
নয়া দিল্লি: আর ২৮ দিন নয়, প্রিপেড গ্রাহকদের জন্য ৩০ দিনের রিচার্জ প্ল্যান আনা হচ্ছে। এই নতুন ব্যবস্থার কথা আগেই ঘোষণা করেছিল TRAI। একইসঙ্গে ভয়েস কল ও এসএমএস-এর জন্য আলাদা রিচার্জের ব্যবস্থাও করা হচ্ছে ঘোষণা করা হয়েছিল। এই নতুন ব্যবস্থায় আরও একটা বড় সুবিধা পেতে চলেছেন গ্রাহকরা, জানেন কি? সাধারণত, এতদিন বছরে ১৩বার রিচার্জ করতে হত গ্রাহকদের। এবার সেই নিয়মেই বদল এনে সুখবর দিল কেন্দ্র।
রাঘব চড্ডা এই রিচার্জ প্ল্যান সংক্রান্ত নতুন ব্যবস্থাকে স্বাগত জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় সুখবর ভাগ করে নিয়েছেন তিনি। সেখানে জানিয়েছেন, বছরে ১৩ বার নয়, ১২ মাসে ১২ বার রিচার্জ করতে হবে। কারণ রিচার্জ প্ল্যানের মেয়াদ ২৮ থেকে ৩০ দিন হয়ে যাচ্ছে। তার ফলে অতিরিক্ত একটি রিচার্জ করার কোনও প্রয়োজন থাকবে না।
রাঘব চড্ডার বক্তব্য, নতুন নিয়মের ফলে গ্রাহকরা নিজেদের প্রয়োজন অনুযায়ী রিচার্জ প্ল্যান বেছে নেওয়ার ক্ষেত্রে আরও বেশি সুবিধা পাবেন। নতুন ব্যবস্থায় ৩০ দিনের রিচার্জ প্ল্যান, শুধুমাত্র ভয়েস কল ও SMS-এর প্ল্যান এবং মূলত বেসিক পরিষেবা প্রয়োজন এমন গ্রাহকদের জন্য উপযোগী বিকল্পের কথা বলা হয়েছে।
রাঘব চাড্ডা জানিয়েছেন, সরকার টেলিকম কনজ়িউমার প্রোটেকশন রেগুলেশনস, ২০২৬ এনেছে। এর ফলে প্রিপেড গ্রাহকদের সামনে রিচার্জের আরও বিকল্প থাকবে।
X-এ একটি পোস্ট করে চাড্ডা দাবি করেন, নতুন ব্যবস্থায় দেশের প্রিপেড গ্রাহকরা ৩০ দিনের রিচার্জ প্ল্যানের বিকল্প পাবেন। এর ফলে ২৮ দিনের প্ল্যানের ক্ষেত্রে বছরে ১৩ বার রিচার্জের পরিবর্তে ১২ বার রিচার্জের সুযোগ থাকবে।
এছাড়া, যাঁদের মোবাইল ডেটার প্রয়োজন নেই, তাঁদের জন্য শুধুমাত্র ভয়েস কল ও SMS-এর প্ল্যান থাকবে। পাশাপাশি, মূলত ফোনে কথা বলার মতো বেসিক পরিষেবা প্রয়োজন এমন কম বাজেটের রিচার্জ প্ল্যাব গ্রাহকদের জন্যও উপযোগী বিকল্প থাকবে বলে জানিয়েছেন তিনি।
রাঘব চাড্ডা জানিয়েছেন, গত ১১ মার্চ সংসদে প্রিপেড রিচার্জ প্ল্যানের মেয়াদ ও বিকল্পের বিষয়টি তুলেছিলেন তিনি। ২৮ দিনের রিচার্জ প্ল্যানের কারণে গ্রাহকদের বছরে ১২ বারের পরিবর্তে কার্যত ১৩ বার রিচার্জ করতে হয় বলেও উল্লেখ করেছিলেন।
রাঘব চাড্ডা বলেন, “আপনাদের অনেকেই সীমিত এবং প্রয়োজন অনুযায়ী বেছে নেওয়ার সুযোগ না থাকা রিচার্জ প্ল্যান নিয়ে আমার কাছে উদ্বেগ জানিয়েছিলেন। আমি গত ১১ মার্চ সংসদে এই বিষয়টি উত্থাপন করি এবং গ্রাহকদের জন্য আরও বেশি বিকল্প ও সাশ্রয়ী রিচার্জের সুযোগ দেওয়ার দাবি জানাই।”