে চালানের জন্য ন্যূনতম ফি ২০০ টাকা রাখা হয়েছে।

Gold jewellery hallmarking: দুর্গাপুজোর আগেই বাড়ল সোনার গয়নায় হলমার্কের খরচ! গ্রাহকদেরও বেশি টাকা গুনতে হবে?
প্রতীকী চিত্র।Image Credit source: Pexels

|

Sep 17, 2026 | 12:02 AM

নয়া দিল্লি: উৎসবের মরশুমের আগেই বড় খবর। হলমার্কিংয়ের ফি বাড়াল ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)। নতুন নিয়মে সোনার প্রতিটি গয়না হলমার্ক করার জন্য গয়না ব্যবসায়ীদের ৭৫ টাকা দিতে হবে। আগে এই ফি ছিল ৪৫ টাকা। অর্থাৎ প্রতি গয়নায় হলমার্কিং ফি ৩০ টাকা করে বাড়ানো হয়েছে।

সোনার গয়না কেনার সময় হলমার্ক দেখে নেওয়া বাঞ্চনীয়। সোনার গয়নার বিশুদ্ধতা সম্পর্কে নিশ্চিত হতে সাহায্য করে এই হলমার্ক। তাই এটি যাচাই করে নেওয়া গুরুত্বপূর্ণ।

কবে থেকে নতুন ফি কার্যকর?

নতুন নিয়ম অনুযায়ী, গত ১৪ সেপ্টেম্বর থেকেই সোনার হলমার্কিংয়ের নতুন ফি কার্যকর হয়েছে। বিআইএস হলমার্কিং সংশোধনী নিয়ম ২০২৬ (BIS Hallmarking Amendment Regulations, 2026)-এর অধীনে এই পরিবর্তন করা হয়েছে। নতুন নিয়মে প্রতিটি সোনার গয়না বা সামগ্রীর জন্য ৭৫ টাকা হলমার্ক ফি নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে চালানের জন্য ন্যূনতম ফি ২০০ টাকা রাখা হয়েছে।

গ্রাহককেও কি বেশি টাকা দিতে হবে?

হলমার্কিং ফি ৩০ টাকা বাড়লেও গ্রাহককে প্রতিটি গয়নার জন্য আলাদা করে ৩০ টাকা বেশি দিতেই হবে, এমন কোনও নিয়ম নেই। হলমার্কিংয়ের এই ফি সাধারণত গয়না ব্যবসায়ীরা স্বীকৃত অ্যাসাইং অ্যান্ড হলমার্কিং সেন্টার (Assaying and Hallmarking Centre) বা AHC-তে জমা দেন। ব্যবসায়ীরা চাইলে বাড়তি খরচ নিজেরাই বহন করতে পারেন। আবার চাইলে গয়নার মোট দামের সঙ্গে এই খরচও যোগ করতে পারেন। অর্থাৎ, নতুন ফি বাড়ার পুরো প্রভাব সরাসরি গ্রাহকের উপর পড়বে কি না, তা নির্ভর করবে সংশ্লিষ্ট গয়না ব্যবসায়ীর দামের হিসাবের উপর।

রুপোর হলমার্কিং ফি অপরিবর্তিত-

সোনার ক্ষেত্রে ফি বাড়লেও, রুপোর হলমার্কিংয়ের ফিতে কোনও পরিবর্তন করা হয়নি। রুপোর প্রতিটি সামগ্রীর জন্য আগের মতোই ৩৫ টাকা ফি দিতে হবে। একটি চালানের ক্ষেত্রে ন্যূনতম ফি ধার্য রয়েছে ১৫০ টাকা। বিআইএস (BIS)-কে দেওয়া ফি-র ক্ষেত্রেও নির্দিষ্ট হার রয়েছে। সোনার ক্ষেত্রে এএইচসি (AHC)-কে প্রতিটি সামগ্রীর জন্য বিআইএস-কে ৭ টাকা ৫০ পয়সা দিতে হবে। রুপোর ক্ষেত্রে এই অঙ্ক হল ৩ টাকা ৫০ পয়সা।

হলমার্কিংয়ের খরচ-

নতুন নিয়মে প্রতি চালানের জন্য ন্যূনতম ২০০ টাকা ফি ধার্য করা হয়েছে। ফলে কোনও ব্যবসায়ী যদি হলমার্ক করার জন্য একটি মাত্র সোনার গয়না জমা দেন, তাহলে ৭৫ টাকা নয়, ন্যূনতম ২০০ টাকাই দিতে হবে।

তবে একসঙ্গে একাধিক গয়না জমা দিলে প্রতিটি গয়নার জন্য নির্ধারিত ৭৫ টাকা করে ফি প্রযোজ্য হবে। তাই মোট হলমার্কিং খরচ কত হবে, তা জমা দেওয়া গয়নার সংখ্যার উপরও নির্ভর করবে।

গয়নার দাম কতটা বাড়তে পারে?

হলমার্কিং ফি বাড়লেও গয়নার দাম ঠিক কতটা বাড়বে, তা শুধু এই ফি দিয়ে নির্ধারণ করা যায় না। সোনার বাজারদর, মেকিং চার্জ, কর-সহ একাধিক বিষয় গয়নার চূড়ান্ত দাম ঠিক করে।

হলমার্কিংয়ের খরচও গয়না ব্যবসায়ীর মোট খরচের একটি অংশ। তাই ব্যবসায়ী যদি এই অতিরিক্ত খরচ গয়নার দামের সঙ্গে যোগ করেন, সেক্ষেত্রে গ্রাহকের মোট বিল কিছুটা বাড়তে পারে। তবে প্রতি গয়নায় ঠিক ৩০ টাকা বেশি দিতে হবে, এমনটা বলা যায় না।

গয়না কেনার সময় হলমার্ক দেখে নিন-

সোনার গয়না কেনার সময় BIS হলমার্ক রয়েছে কি না, তা দেখে নেওয়া জরুরি। BIS-এর নিয়ম অনুযায়ী, হলমার্কে সোনার বিশুদ্ধতা সম্পর্কে তথ্য পাওয়া যায়।

হলমার্কযুক্ত সোনার গয়নায় সাধারণত BIS Standard Mark, Purity/Fineness এবং ৬ সংখ্যার HUID নম্বর থাকে। HUID নম্বর ব্যবহার করে গ্রাহক গয়নার হলমার্ক সংক্রান্ত তথ্য যাচাই করতে পারেন।

BIS-এর নির্ধারিত নিয়ম অনুযায়ী ১৪ ক্যারেট, ১৮ ক্যারেট, ২০ ক্যারেট, ২২ ক্যারেট, ২৩ ক্যারেট এবং ২৪ ক্যারেট গ্রেডের সোনার গয়না হলমার্ক করা যায়। তাই গয়না কেনার আগে হলমার্ক ও HUID নম্বর অবশ্যই পরীক্ষা করে নেওয়া উচিত।

Loading...
Unable to load recommendations.
Follow Us