Income Tax Raid হতে পারে যখন-তখন, বাড়িতে কত পরিমাণ সোনার গহনা রাখা যায় জানেন?
Income Tax Gold Limit India: আপনি জানেন কি বাড়িতে একটা নির্দিষ্ট পরিমাণের বেশি সোনার গহনা রাখলে আয়কর দফতর বাড়িতে হানা দিতে পারে। যদি সঠিক নথি না দেখাতে পারেন, তাহলে আপনার সোনার গহনা বাজেয়াপ্তও করতে পারে আয়কর দফতর।

কলকাতা: সোনা শুধু গহনা নয়, এটিকে স্ত্রী ধন বলা হয়। শুধু সাজসজ্জাকে আরও আকর্ষণীয় করতে নয়, সোনার অলঙ্কার সঙ্কটের সময়ে বিপদ থেকেও উদ্ধার করে। অনেকেই ব্যাঙ্কের লকারে সোনার গহনা তুলে রাখেন। তবে যেহেতু ব্যাঙ্ক-কেও ভরসা করেন না অনেকে, তারা বাড়িতেই সোনার গহনা (Gold Jewellery) সুরক্ষিত রাখেন। তবে আপনি জানেন কি বাড়িতে একটা নির্দিষ্ট পরিমাণের বেশি সোনার গহনা রাখলে আয়কর দফতর বাড়িতে হানা দিতে পারে। যদি সঠিক নথি না দেখাতে পারেন, তাহলে আপনার সোনার গহনা বাজেয়াপ্তও করতে পারে আয়কর দফতর।
বাড়িতে সোনার গহনা রাখা থাকলেও, অনেকেই সোনার গহনা নিয়ে আয়করের নিয়ম সম্পর্কে জানেন না। আইনত কতটা সোনা রাখা যায় বাড়িতে? কতটা সোনা রাখলে বাড়ির দরজায় কড়া নাড়বে না আয়কর দফতর?
নিয়ম অনুযায়ী, ভারতে কোনও ব্যক্তি বা পরিবার মোট কত পরিমাণ সোনা রাখতে পারবেন, তার নির্দিষ্ট সীমা বেধে দেওয়া নেই। তবে সেই সোনা অবশ্যই বৈধভাবে কিনতে হবে। আপনাকে আয়ের সূত্র কী, তা জানাতে হবে।
যদি কোনও কারণে আয়কর দফতর তল্লাশি অভিযান চালায়, সেক্ষেত্রে সোনার গহনা নিয়ে কী নিয়ম, তা ব্যাখ্যা করা রয়েছে সিবিডিটি-র গাইডলাইনে। এই গাইডলাইন অনুযায়ী-
- বিবাহিত মহিলাদের কাছে সর্বাধিক ৫০০ গ্রাম পর্যন্ত সোনার গহনা রাখা যায়। এক্ষেত্রে বৈধ নথি না থাকলেও সমস্যা নেই। আয়কর দফতর এই সোনা বাজেয়াপ্ত করতে পারে না।
- অবিবাহিত মহিলাদের কাছে সর্বাধিক ২৫০ গ্রাম সোনার গহনা থাকতে পারে।
- পুরুষদের কাছে সর্বাধিক ১০০ গ্রাম পর্যন্ত সোনার গহনা থাকলে, আয়কর দফতর তা বাজেয়াপ্ত করতে পারে না।
- যদি এই সীমার বেশি সোনার গহনা থাকে, তাহলেও তা যে বেআইনি, এমন নয়। তবে এক্ষেত্রে আয়কর দফতর প্রশ্ন করতে পারে যে এই গহনা এল কোথা থেকে।
কী কী প্রমাণ দিতে হবে?
- যদি আয়কর দফতর প্রমাণ দেখতে চায়, তাহলে গহনা কেনার বিল, ব্যাঙ্ক রেকর্ড, আইটিআর বা উত্তরসূরী প্রাপ্তে যে গহনা পেয়েছেন, তার প্রমাণ দেখাতে হবে।
- যদি কোনও বিল না থাকে, তাহলে ভ্যালুয়েশন রিপোর্ট, হলফনামা বা আর্থিক ক্ষমতার প্রমাণ দেখাতে হবে।
- এছাড়া সোনার উইল, উত্তরসূরী সার্টিফিকেট, গিফ্ট ডিড দেখাতে হতে পারে।
- যদি সোনার গহনা উপহার পান, তাহলে তার রেকর্ড, ছবি ও কোন অনুষ্ঠানে এই সোনার গহনা পেয়েছেন, তার প্রমাণ রাখা উচিত।
- সোনার গহনা কেনার ক্ষেত্রে ২ লক্ষ টাকার বেশি নগদে পেমেন্ট করা যায় না। যদি লেনদেন করেন, সেক্ষেত্রে প্য়ান নম্বর উল্লেখ করা বাধ্যতামূলক।
সিবিডিটির লিমিটের বেশি সোনা থাকলে, কী হবে?
যদি কোনও পরিবারের কাছে তাদের আয়ের তুলনায় অনেক বেশি পরিমাণে সোনা থাকে, তাহলে আয়কর দফতর এই সোনার গহনা কোথা থেকে এল, তার ব্যাখ্যা চাইতে পারে। আপনার আয় নিয়ে সন্দেহ থাকলে, সিবিডিটির সীমার মধ্যেও সোনার গহনা থাকলেও আয়কর দফতর ব্যাখ্যা চাইতে পারে।
