BUDGET 2026: রেল থেকে আয়কর- নির্মলার নবম বাজেটে ৫ বড় ঘোষণা

Nirmala Sitharaman: প্রযুক্তি থেকে আত্মনির্ভরতা, সব ক্ষেত্রে নজর দেওয়া হয়েছে তৃতীয় মোদী সরকারের দ্বিতীয় বাজেটে। লাখপতি দিদি প্রকল্পের সাফল্যের পর মহিলা পরিচালিত স্বনির্ভর প্রকল্পে যোগদানের জন্য উৎসাহ দিতে প্রকল্পের প্রস্তাব দেওয়ার পাশাপাশি মহিলাদের জন্য গার্লস হস্টেল তৈরির প্রস্তাবও দেওয়া হয়েছে।

BUDGET 2026: রেল থেকে আয়কর- নির্মলার নবম বাজেটে ৫ বড় ঘোষণা
Image Credit source: TV9 Bangla

Feb 01, 2026 | 12:47 PM

নয়া দিল্লি: নবমবার বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রথমবার রবিবার বাজেট পেশ করল কেন্দ্রীয় সরকার। পাঁচ রাজ্যের ভোটকে সামনে রেখে এবারের বাজেটে কী কী বড় ঘোষণা হচ্ছে, সেদিকে নজর রয়েছে সব মহলের। স্বাস্থ্য থেকে আয়কর, সব ক্ষেত্রে বিশেষ কিছু ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।

৫টি বড় ঘোষণা একনজরে

১. সাতটি হাইস্পিড রেল করিডর তৈরির ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের।মুম্বই থেকে পুনে, পুনে থেকে হায়দরাবাদ, হায়দরাবাদ থেকে বেঙ্গালুরু
হায়দরাবাদ থেকে চেন্নাই, চেন্নাই থেকে বেঙ্গালুরু, দিল্লি থেকে বারাণসী, বারাণসী থেকে শিলিগুড়ি।

২. সেমিকন্ডাক্টর সেক্টরের জন্য একাধিক ঘোষণা। ভারতের সেমিকন্ডাক্টর মিশন ২.০ চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এই সেক্টরের বৃদ্ধির গতি ধরে রাখতে বাজেটে এই বরাদ্দ বাড়িয়ে ৪০ হাজার কোটি তাকার করার কথা বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। প্রযুক্তির উন্নতিকরণে ও প্রশিক্ষিত কর্মচারী তৈরির জন্য গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রও তৈরি করবে সরকার।

৩. চলতি বছরের ১ এপ্রিল থেকে নতুন আয়কর আইন চালু হবে। অর্থমন্ত্রী জানিয়েছেন, এমনভাবে আয়কর আইন বানানো হয়েছে, যাতে সাধারণ মানুষের কর জমা দিতে কোনও অসুবিধা না হয়। আর্থিক ক্ষতিপূরণে আর দিতে হবে না আয়কর। এবার স্বল্প জরিমানায় ৩১ মার্চ পর্যন্ত রিটার্ন রিভাইজ করা যাবে। আগে ডেডলাইন ছিল ৩১ ডিসেম্বর।

৪. ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্ষেত্রে নির্মলা সীতারামন ঘোষণা করেছেন, ১০,০০০ কোটি টাকা বরাদ্দ করা হবে এই শিল্পকে প্রোমোট করার জন্য।

৫. মেডিক্যাল ট্যুরিজম সার্ভিস নিয়ে বড় প্রস্তাব। তৈরি হবে স্কিম। পিপিপি মডেলে পাঁচটি মেডিক্যাল হাব তৈরি হবে। দেড় লক্ষ দক্ষ কেয়ার গিভার তৈরি হবে বলে প্রস্তাব দেওয়া হয়েছে। ভেটেনারি হাসপাতালগুলির ক্ষেত্রেও বিশেষ প্রস্তাব।