
নয়া দিল্লি: জুলাই মাসের প্রথম দিনেই মিলল সুখবর। স্বস্তি পেট্রোল-ডিজেলের দামে। একধাক্কায় বেশ অনেকটা কমল পেট্রোল-ডিজেলের দাম (Petrol-Diesel Price Cut)। পেট্রোলে লিটার প্রতি পাঁচ টাকা এবং ডিজেলে লিটার প্রতি তিন টাকা করে কমানো হয়েছে। আজ থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।
বিশ্ববাজারে অপরিশোধিত ক্রুড তেলের দাম কমতেই পেট্রোল-ডিজেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি জ্বালানি সংস্থা নায়রা এনার্জি (Nayara Energy)। আজ, ১ জুলাই সংস্থার তরফে ঘোষণা করা হয় যে পেট্রোল ও ডিজেলের দাম কমানো হচ্ছে। প্রতি লিটার পেট্রোলের দাম ৫ টাকা এবং ডিজেলের দাম ৩ টাকা কমিয়েছে সংস্থা।
আজ থেকে নায়রা এনার্জির দেশজুড়ে সমস্ত পেট্রোল পাম্পেই সস্তায় পেট্রোল-ডিজেল পাওয়া যাবে। দেশজুড়ে ৭,০০০-এরও বেশি পেট্রোল পাম্প রয়েছে নায়রা এনার্জির।
সংস্থার তরফে জানানো হয়েছে, পশ্চিম এশিয়ায় উত্তেজনা কমায় এবং অপরিশোধিত তেল সরবরাহ স্বাভাবিক হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। এই সুবিধা গ্রাহকদের কাছে পৌঁছে দিতেই নায়রা এনার্জি জ্বালানির দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এর আগে যখন জ্বালানি সঙ্কট দেখা দিয়েছিল, তখন নায়রা এনার্জিই প্রথম দাম বাড়িয়েছিল পেট্রোল-ডিজেলের।
নায়রা এনার্জি দাম কমালেও রাষ্ট্রীয় মালিকানাধীন তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল (IOC), ভারত পেট্রোলিয়াম (BPCL) এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম (HPCL) এখনও পেট্রোল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন করেনি। এখনও প্রতি লিটার পেট্রোল ১১৩ টাকায় এবং ডিজেল লিটার প্রতি ৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।