India GDP Growth: যুদ্ধের আবহেও ছুটছে ভারতের অর্থনীতি! GDP নিয়ে সুখবর দিল IMF, পিছিয়ে চিন-রাশিয়া

IMF World Economic Outlook 2026: আইএমএফের সাম্প্রতিক ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক রিপোর্ট অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবর্ষে ভারতের GDP বৃদ্ধির হার হতে পারে ৭ শতাংশ। গত জুলাই মাসে এই বৃদ্ধির হার ৬.৪ শতাংশ হবে বলে অনুমান করা হয়েছিল। অর্থাৎ, মাত্র কয়েক মাসের মধ্যেই ভারতের বৃদ্ধির পূর্বাভাস ০.৬ শতাংশ পয়েন্ট বাড়ানো হয়েছে।

India GDP Growth: যুদ্ধের আবহেও ছুটছে ভারতের অর্থনীতি! GDP নিয়ে সুখবর দিল IMF, পিছিয়ে চিন-রাশিয়া
প্রতীকী চিত্র।Image Credit source: Getty Image

Oct 13, 2026 | 10:00 AM

নয়া দিল্লি: বিশ্বজুড়ে যুদ্ধের আবহ। বাড়ছে অপরিশোধিত তেলের দাম। তার মধ্যেও দ্রুত গতিতে এগোচ্ছে ভারতীয় অর্থনীতি। ভারতের অর্থনীতি নিয়ে বড় সুখবর শোনাল আন্তর্জাতিক মুদ্রা তহবিল। চলতি অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির পূর্বাভাস এক ধাক্কায় অনেকটাই বাড়াল আইএমএফ। আগে যেখানে ৬.৪ শতাংশ বৃদ্ধির অনুমান করা হয়েছিল, এবার তা বাড়িয়ে ৭ শতাংশ করা হয়েছে। অর্থাৎ, বিশ্বের একাধিক বড় দেশের অর্থনীতিতে চাপ তৈরি হলেও ভারতের অর্থনীতি শক্তিশালী অবস্থানেই রয়েছে বলে মনে করছে আন্তর্জাতিক সংস্থাটি।

ভারতের জিডিপি কত বাড়তে পারে?

আইএমএফের সাম্প্রতিক ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক রিপোর্ট অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবর্ষে ভারতের GDP বৃদ্ধির হার হতে পারে ৭ শতাংশ। গত জুলাই মাসে এই বৃদ্ধির হার ৬.৪ শতাংশ হবে বলে অনুমান করা হয়েছিল। অর্থাৎ, মাত্র কয়েক মাসের মধ্যেই ভারতের বৃদ্ধির পূর্বাভাস ০.৬ শতাংশ পয়েন্ট বাড়ানো হয়েছে।

শুধু চলতি অর্থবর্ষই নয়, আগামী ২০২৭-২৮ অর্থবর্ষেও ভারতের জিডিপি বৃদ্ধির হার ৭ শতাংশ থাকতে পারে বলে জানিয়েছে আইএমএফ। আগে ওই অর্থবর্ষে ৬.৭ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছিল।

প্রসঙ্গত, কয়েক দিন আগেই রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI) চলতি অর্থবর্ষে দেশের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৭.১ শতাংশ করেছে। এবার আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের রিপোর্টেও ভারতের অর্থনীতি নিয়ে ইতিবাচক বার্তা মিলল।

ভারতের অর্থনীতি কী জানিয়েছএ IMF?

ভারতের আর্থিক বৃদ্ধির পূর্বাভাস বাড়ানোর পিছনে একাধিক কারণ তুলে ধরেছে আইএমএফ। সংস্থার মতে, দেশের বাজারে পণ্য ও পরিষেবার চাহিদা যথেষ্ট শক্তিশালী রয়েছে। সাধারণ মানুষের কেনাকাটা,ব্যবসা-বাণিজ্য এবং পরিষেবা ক্ষেত্রের ভাল পারফরম্যান্স অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। পাশাপাশি, ভারতের বিপুল জনসংখ্যা, বড় অভ্যন্তরীণ বাজার এবং বিভিন্ন অর্থনৈতিক সংস্কারও বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। বিশেষ করে পরিষেবা ক্ষেত্রের শক্তিশালী অবস্থান ভারতের অর্থনীতিকে আরও গতি দিচ্ছে।

যুদ্ধের আবহেও ছুটছে ভারতের অর্থনীতি

বর্তমানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পাশাপাশি আমেরিকা-ইরান সংঘাতের জেরে বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি ভারতের মতো তেল আমদানি নির্ভর দেশের জন্য বড় উদ্বেগের কারণ।

আইএমএফের অনুমান, ২০২৬ সালে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের গড় দাম ব্যারেল প্রতি ৯৫.৭৪ ডলারে পৌঁছতে পারে। যা ২০২৫ সালের তুলনায় প্রায় ৪১ শতাংশ বেশি। তবে ২০২৭ সালে সেই দাম প্রায় ৯ শতাংশ কমে ব্যারেল প্রতি ৮৭.৩৯ ডলারে নামতে পারে। তেলের দাম বাড়লেও দেশের বাজারে চাহিদা এবং পরিষেবা ক্ষেত্রের শক্তিশালী অবস্থানের কারণে ভারতের আর্থিক বৃদ্ধির গতি বজায় রয়েছে বলে জানিয়েছে আইএমএফ।

চিন-রাশিয়ার অর্থনীতিতে ধাক্কার আশঙ্কা

ভারতের অর্থনীতি নিয়ে আশাবাদী হলেও চিন, রাশিয়া, ব্রাজিল এবং মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের অর্থনীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আইএমএফ। সংস্থার পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে এই অর্থনীতির দেশগুলির সম্মিলিত বৃদ্ধির হার হতে পারে ৩.৭ শতাংশ। আগে তা ৩.৮ শতাংশ হবে বলে অনুমান করা হয়েছিল।

অন্যদিকে, জার্মানি এবং ব্রিটেনের অর্থনীতিও উন্নত হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে জার্মানির বৃদ্ধির হার ০.৭ শতাংশ থেকে বাড়িয়ে ১.৩ শতাংশ করা হয়েছে। ব্রিটেনের ক্ষেত্রেও ১ শতাংশ থেকে বাড়িয়ে ১.৩ শতাংশ করা হয়েছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us