Gratuity New Rules: ১ এপ্রিল থেকে বদলে গিয়েছে Gratuity-র নিয়ম, আপনার বেতন কি কমে যাবে?

New Gratuity Rules India: ১ এপ্রিল থেকে নতুন শ্রম কোড চালু হয়েছে। সেখানেই পারিশ্রমিকের নতুন নিয়ম চালু হয়েছে। গ্রাচুয়িটির নতুন নিয়মে আপনার বেতন, পিএফে জমা অর্থ ও অবসরকালীন ফান্ডের উপরে প্রভাব পড়তে চলেছে। গ্রাচুয়িটির নিয়মে সংযোজন হয়েছে '৫০ শতাংশ পারিশ্রমিক'।

Gratuity New Rules: ১ এপ্রিল থেকে বদলে গিয়েছে Gratuity-র নিয়ম, আপনার বেতন কি কমে যাবে?
প্রতীকী চিত্র।Image Credit source: Firdous Nazir/NurPhoto via Getty Images

|

Apr 03, 2026 | 4:41 PM

নয়া দিল্লি: ১ এপ্রিল থেকে বদলেছে একাধিক নিয়ম। এর মধ্যে অন্যতম হল গ্রাচুয়িটির (Gratuity) নিয়ম। আর এই নিয়ম বদলাতেই সকলের বেড়েছে চিন্তা। কেন? কারণ গ্রাচুয়িটির নতুন নিয়মে আপনার বেতন, পিএফে জমা অর্থ ও অবসরকালীন ফান্ডের উপরে প্রভাব পড়তে চলেছে। গ্রাচুয়িটির নিয়মে সংযোজন হয়েছে ‘৫০ শতাংশ পারিশ্রমিক’ (50 Percent Wage)। এই এই নিয়ম, সহজে বুঝে নিন-

১ এপ্রিল থেকে নতুন শ্রম কোড (Labour Code) চালু হয়েছে। সেখানেই পারিশ্রমিকের নতুন নিয়ম চালু হয়েছে। নতুন সংজ্ঞায় বলা হয়েছে পারিশ্রমিক বেতনের অন্তত ৫০ শতাংশ হতে হবে।  এই নতুন সংজ্ঞায় গ্রাচুয়িটি ও প্রভিডেন্ট ফান্ডের অনুদান বাড়বে। পিএফ, গ্রাচুয়িটিতে বেশি টাকা জমা হলে, ইন হ্যান্ড স্যালারি (In Hand Salary) অর্থাৎ কেটেকুটে হাতে যে বেতন পান, তা কিছুটা কমে যেতে পারে।  

কবে থেকে গ্রাচুয়িটি পাওয়া যাবে?

আগে নিয়ম ছিল, কোনও কোম্পানি বা সংস্থায় পাঁচ বছর পূর্ণ করার পরই গ্রাচুয়িটি পাওয়া যাবে। নতুন নিয়মে বলা হয়েছে, চাকরির এক বছর পূরণ করলেই গ্রাচুয়িটি পাওয়া যাবে। ফিক্সড টার্মড এমপ্লয়ি অর্থাৎ স্থায়ী কর্মী যারা, তারা এক বছর চাকরি করলেই গ্রাচুয়িটি পাবেন। নতুন নিয়মে গ্রাচুয়িটির হিসাবে নোটিস পিরিয়ডও ধরা হবে। এর ফলে কর্মীদের আরও সুবিধা হবে।

নোটিস পিরিয়ডও কর্মজীবনের মেয়াদের হিসাবে অন্তর্ভুক্ত হবে। যদি কোনও কর্মী ১১ মাস চাকরি করেন এবং পরে ২ মাস নোটিস পিরিয়ডে কাজ করেন, তাহলে ওই কোম্পানিতে তাঁর মোট কর্মজীবন হবে ১ বছর ১ মাস। সেক্ষেত্রে তিনিও গ্রাচুয়িটি পাবেন।

অবসর নিলে বা চাকরি থেকে ইস্তফা দিলে, মৃত্যু হলে কিংবা কোনও কারণে শারীরিকভাবে অক্ষম হয়ে গেলেও গ্রাজুয়িটি পাওয়া যাবে।

ওভারটাইমের ক্ষেত্রেও সুবিধা রয়েছে। ওভারটাইম পারিশ্রমিকের ৫০ শতাংশও হিসাবের অন্তর্গত হবে।

গ্রাচুয়িটির হিসাব কীভাবে হবে?

শেষ পাওয়া বেতন, মোট কত বছর চাকরি করছেন, সেই সংখ্যার সঙ্গে ১৫ গুণ করে, ২৬ দিয়ে ভাগ করলেই বেরিয়ে যাবে গ্রাচুয়িটি বাবদ কত টাকা পাবেন।

বেসরকারি চাকরিজীবীরা সর্বাধিক ২০ লক্ষ টাকা এবং সরকারি কর্মীদের জন্য সর্বাধিক ২৫ লক্ষ টাকা দেওয়া হয় গ্রাচুয়িটি বাবদ।

কখন গ্রাচুয়িটি পাওয়া যায়?

নিয়ম অনুযায়ী, চাকরি ছাড়ার ৩০ দিনের মধ্যে কোম্পানিকে ওই কর্মীকে গ্রাচুয়িটি দিতে হবে।

কবে থেকে এই নিয়ম কার্যকর হবে?

২০২৫ সালের ২১ নভেম্বর থেকে নতুন বেতনের সংজ্ঞা কার্যকর হয়েছে। তার ফলে এই তারিখের পর থেকে যারা চাকরিতে যোগ দিয়েছেন, তারা নতুন নিয়মে চাকরি জীবনের এক বছর পূরণ করার পরই গ্রাচুয়িটি পাবেন।

১১ মাসের কনট্রাক্টের কর্মীরা কি গ্রাচুয়িটি পাবেন?

এই প্রশ্ন অনেকেরই। কেন্দ্রের নিয়মে স্পষ্ট বলা হয়েছে, গ্রাচুয়িটি পাওয়ার জন্য অন্তত ১ বছর কাজ করতে হবে।

Follow Us