Indian Rupee : টাকা এই প্রথম এত সস্তা !

Indian Rupee : সোমবার মার্কিন ডলারের ভিত্তিতে ভারতীয় মুদ্রার দাম ছিল ৯১.৮৭ টাকা। মঙ্গলবার সরকারি ছুটির কারণে বাজার বন্ধ ছিল। বুধবার দেখা গেল, সোমবারের তুলনায় টাকার দাম আরও খানিকটা পড়েছে। আজ, মার্কিন ডলারের সাপেক্ষে প্রায় ০.৭ টাকা বেড়েছে। সেক্ষেত্রে, ভারতীয় মুদ্রার দাম হয়েছে ৯২.১৭ টাকা। এখনও পর্যন্ত রেকর্ড পতন বলা হচ্ছে।

Indian Rupee : টাকা এই প্রথম এত সস্তা !
টাকার দামে রেকর্ড পতন Image Credit source: x

|

Mar 04, 2026 | 3:34 PM

নয়া দিল্লি : মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাব পড়ছে সর্বত্র। তেলের চাহিদা বাড়ছে। সোনার দাম হুহু করে বাড়ছে। শেয়ার বাজারে ধস। সেনসেক্স-নিফটি হু হু করে পড়ছে। প্রবল সংকটের মুখে বিশ্ব অর্থনীতি। এই আবহে আরও চিন্তা বাড়িয়ে টাকার দামে রেকর্ড পতন। হু হু করে পড়ছে টাকার দাম। যুদ্ধ চলতে থাকলে বিশ্ব অর্থনীতিতে কোথায় পৌঁছবে, সেই নিয়ে আশঙ্কায় রয়েছেন অর্থনীতিবিদরা।

বুধবার কত পড়ল টাকার দাম ?

সোমবার মার্কিন ডলারের ভিত্তিতে ভারতীয় মুদ্রার দাম ছিল ৯১.৮৭ টাকা। মঙ্গলবার সরকারি ছুটির কারণে বাজার বন্ধ ছিল। বুধবার দেখা গেল, সোমবারের তুলনায় টাকার দাম আরও খানিকটা পড়েছে। আজ, মার্কিন ডলারের সাপেক্ষে প্রায় ০.৭ টাকা বেড়েছে। সেক্ষেত্রে, ভারতীয় মুদ্রার দাম হয়েছে ৯২.১৭ টাকা। এখনও পর্যন্ত রেকর্ড পতন বলা হচ্ছে।

কী কারণে টাকার দাম পড়ল ?

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে বিশ্ববাজারে তেলের চাহিদা বেড়েছে। দাম বেড়েছে অপরিশোধিত তেলের। আর তেলের দাম বাড়ার কারণে ডলার বেশি খরচ হয়। এদিকে ডলার বেশি খরচ হওয়ার কারণে ডলারের চাহিদাও বৃদ্ধি পায়। যার ফলে টাকার দাম পড়ছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে আরও পড়তে পারে টাকার দাম।

তেলের দাম কত বাড়ল?

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ছে। এখনও পর্যন্ত ৮.৬ শতাংশ পর্যন্ত বেড়েছে তেলের দাম। ব্যারেল প্রতি তেলের দাম বেড়েছে ৮০ ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় সাত হাজারের বেশি। শুক্রবারও ব্যারেল প্রতি তেল বিক্রি হয়েছে ৬৭ ডলারে। যা ভারতীয় মুদ্রায় ৬ হাজার ১৮২ টাকা।

বড়সড় তেল সংকটের মুখে পড়তে পারে ভারত। ভারতের কাছে কি অন্য কোন বিকল্প রয়েছে? ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছে রাশিয়া। পুতিনের দেশ জানিয়েছে, কোনও সমস্যা হলে ভারত তেল সরবরাহ করতে প্রস্তুত রয়েছে রাশিয়া। কিন্তু, মার্কিন প্রেসিডেন্টের শুল্ক হুমকির পর থেকেই রাশিয়ার থেকে তেল আমদানি কমিয়েছিল ভারত। ফের যদি রাশিয়ার থেকে তেল কেনা বাড়ায় ভারত, তাহলে ট্রাম্পের শুল্কবাণের মুখে পড়তে হতে পারে।

এদিকে, বুধবারও শেয়ারবাজারে ধস নামে। সেনসেক্স ও নিফটির বড় পতন লক্ষ্য করা গিয়েছে। সকাল ৯টা ১৬ মিনিটের রিপোর্ট অনুযায়ী, নিফটি পড়ে যায় ৪৮৫ পয়েন্ট। ২৪ হাজার ৪০০ পয়েন্টে পৌঁছয় নিফটি৫০। প্রায় ১.৯৫ শতাংশ কমেছে নিফটি। সেনসেক্স পড়েছে প্রায় দেড় হাজার পয়েন্টের বেশি। এদিন ৭৮ হাজার ৫৯৪ পয়েন্ট পৌঁছয় সেনসেক্স।