American Visa Apply: আমেরিকা যেতে চান? ভিসা পেতে কিন্তু লাগবে প্রায় ১ বছর! কেন জেনে নিন!

USA: স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, প্রকাশিত অপেক্ষার সময় দেখে নিশ্চিতভাবে বলা যায় না যে একজন আবেদনকারীকে ঠিক কতদিন অপেক্ষা করতে হবে। নতুন স্লট খালি হলে আগে ইন্টারভিউয়ের সুযোগ পাওয়া যেতে পারে। কিছু আবেদনকারী আবার ইন্টারভিউ ছাড়াই ভিসা প্রসেস করার সুযোগ পেতে পারেন।

American Visa Apply: আমেরিকা যেতে চান? ভিসা পেতে কিন্তু লাগবে প্রায় ১ বছর! কেন জেনে নিন!
আমেরিকা ভ্রমণে বাড়ল অপেক্ষা?Image Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Sep 27, 2026 | 5:51 PM

কলকাতা : আমেরিকার ভিজিটর ভিসার জন্য ভারতীয় আবেদনকারীদের অপেক্ষার সময় এবার অপেক্ষা আরও বাড়ল। আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের ১৭ সেপ্টেম্বরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ভারতের কয়েকটি শহরে B-1/B-2 ভিসার ইন্টারভিউয়ের জন্য ১২ মাস পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। B-1/B-2 ভিসা সাধারণত ব্যবসায়িক সফর, ভ্রমণ, আত্মীয়ের সঙ্গে দেখা করার মতো কাজের জন্য ব্যবহার করা হয়।

কোন শহরে কী অবস্থা? –

বর্তমানে হায়দ্রাবাদে B-1/B-2 ভিসার পরবর্তী ইন্টারভিউয়ের জন্য অপেক্ষার সময় ১২ মাস। গড় অপেক্ষার সময় ১১.৫ মাস। মুম্বইতে গড় অপেক্ষা করতে হচ্ছে প্রায় ১১ মাস ও পরবর্তী ইন্টারভিউয়ের জন্য অপেক্ষা প্রায় ১১.৫ মাস। নয়াদিল্লিতে গড় অপেক্ষার সময় ৭.৫ মাস। তবে পরবর্তী ইন্টারভিউয়ের জন্য অপেক্ষা আরও ১০ মাসের। চেন্নাইতে পরিস্থিতি তুলনামূলক ভাল। সেখানে গড় অপেক্ষা ৭ মাসের ও পরবর্তী ইন্টারভিউ ৭.৫ মাস পর। তবে এই সময়গুলো কনফার্মড নয়। আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট নিয়মিত নতুন ইন্টারভিউয়ের তারিখ প্রকাশ করে। আবেদন করার ভিত্তিতে কেউ কেউ আগে ইন্টারভিউয়ের ডেট পেতে পারেন।

ছাত্র ভিসায় অপেক্ষা অনেক কম-

ভিজিটর ভিসার তুলনায় ছাত্র ও এক্সচেঞ্জ ভিসার ক্ষেত্রে অপেক্ষার সময় অনেক কম।
– চেন্নাইয়ে F, M ও J ভিসার জন্য অপেক্ষা অর্ধেক মাসেরও কম।
– নয়াদিল্লিতে প্রায় ২ মাস।
– হায়দরাবাদে প্রায় ১.৫ মাস।
– মুম্বইয়ে প্রায় ২.৫ মাস।

F-1 ভিসা মূলত আমেরিকায় পড়াশোনা করতে যাওয়া ছাত্রদের জন্য ব্যবহৃত হয়।

কাজের ভিসা –

H-1B, L, O, P ও Q এর মতো কাজের ভিসার ক্ষেত্রেও অপেক্ষার সময় শহর অনুযায়ী আলাদা। চেন্নাই ও মুম্বইয়ে পরবর্তী অ্যাপয়েন্টমেন্ট পেতে প্রায় ১.৫ মাস অপেক্ষা করতে হচ্ছ। নয়াদিল্লিতে প্রায় ৩ মাস ও হায়দরাবাদে প্রায় ৫.৫ মাস অপেক্ষা করতে হচ্ছে। যদিও আগস্ট থেকে সেপ্টেম্বরে কিছু শহরে অপেক্ষার সময় বেড়েছে, আবার কোথাও কমেছে। মুম্বইয়ে B-1/B-2 ভিসার গড় অপেক্ষার সময় ১৪ মাস থেকে কমে ১১ মাস হয়েছে। অন্যদিকে হায়দ্রাবাদে অপেক্ষার সময় ৯.৫ মাস থেকে বেড়ে ১১.৫ মাস হয়েছে।

আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য-

স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, প্রকাশিত অপেক্ষার সময় দেখে নিশ্চিতভাবে বলা যায় না যে একজন আবেদনকারীকে ঠিক কতদিন অপেক্ষা করতে হবে। নতুন স্লট খালি হলে আগে ইন্টারভিউয়ের সুযোগ পাওয়া যেতে পারে। কিছু আবেদনকারী আবার ইন্টারভিউ ছাড়াই ভিসা প্রসেস করার সুযোগ পেতে পারেন। তবে তার জন্য বেশ কিছু প্রসেস আছে। বর্তমান তথ্য অনুযায়ী, ভারত থেকে আমেরিকার ভিজিটর ভিসা পেতে দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে। তবে ছাত্র ভিসার ক্ষেত্রে অপেক্ষার সময় তুলনামূলক অনেক কম।

Loading...
Unable to load recommendations.
Follow Us