UPI Payment: ফোন নয়, এবার চশমা দিয়েই QR কোড স্ক্যান করে পাঠানো যাবে টাকা, বড় চমক Jio-র

UPI Payment with Jio Smart Glasses: জিও-র এই স্মার্ট গ্লাসের অন্যতম আকর্ষণ হল ইউপিআই পেমেন্টের সুবিধা। সাধারণত কোনও দোকানে টাকা দেওয়ার সময় মোবাইলের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করতে হয়। কিন্তু এই প্রযুক্তিতে চশমার সাহায্যেই কিউআর কোড শনাক্ত করা যাবে বলে জানানো হয়েছে।

UPI Payment: ফোন নয়, এবার চশমা দিয়েই QR কোড স্ক্যান করে পাঠানো যাবে টাকা, বড় চমক Jio-র
প্রতীকী ছবি

Oct 09, 2026 | 8:56 PM

নয়া দিল্লি:
ইউপিআই-এর মাধ্যমে টাকা মেটাতে প্রয়োজন মোবাইল। কারণ মোবাইলেই থাকে ইউপিআই অ্যাপ। সেখানেই নম্বর দিয়ে বা কিউআর কোড স্ক্যান করে পাঠাতে হয় টাকা। কিন্তু এবার যদি এই সমস্ত কাজ শুধু একটি চশমা দিয়েই করা যায়? অবাক হচ্ছেন? এমনই প্রযুক্তি নিয়ে হাজির হয়েছে রিলায়েন্স জিও (Reliance Jio)। সংস্থার তরফে তুলে ধরা হয়েছে নতুন এআই স্মার্ট গ্লাসের (AI Smart Glasses) প্রযুক্তি। সংস্থার পরিকল্পনা অনুযায়ী, এই বিশেষ চশমার সাহায্যে কিউআর কোড স্ক্যান করে ভয়েস কমান্ডের মাধ্যমে ইউপিআই পেমেন্ট করা সম্ভব হবে। ফলে ভবিষ্যতে ডিজিটাল লেনদেনের জন্য বারবার ফোন বের করার প্রয়োজন অনেকটাই কমতে পারে।

চশমা দিয়েই কীভাবে UPI পেমেন্ট করবেন?

জিও-র এই স্মার্ট গ্লাসের অন্যতম আকর্ষণ হল ইউপিআই পেমেন্টের সুবিধা। সাধারণত কোনও দোকানে টাকা দেওয়ার সময় মোবাইলের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করতে হয়। কিন্তু এই প্রযুক্তিতে চশমার সাহায্যেই কিউআর কোড শনাক্ত করা যাবে বলে জানানো হয়েছে।

ধরুন, আপনি কোনও দোকানে কেনাকাটা করেছেন। টাকা দেওয়ার সময় দোকানদারের কিউআর কোডের দিকে তাকালেই স্মার্ট গ্লাস সেটি স্ক্যান করতে পারবে। এরপর কত টাকা পাঠাতে চান, তা ভয়েস কমান্ডের মাধ্যমে জানাতে হবে। পেমেন্টের আগে ব্যবহারকারীর কাছে অনুমোদন চাওয়া হবে। প্রয়োজনীয় যাচাই সম্পূর্ণ হলে লেনদেন করা যাবে।

তবে এই পেমেন্ট ব্যবস্থায় ঠিক কী ধরনের নিরাপত্তা ও পরিচয় যাচাইয়ের পদ্ধতি ব্যবহার করা হবে, তা এখনও বিস্তারিতভাবে জানানো হয়নি। এনপিসিআই (NPCI)-এর সঙ্গে এই প্রযুক্তি নিয়ে কাজ চলছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। ফলে বাজারে আসার পর এই পরিষেবা ঠিক কীভাবে কাজ করবে, তা জানতে আরও অপেক্ষা করতে হবে।

দুই ধরনের স্মার্ট গ্লাস আনছে Jio

জিও-র নতুন প্রযুক্তিতে দু’ধরনের স্মার্ট গ্লাসের কথা বলা হয়েছে। ব্যবহারকারীদের প্রয়োজন অনুযায়ী দু’টি মডেলের সুবিধাও আলাদা।

প্রথম মডেলটি মূলত অডিয়ো-ভিত্তিক। এতে স্পিকার এবং মাইক্রোফোন থাকবে। ফলে চশমা পরেই গান শোনা কিংবা ফোন কলের মতো কাজ করা যাবে।

দ্বিতীয় মডেলটি তুলনামূলক উন্নত। এতে ভিজ়ুয়াল ইন্টেলিজেন্স এবং এইচডি ক্যামেরার সুবিধা থাকবে। ব্যবহারকারীর সামনে কী রয়েছে, তা শনাক্ত করে প্রয়োজনীয় তথ্য দিতে পারবে এই স্মার্ট গ্লাস। ভয়েস কমান্ডের মাধ্যমেও বিভিন্ন কাজ করা যাবে।

প্রতিবেদন অনুযায়ী, জিও-র নিজস্ব অপারেটিং সিস্টেমের সাহায্যে এই স্মার্ট গ্লাসগুলি কাজ করবে। ‘হ্যালো জিও’ বলেই বিভিন্ন পরিষেবা ব্যবহার করা যাবে বলে দাবি করা হয়েছে।

১২টি ভারতীয় ভাষায় অনুবাদের সুবিধা

শুধু টাকা পাঠানো কিংবা ফোন কল নয়, জিও-র এই স্মার্ট গ্লাসে আরও একাধিক সুবিধা থাকার কথা বলা হয়েছে। তার মধ্যে অন্যতম হল লাইভ ট্রান্সলেশন। প্রতিবেদন অনুযায়ী, ১২টি ভারতীয় ভাষায় অনুবাদের সুবিধা পাওয়া যেতে পারে। অর্থাৎ কোনও ব্যক্তি অন্য ভাষায় কথা বললে তা বুঝতে সাহায্য করবে এই প্রযুক্তি।

পাশাপাশি, নেভিগেশন, লাইভ স্ট্রিমিং এবং সামনে থাকা বিভিন্ন বস্তু সম্পর্কে তথ্য পাওয়ার মতো সুবিধাও থাকতে পারে। ফলে এই চশমা শুধু ডিজিটাল পেমেন্টের মাধ্যম নয়, ব্যক্তিগত এআই অ্যাসিস্ট্যান্ট হিসেবেও কাজ করতে পারে।

কবে বাজারে আসবে, দাম কত হতে পারে?

জিও-র এই স্মার্ট গ্লাস কবে সাধারণ গ্রাহকদের জন্য বাজারে আসবে, তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। সম্প্রতি কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে, চলতি বছরের নভেম্বর কিংবা ডিসেম্বরের মধ্যে ভারতে এই ডিভাইস আনা হতে পারে।

তবে সংস্থার তরফে নির্দিষ্ট লঞ্চের দিনক্ষণ কিংবা দাম আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে কি না, তা স্পষ্ট নয়। ফলে স্মার্ট গ্লাসের দাম কত হবে, কোন কোন মডেল বাজারে আসবে এবং ইউপিআই পেমেন্টের সুবিধা শুরু থেকেই পাওয়া যাবে কি না, তা জানতে অপেক্ষা করতে হবে।

Loading...
Unable to load recommendations.
Follow Us