
কলকাতা : এই মুহূর্তে দেশে সবচেয়ে জরুরী পণ্য ডেলিভারি কোম্পানি হিসেবে নানা ই-কমার্স সংস্থাগুলোর নাম মাথায় আসে। মোবাইলে বুক করলেই মিনিটের মধ্যে বাড়ি বয়ে এসে ডেলিভারি করে দিয়ে যায় সংস্থার ডেলিভারি বয়রা। খাবার হোক বা জামা কাপড়, ফল হোক বা জলের বোতল – সবকিছুই এখন অনলাইনে ডেলিভারি করা হয়। এবার একই তালিকায় নাম লেখাল ইন্ডিয়া পোস্ট। দেশের এই মুহূর্তে ই-কমার্সের ক্রমবর্ধমান চাহিদা ও পার্সেল ডেলিভারির ভবিষ্যৎকে মাথায় রেখে আরও দ্রুততর ডাক পরিষেবা চালু করল ইন্ডিয়া পোস্ট। এই নতুন পরিষেবার নাম ২৪ স্পিড পোস্ট। একটি বিশেষ ঊদ্দেশ্য়ে এই পরিষেবা চালু করল তারা। এদের মূল লক্ষ্য় হল একদিনের মধ্যে পার্সেল পৌঁছে দেওয়া।
আগামী ১৭ মার্চ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়া পোস্টের এই ২৪ ঘন্টা স্পিড পোস্টের পরিষেবা। নয়াদিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করতে চলেছেন। প্রাথমিক অবস্থায় দেশের ৬টি শহরে এই পরিষেবার সুবিধে পাওয়া যাবে। শহরগুলি হল, কলকাতা, মুম্বই, দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দ্রাবাদ। ধীরে ধীরে এই পরিষেবা দেওয়া শুরু করবে ইন্ডিয়া পোস্ট। ডাক বিভাগের লক্ষ্য, এই শহরের সমস্ত পার্সেল যেন ২৪ ঘন্টার মধ্যে নিজের গন্তব্যে পৌঁছে যায়।
উন্নত ব্যবস্থার ব্যবহার –
নির্ধারিত সময়ে ডেলিভারি পৌঁছে দিতে ইন্ডিয়া পোস্ট বিশেষ ‘ডেলিভারি উইন্ডো’ ব্যবহার করবে। ডেলিভারির গুরুত্ব বুঝে আকাশপথও ব্যবহার করতে পারে তারা। পার্সেলের নিরাপত্তা নিশ্চিত করতে OTP যাচাই করার মাধ্যমে ডেলিভারি নেওয়া হবে। এছাড়া SMS এর মাধ্যমে গ্রাহকরা ডেলিভারির Real Time Tracking পাবেন। এছাড়াও যদি নির্দিষ্ট সময়ের মধ্যে পার্সেল পৌঁছাতে দেরি হয়, তাহলে গ্রাহকদের টাকা ফেরত দেওয়া হবে।
ব্যবসায়ীদের জন্যেও বিশেষ সুবিধে প্রদান করবে ইন্ডিয়া পোস্ট। ব্যবসায়ীরা এখন থেকে আগে পার্সেল পাঠিয়ে পরে বিল পেমেন্ট করতে পারবেন। বাল্ক অর্ডারের ক্ষেত্রে ডাকবিভাগের কর্মীরা সরাসরি প্রতিষ্ঠান থেকেই অর্ডার সংগ্রহ করবেন। এছাড়াও API ইন্টিগ্রেশনের মাধ্যমে তাদের সিস্টেমের সঙ্গে সরাসরি ট্র্যাক করতে পারবে কোম্পানিরা।
কেন্দ্রীয় সরকারের আশা, এরফলে বেসরকারি ক্যুরিয়ার সংস্থাগুলির সঙ্গে প্রতিযোগিতা করে ইন্ডিয়া পোস্ট আরও শক্তিশালী ভাবে অবস্থান করবে এবং গ্রহণযোগ্য হয়ে উঠবে সাধারণ মানুষের কাছে।