
নয়াদিল্লি: আগামীকাল অর্থাৎ ১ নভেম্বর থেকে বাড়ছে মদের দাম। প্রতিটি মদের বোতলের সর্বোচ্চ খুচরো দাম বা এমআরপি-র উপর বাড়ছে ১০ টাকা দাম। তবে এই অতিরিক্ত টাকা পুরোপুরি খরচ হবে না ক্রেতাদের। খালি মদের বোতল দোকানে ফেরত দিলেই ওই বাড়তি ১০ টাকা পাওয়া যাবে।
এই নিয়ম চালু হচ্ছে শুধুমাত্র তামিলনাড়ুতে। নতুন নিয়মে মদের বোতলের দামের মধ্যেই পরিবেশ সংক্রান্ত অতিরিক্ত ট্যাক্স বা যুক্ত করা হবে। এই নিয়ম এনেছে তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন বা TASMAC। এতদিন ক্রেতাদের এমআরপি-র বাইরে আলাদা করে ১০ টাকা দিতে হত। পরে বোতল ফেরত দিলে আবার ১০ টাকা দিয়ে দেওয়া হত। কিন্তু এবার থেকে ওই অতিরিক্ত ১০ টাকা এমআরপি-র মধ্যেই অন্তর্ভুক্ত থাকবে। TASMAC ইতিমধ্যেই মদ প্রস্তুতকারী সংস্থা, ডিপো, সরাসরি পরিচালনার দায়িত্বে থাকা আধিকারিক এবং খুচরো দোকানের কর্মীদের নতুন নিয়ম কার্যকর করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি রাজ্যের আরও কয়েকটি এলাকায় খালি বোতল ফেরত নেওয়ার ব্যবস্থাও চালু করা হচ্ছে।
আরও কয়েকটি জেলাতেও হবে এই বোতল ফেরতের ব্যবস্থা। সূত্রের খবর, আরও ৫ জেলাতে এই প্রকল্প চালু করা হবে। আগে খুচরো দোকানিদের বিরোধিতার কারণেই এই সব এলাকাতে এই নিয়ম চালু করা যায়নি। আপাতত দোকানের কর্মীরাই এই বোতলগুলি সংগ্রহ করে কোম্পানিগুলিকে ফেরত দেবেন। পরবর্তী টেন্ডারের মাধ্যমে Reverse Vendor নির্বাচন করা হবে বলে জানা গিয়েছে। এছাড়া ক্রেতাদের টাকা ফেরত দেওয়ার সুবিধার জন্য ব্যাঙ্কগুলির সঙ্গে যোগাযোগ করে পর্যাপ্ত ১০ টাকার নোট ও কয়েন রাখার নির্দেশ দিয়েছে TASMAC।
এর পাশাপাশি ১ নভেম্বর থেকে ১০০০ টাকার বেশি মদ কিনলে ডিজিটাল পেমেন্ট বাধ্যতামূলক হবে। অর্থাৎ, ১০০০ টাকার বেশি টাকার কেনাকাটার ক্ষেত্রে ডিজিটাল পেমেন্ট ব্যবহার করতে হবে। তবে এখানেই শেষ নয়, ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে এই অর্থ আরও কমিয়ে ৫০০ টাকা করা হবে। অর্থাৎ, ৫০০ টাকার বেশি মদ কিনলেই দিতে হবে অনলাইন পেমেন্ট।