
নয়া দিল্লি : সপ্তাহে একদিন ছুটি (Weekly Off)। কিন্তু সেদিনও কি আপনাকে অফিসের কাজ নিয়ে বসতে হয়? বা আপনার বস ছুটির দিনও আপনাকে ফোন করেন? তড়িঘড়ি ছুটতে হয় অফিস? এটা কি আদৌ আইনসম্মত? নতুন শ্রম আইন (News Labour Law) কী বলছে? কতক্ষণ কাজ করা উচিৎ বা ছুটির দিন আদৌ কাজ করা উচিৎ কি না। সেক্ষেত্রে কর্মীদের কী অধিকার রয়েছে, বসেদেরই বা কি দায়িত্ব বা এক্তিয়ার রয়েছে জেনে নিন।
শ্রম আইনে ভারতে সাপ্তাহিক ছুটি এবং ছুটির দিনগুলির নিয়ম কী তা স্পষ্ট করে দেওয়া হয়েছে। কিন্তু কর্পোরেট সংস্কৃতিতে এই নিয়মগুলি প্রায়শই অনুসরণ করা হয় না। তবে, বেসরকারি সংস্থাগুলোর ক্ষেত্রে কর্মীদের সপ্তাহান্তে বা ছুটির দিনে কাজ করানো একটি অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু আইন কী বলছে?
নতুন শ্রম আইন কী বলছে?
সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্টে শ্রম আইন বিশেষজ্ঞ জানিয়েছেন, এই অভ্যাস কোনও পরিস্থিতিতে সঠিক বা আইনসম্মত বলে বিবেচিত হয় না। কর্মচারীদের সম্মতি ছাড়া ছুটির দিনে কাজ করতে বাধ্য করা যাবে না। বিশেষ করে যদি তাঁদের চাকরির চুক্তিতে না থাকে, তাহলে তো আরও বেআইনি বলে বিবেচিত হবে। অতিরিক্ত বেতন বা ক্ষতিপূরণ ছাড়া ছুটির দিনে কাজ করালে আইন লঙ্ঘন করা হয়েছে বলে বিবেচনা করা হবে।
বিশেষজ্ঞদের মতে, সাপ্তাহিক ছুটি কোনও বিশেষ সুবিধা নয়। বরং কর্মচারীদের আইনত অধিকার। শ্রম আইন অনুযায়ী, প্রত্যেক কর্মচারী ছয়দিন কাজ করবে। একদিন বাধ্যতামূলক ছুটি থাকা আবশ্যক। যদি কোনও কর্মচারীকে সেই সময়ের পরেও কাজ করতে হয়, তবে তার পরিবর্তে তাঁকে ছুটি বা অতিরিক্ত বেতন দেওয়া উচিত।
আইন থাকা সত্ত্বেও, অনেক কর্মচারী চাকরি হারানোর বা নেতিবাচক পরিণতির ভয়ে এই অধিকারগুলো প্রয়োগ করতে পারেন না। বিশেষজ্ঞরা বলছেন,কোনও কর্মচারীকে ছুটির দিনে কাজ করতে বলা হলে, তাদের ইমেল, টেক্সট মেসেজ বা অন্য কোনও মাধ্যমে রেকর্ড রাখা উচিত। এই রেকর্ড ভবিষ্যতে প্রমাণ হিসেবে কাজ করতে পারে। এছাড়াও, যদি কোনও সংস্থা যথাযথ নোটিশ ছাড়া পূর্বে অনুমোদিত ছুটি বাতিল করেন, তবে কর্মচারীরও লিখিতভাবে প্রতিবাদ জানাতে পারেন। আইন অনুযায়ী, ছুটিতে যে কোনও পরিবর্তনের জন্য ন্যূনতম দুই সপ্তাহের নোটিশ প্রয়োজন।
কর্মচারীদের অধিকার
কোম্পানির এক্তিয়ার
কোম্পানিগুলো প্রায়শই যুক্তি দেখায়, চাকরির চুক্তিতে ব্যবসায়িক প্রয়োজনের ভিত্তিতে অতিরিক্ত কাজের সুযোগ থাকে। তাছাড়া, যদি কর্মচারী কোনও প্রতিবাদ ছাড়াই কাজ করেন, তবে তা সম্মতি হিসেবে গণ্য হতে পারে। সার্বিকভাবে, ছুটির দিনে কাজ করা পুরোপুরি অবৈধ নয়, তবে সুস্পষ্ট নিয়ম এবং ক্ষতিপূরণ থাকা আবশ্যক। কর্মচারীদের জন্য তাঁদের অধিকার সম্পর্কে সচেতন থাকা এবং প্রয়োজনে তা প্রয়োগ করতে সক্ষম হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।