
নয়া দিল্লি: রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Reserve Bank of India)। বুধবার, ৭ অক্টোবর আরবিআই (RBI) ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট (Repo Rate) বাড়াল। এর ফলে রেপো রেট ৫.২৫ শতাংশ থেকে বেড়ে ৫.৫০ শতাংশ হচ্ছে। রেপো রেট বাড়ায় স্বাভাবিকভাবে ঋণ গ্রহীতাদের উপরেও চাপ বাড়তে চলেছে। আপনার যদি হোম লোন বা গৃহ ঋণ থাকে, তাহলে কত খরচ বাড়বে?
আজ রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন যে শীঘ্রই সুদের হার কমার সম্ভাবনা নেই। অর্থনৈতিক পরিস্থিতির উপরে নির্ভর করে আরবিআই এর পরে রেপো রেট বাড়াতে পারে বা তা অপরিবর্তিত রাখতে পারে।
যাদের গৃহ ঋণ রয়েছে, তাদের জন্য রেপো রেট বাড়ায় ইএমআই-র খরচও বাড়বে। বিশেষ করে যাদের ফ্লোটিং রেট রয়েছে লোনে, তাদের ঋণের খরচ বাড়বে। ব্যাঙ্কগুলি রিসেট সাইকেলের উপরে নির্ভর করে ইএমআই বাড়াবে।
এবার আসা যাক হিসাবের কথায়। যদি কারোর ৫০ লক্ষ টাকার হোম লোন থাকে এবং ঋণের মেয়াদ ২৫ বছর হয়, তবে ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়ায়, ইএমআই ৮১৬ টাকা বাড়বে। যদি ঋণের মেয়াদ অপরিবর্তিত থাকে, তবে সব মিলিয়ে ঋণ গ্রহীতাকে অতিরিক্ত ২.৪৫ লক্ষ টাকা দিতে হবে।
৭.৫ শতাংশ সুদের হারে ২৫ বছরের জন্য ঋণ নিলে মাসিক ইএমআই (EMI) বাড়তে পারে। ৩০ লক্ষ টাকার ঋণে ইএমআই প্রায় ৪৯০ টাকা, ৪০ লক্ষ টাকার ঋণে প্রায় ৬৫৪ টাকা এবং ৫০ লক্ষ টাকার ঋণে প্রায় ৮১৭ টাকা পর্যন্ত খরচ বাড়তে পারে।
পুরো ঋণের মেয়াদে ৩০ লক্ষ টাকায় প্রায় ১.৫ লক্ষ টাকা, ৪০ লক্ষ টাকায় ১.৯৬ লক্ষ টাকা এবং ৫০ লক্ষ টাকায় ২.৪৫ লক্ষ টাকা অতিরিক্ত সুদ হিসেবে দিতে হতে পারে।
আরবিআই জানিয়েছে, আপাতত সুদের হার কমানোর সম্ভাবনা নেই। পরবর্তী সিদ্ধান্ত হতে পারে সুদের হার বাড়ানো অথবা বর্তমান হারই বজায় রাখা। তাই ঋণগ্রহীতাদের ভবিষ্যতে ইএমআই কমবে—এমন আশা না করাই ভালো।
সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়ার পরও যদি ঋণ গ্রহীতা ৩৬ হাজার ৯৫০ টাকা ইএমআই অপরিবর্তিত রাখেন, তাহলে ঋণের মেয়াদ ২২ মাস পর্যন্ত বেড়ে যেতে পারে। ফলে ঋণ মেটানোর সময় ২৫ বছর থেকে বেড়ে প্রায় ২৭ বছর হয়ে যেতে পারে।