
নয়াদিল্লি: ভারতে এবার ১০০% ইথানলে চলতে সক্ষম গাড়ি বাজারে আসতে চলেছে। কেন্দ্রীয় সড়ক ও পরিবহনমন্ত্রী নিতিন গড়করী জানিয়েছেন, আগামী অক্টোবরে টয়োটার ইনোভা ফ্লেক্স-ফুয়েল গাড়ি লঞ্চ হবে। এই গাড়ি পেট্রোল ছাড়াই সম্পূর্ণ ইথানলে চলতে সক্ষম। দিল্লির এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গড়কড়ী দাবি করেন, এই গাড়ি চালানোর খরচ আর প্রায় ২৫ টাকা/লিটার পেট্রোলে চলা গাড়ির খরচ সমান। তাঁর দাবি, গাড়িটি চলার সময় প্রায় ৬০% বিদ্যুৎ উৎপাদন করবে।
গড়কড়ী জানিয়েছেন, অক্টোবরে টয়োটার ইনোভা ফ্লেক্স-ফুয়েল গাড়ি লঞ্চ করার অনুষ্ঠানে তাঁকে অমন্ত্রণ করা হয়েছে। এই গাড়ি পেট্রোল ছাড়া ১০০% ইথানলে চলবে। তাঁর কথায়, বিশ্বের ১৯টি দেশে ইথানল ব্যবহার করা হচ্ছে। ভারতে ইথানল মিশ্রিত জ্বালানি ব্যবহার করা গাড়ি নিয়ে এখনও বড় কোনও অভিযোগ পাওয়া যায়নি।
শুধু ইনোভা নয় –
১০০% ইথানলে চলতে সক্ষম টয়োটার ইনোভাই ভারতে এই ধরণের প্রযুক্তির প্রথম উদাহরণ নয়। জুন মাসে মারুতি সুজুকি দেশের প্রথম ফ্লেক্স-ফুয়েল যাত্রীবাহী গাড়ি বাজারে এনেছে বলে জানা গিয়েছে। ফ্লেক্স-ফুয়েল গাড়ির বিশেষত্ব হল, এগুলি বিভিন্ন মাত্রার ইথানল-পেট্রোল মিশ্রণ ব্যবহার করতে পারে। বর্তমানে, বেশ কিছু মডেলে ই-২০ থেকে শুরু করে ১০০% ইথানল পর্যন্ত জ্বালানি ব্যবহারের সক্ষমতা থাকতে পারে।
বাইক ট্যাক্সি পরিষেবা-
একই অনুষ্ঠানে গড়করী অ্যাপ-ভিত্তিক বাইক ট্যাক্সি পরিষেবা আরও বাড়ানোর পক্ষেও সওয়াল করেন। তাঁর বক্তব্য, যাঁদের ইতিমধ্যেই দু’চাকার গাড়ি রয়েছে, তাঁরা অতিরিক্ত বিনিয়োগ ছাড়াই এই পরিষেবা করতে পারেন। গ্রামাঞ্চলেও এই পরিষেবা চালু করার জন্য রাজ্যগুলিকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর কথায়, এই পরিষেবা বাড়লে অনেক মানুষের কর্মসংস্থান হবে।
এর পাশাপাশি ইথানল উৎপাদনের মাধ্যমে কৃষকদের আয়ের সুযোগ বাড়ানোর বিষয়টিও বারবার বলেছে তিনি। মধ্যপ্রদেশের নতুন সরকারি বাস পরিষেবা উদ্বোধনের সময়ও তিনি ইথানলকে কৃষকদের জন্য শক্তির উৎস হিসেবে তুলে ধরেছিলেন। ইথানল উৎপাদন শুরু হওয়ার পর ভুট্টার দাম বেড়েছে, এও বলেছিলেন গড়করী। এর পাশাপাশি ইলেকট্রিক ও হাইড্রোজেনচালিত গাড়ির ব্যবহার বাড়ানোর কথাও বলছেন তিনি। তবে তাঁর এই ১০০% ইথানলের গাড়ির ভবিষ্যৎ কী, সেটাই দেখার বিষয়।