
কলকাতা: পশ্চিম এশিয়ার সঙ্কটের জেরে জেট ফুয়েলের দাম দীর্ঘদিন ধরে চড়া থাকায় ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল উড়ানে জ্বালানি সারচার্জ বাড়ানোর ঘোষণা করল ইন্ডিগো (Indigo)। আগামী মঙ্গলবার ৬ অক্টোবর থেকে নতুন হার কার্যকর হবে। এর ফলে বিমান ভাড়া আরও বাড়তে চলেছে। দেশের বৃহত্তম বিমান সংস্থা জানিয়েছে, দূরত্বের ভিত্তিতে দেশীয় উড়ানের ক্ষেত্রে জ্বালানি চার্জ ১০০ টাকা ৩৫০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। অন্যদিকে, আন্তর্জাতিক উড়ানে বৃদ্ধির পরিমাণ আরও বেশি। আন্তর্জাতিক যাত্রীদের ক্ষেত্রে প্রতি সেক্টরে সর্বোচ্চ ২৫০০ টাকা পর্যন্ত জ্বালানি চার্জ বাড়তে পারে। নতুন চার্জ মঙ্গলবার ১২ টা ১ মিনিট থেকে করা সব বুকিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ফলে তার আগে যাঁরা টিকিট বুক করেছেন, তাঁদের ক্ষেত্রে এই চার্জ কার্যকর হবে না।
কেন বাড়ছে বিমান ভাড়া?
ইন্ডিগো জানিয়েছে, সাম্প্রতিক মাসগুলিতে বিশেষ করে পশ্চিমের দেশগুলির রাজনৈতিক পরিস্থিতির কারণে এটিএফ-এর দাম খুব ওঠানামা করছে। মাসে মাসে এর দাম এমনকি ১৪% এর বেশিও বাড়ছে, যার ফলে বিমান জ্বালানির খরচ গত এক দশকের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়েছে। বিমান সংস্থাগুলির পরিচালন ব্যয়ের ৪০% এর বেশি জেট ফুয়েলের পিছনে খরচ করা হয়। ফলে জ্বালানির দাম বৃদ্ধির সরাসরি প্রভাব পড়ছে বিমান সংস্থাগুলির খরচের পিছনে। ইন্ডিগো জানিয়েছে, এই পরিস্থিতির কথা মাথায় রেখে দেশীয় ও আন্তর্জাতিক উড়ানে ডিস্টেন্স ভিত্তিক জ্বালানির চার্জও আবার নির্ধারণ করা হবে।
| সেক্টর দূরত্ব | এপ্রিল | অক্টোবর | দাম বৃদ্ধি |
| ০-৫০০ কিমি | ২৭৫ টাকা | ৩৭৫ টাকা | ১০০ টাকা |
| ৫০১-১০০০ কিমি | ৪০০ টাকা | ৬০০ টাকা | ২০০ টাকা |
| ১০০১-১৫০০ কিমি | ৬০০ টাকা | ৯০০ টাকা | ৩০০ টাকা |
| ১৫০১-২০০০ কিমি | ৮০০ টাকা | ১১৫০ টাকা | ৩৫০ টাকা |
| ২০০০ কিমির বেশি | ৯৫০ টাকা | ১৩০০ টাকা | ৩৫০ টাকা |