UPI থেকে শুরু করে অন্যান্য পরিষেবা- কোনও কিছুই কাজ করবে না! SBI গ্রাহকদের জন্য জরুরি খবর

SBI Digital Banking Service: রাতের দিকে এই কাজ করা হলেও, যাঁরা ওই সময় অনলাইনে টাকা পাঠান বা জরুরি লেনদেন করেন, তাঁদের বিশেষভাবে সতর্ক থাকা উচিত। তাই জরুরি টাকা পাঠানো বা গুরুত্বপূর্ণ পেমেন্ট করার থাকলে, রক্ষণাবেক্ষণের সময় শুরু হওয়ার আগেই সেই কাজ সেরে নেওয়া ভাল।

UPI থেকে শুরু করে অন্যান্য পরিষেবা- কোনও কিছুই কাজ করবে না! SBI গ্রাহকদের জন্য জরুরি খবর
ফাইল চিত্র।Image Credit source: Getty Image

|

Oct 23, 2026 | 8:17 PM

নয়া দিল্লি:  স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (SBI)-এর গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ খবর। আগামিকাল, ২৪ অক্টোবর সাময়িকভাবে বন্ধ থাকবে এসবিআই-র ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা। এর জেরে গ্রাহকদের সমস্যায় পড়তে হতে পারে। তা আগে থেকেই জানিয়ে দিল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। কতক্ষণ পরিষেবা পাওয়া যাবে না?

এসবিআই-র তরফে জানানো হয়েছে, রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী ২৪ অক্টোবর সাময়িকভাবে বন্ধ থাকবে ডিজিটাল ব্যাঙ্কিংয়ের একাধিক পরিষেবা। রাত ১টা ৪৫ মিনিট থেকে রাত ২টো ৩০ মিনিট পর্যন্ত মোট ৪৫ মিনিট ডিজিটাল পরিষেবা ডাউন থাকবে। ইউপিআই (UPI), আইএমপিএস (IMPS), ইয়োনো (YONO), ইন্টারনেট ব্যাঙ্কিং, এনইএফটি (NEFT) এবং আরটিজিএস (RTGS)-এর মতো পরিষেবা ব্যবহার করতে সমস্যা হতে পারে। তাই যাঁদের জরুরি টাকা পাঠানো বা অনলাইন লেনদেন করার পরিকল্পনা রয়েছে, তাঁদের আগে থেকেই সতর্ক হওয়া দরকার।

কোন কোন এসবিআই পরিষেবা বন্ধ থাকবে?

নির্ধারিত রক্ষণাবেক্ষণের সময় এসবিআই-এর একাধিক ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। এই সময়ে গ্রাহকরা টাকা পাঠানো বা ব্যাঙ্কের কিছু পরিষেবা ব্যবহার করতে সমস্যায় পড়তে পারেন।

যে পরিষেবাগুলি প্রভাবিত হবে, সেগুলি হল—

  •  ইউপিআই-এর মাধ্যমে টাকা পাঠানো ও ডিজিটাল পেমেন্ট।
  • আইএমপিএস (IMPS): দ্রুত এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে টাকা পাঠানোর পরিষেবা।
  • YONO: SBI-এর মোবাইল ব্যাঙ্কিং ও ডিজিটাল ব্যাঙ্কিং অ্যাপ।
  • ইন্টারনেট ব্যাঙ্কিং: অনলাইনে ব্যাঙ্কের বিভিন্ন পরিষেবা ব্যবহার।
  • NEFT: ইলেকট্রনিক পদ্ধতিতে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠানো।
  • RTGS: বড় অঙ্কের টাকা দ্রুত স্থানান্তরের পরিষেবা।

রাতের দিকে এই কাজ করা হলেও, যাঁরা ওই সময় অনলাইনে টাকা পাঠান বা জরুরি লেনদেন করেন, তাঁদের বিশেষভাবে সতর্ক থাকা উচিত। তাই জরুরি টাকা পাঠানো বা গুরুত্বপূর্ণ পেমেন্ট করার থাকলে, রক্ষণাবেক্ষণের সময় শুরু হওয়ার আগেই সেই কাজ সেরে নেওয়া ভাল। গ্রাহকদের অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে এসবিআই।

এই সময়ে কীভাবে টাকা লেনদেন করবেন?

এসবিআই-এর নির্দিষ্ট ডিজিটাল পরিষেবাগুলি বন্ধ থাকলেও, কিছু বিকল্প রয়েছে, যার সুবিধা নিতে পারেন গ্রাহকরা। এগুলি হল-

  • UPI Lite: আগে থেকে ইউপিআই লাইট (UPI Lite) চালু করা থাকলে, নির্দিষ্ট সীমার মধ্যে অল্প অঙ্কের পেমেন্ট করা যেতে পারে।
  • এটিএম পরিষেবা: নগদ টাকা তোলার মতো নির্দিষ্ট কাজের জন্য এটিএম ব্যবহার করতে পারেন গ্রাহকরা।

ব্যাঙ্কের ছুটি কবে?

ডিজিটাল পরিষেবার সাময়িক বিঘ্নের পাশাপাশি ব্যাঙ্কের ছুটির দিনগুলিও মাথায় রাখা জরুরি। ২৪ অক্টোবর মাসের চতুর্থ শনিবার। আরবিআই (RBI)-এর নিয়ম অনুযায়ী, সাধারণত প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং রবিবার ব্যাঙ্কের শাখা বন্ধ থাকে। সেই অনুযায়ী, ২৪ অক্টোবর শনিবার এবং ২৫ অক্টোবর রবিবার ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে। তাই নগদ টাকা জমা দেওয়া, নথিপত্র সংক্রান্ত কাজ বা অন্য কোনও ব্যাঙ্কিং পরিষেবার জন্য শাখায় যাওয়ার পরিকল্পনা থাকলে আগে থেকেই ব্যবস্থা করে রাখুন।

Loading...
Unable to load recommendations.
Follow Us