
নয়া দিল্লি: ফের বাড়তে পারে মোবাইল রিচার্জের খরচ (Mobile Recharge Tariff)। সম্প্রতি, একটি রিপোর্টে দাবি করা হয়েছে, আগামী চার থেকে পাঁচ মধ্যে টেলিকম সংস্থাগুলি ট্যারিফ প্ল্যানের দাম ১২ থেকে ১৫ শতাংশ পর্যন্ত বাড়াতে পারে। অর্থাৎ, মোবাইল রিচার্জের জন্য গ্রাহকের পকেটে চাপ বাড়তে পারে। সেন্ট্রাম ইনস্টিটিউশনাল রিসার্চের রিপোর্ট অনুযায়ী, আগামী চার-পাঁচ মাসের মধ্যে ভারতের টেলিকম ক্ষেত্রে ট্যারিফ বাড়তে পারে। বাজারে সংস্থার সংখ্যা কমে আসায় ট্যারিফ বৃদ্ধির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
দেশের তিন প্রধান টেলিকম অপারেটর ভারতী এয়ারটেল, রিলায়েন্স জিও এবং ভোডাফোন আইডিয়ার (VIL) চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে গ্রাহক পিছু গড় আয় বা ARPU ত্রৈমাসিকের ভিত্তিতে প্রায় ০.৮ থেকে ২ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এর পিছনে মূলত ২জি থেকে ৪জি ও ৫জি পরিষেবায় গ্রাহকদের স্থানান্তর, পোস্টপেইড গ্রাহকের সংখ্যা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট ত্রৈমাসিকে দিনের সংখ্যা বেশি থাকার মতো বিষয় কাজ করতে পারে। রিপোর্টে আরও বলা হয়েছে, ভোডাফোন আইডিয়ার তুলনায় রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেলের গ্রাহক বাজারের অংশীদারিত্ব বাড়তে পারে।
সেন্ট্রামের রিপোর্ট অনুযায়ী, রিলায়েন্স জিও ত্রৈমাসিকের ভিত্তিতে প্রায় ৮০ লক্ষ নতুন গ্রাহক যোগ করতে পারে। ভারতী এয়ারটেলের ক্ষেত্রে প্রায় ৩০ লক্ষ নতুন ভারতীয় ওয়্যারলেস গ্রাহক যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, ভোডাফোন আইডিয়ার গ্রাহক সংখ্যা প্রায় ১০ লক্ষ বাড়তে পারে।
রিপোর্টে টেলিকম সংস্থাগুলির নেটওয়ার্ক সম্প্রসারণের কথাও তুলে ধরা হয়েছে। রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেল দেশের ৯৫ শতাংশের বেশি জেলায় 5G পরিষেবা পৌঁছে দিয়েছে। এখন তাদের লক্ষ্য নেটওয়ার্কে আরও বেশি 5G ডিভাইস যুক্ত করা। অন্যদিকে, ভোডাফোন আইডিয়ার 5G নেটওয়ার্ক বর্তমানে প্রায় ২০০টি শহরে রয়েছে। সংস্থাটি ধীরে ধীরে 5G পরিষেবার আওতা আরও বাড়াচ্ছে।
রিপোর্টের থেকে জানা গিয়েছএ, রিলায়েন্স জিওর গ্রাহক সংখ্যা ত্রৈমাসিকের ভিত্তিতে প্রায় ৮০ লক্ষ বাড়তে পারে। এর ফলে মোট গ্রাহক সংখ্যা প্রায় ৫৪.১ কোটিতে পৌঁছতে পারে। একইসঙ্গে সংস্থার ARPU প্রায় ১ শতাংশ বেড়ে মাসে ২১৮ টাকা হতে পারে।
এয়ারটেলের ARPU হতে পারে ২৬৯ টাকা
ভারতী এয়ারটেলের গ্রাহক সংখ্যা প্রায় ৩০ লক্ষ বেড়ে ৩৮ কোটিতে পৌঁছতে পারে। পাশাপাশি 2G থেকে 4G-তে গ্রাহকদের স্থানান্তর অব্যাহত থাকায় সংস্থার ARPU প্রায় ২ শতাংশ বেড়ে মাসে ২৬৯ টাকা হতে পারে। রিপোর্ট অনুযায়ী, এই ARPU দেশের টেলিকম শিল্পে সর্বোচ্চ হতে পারে। এয়ারটেলের আয় ত্রৈমাসিকের ভিত্তিতে প্রায় ৩.১ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, ভোডাফোন আইডিয়ার গ্রাহক সংখ্যা প্রায় ১০ লক্ষ বেড়ে ১৯.৪ কোটিতে পৌঁছতে পারে। সংস্থার গড় ARPU প্রায় ০.৮ শতাংশ বেড়ে মাসে ১৭৮ টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী দিনে সংস্থার মূলধনী ব্যয় এবং অর্থ সংগ্রহের অগ্রগতির উপরও নজর থাকবে।