Share Market News: মুছে গেল সাড়ে ৭ লক্ষ কোটি টাকা! শেয়ার বাজারে যেন Black Monday-র প্রত্যাবর্তন

Share Market Amid Middle East Crisis: Emkey Global Financial Service-র মতে, আগামী দু'তিন দিন এই যুদ্ধপরিস্থিতির প্রভাব শেয়ার বাজারে থাকবে। সবচেয়ে বেশি প্রভাব পড়বে পেট্রোপণ্য, এনার্জি সেক্টরের শেয়ারে। কিন্তু পরিস্থিতি ঠান্ডা হলে আবার নিজের গতিতেই ফিরবে বাজার।

Share Market News: মুছে গেল সাড়ে ৭ লক্ষ কোটি টাকা! শেয়ার বাজারে যেন Black Monday-র প্রত্যাবর্তন
প্রতীকী ছবি

|

Mar 02, 2026 | 1:45 PM

নয়াদিল্লি: নজিরবিহীন পতন! আশঙ্কা ছিল, সোমের সকালে তাতেই সিলমোহর বসাল ভারতীয় শেয়ার বাজার। পশ্চিম এশিয়া যুদ্ধভূমে পরিণত হতেই হুড়মুড়িয়ে পড়ল সেনসেক্স। দুপুর ১২টা বেজে ৪০ মিনিট পর্যন্ত এক ধাক্কায় ১৪০০ পয়েন্ট পড়ে গেল সেনসেক্স। নজিরবিহীন পতন নিফটি-৫০-এরও। ৪৭৫ পয়েন্ট পড়ে গেল এই সূচক। এই ভয়াবহ পতনের পর বর্তমানে ৭৯ হাজার ৭২৪ পয়েন্টে রয়েছে সেনসেক্স। অন্যদিকে নিফটি ৫০ রয়েছে ২৪ হাজার ৬৯২ পয়েন্টে।

সোমবার সপ্তাহ শুরুর পরেই শেয়ার বাজারের এই ‘প্রত্য়াশিত’ ট্রেন্ড চোখে পড়ে বিনিয়োগকারীদের। সেনসেক্সের প্রথমসারির ৩০টি শেয়ার হুড়মুড়িয়ে পড়ে যায়। এল অ্যান্ড টি, রিলায়েন্স, মাহিন্দ্রার মতো হেভিওয়েট শেয়ারেও বাজে রকম পতন দেখা যায়। এই আবহে সাময়িক ভাবে বাজার কিছু ওঠার চেষ্টা করলেও তা সামাল দেওয়া যায় না। এখনও পর্যন্ত বিনিয়োগকারীরা সোমবার এক ধাক্কায় সাড়ে ৭ লক্ষ কোটি টাকা খুইয়েছে বলেই মনে করছে।

একদিকে পড়ছে শেয়ার বাজার। অন্যদিকে পতন দেখা গিয়েছে রুপির দরেও। ডলার প্রতি ৯১ টাকায় নেমে এসেছে ভারতীয় রুপি। বিশ্বজুড়ে চলা অনিশ্চয়তা প্রভাব ফেলেছে ভারতের অর্থনৈতিক স্তরে। বিএসই-র আওতায় ইন্ট্রাডে প্রায় ৫ শতাংশ পড়ে গিয়েছে আদানি টোটাল গ্যাস, আইওসি, পেট্রোনেট এলএনজি, বিপিসিএল ইত্যাদি। ইরান-আমেরিকা যুদ্ধপরিস্থিতিতে পেট্রোপণ্যেই যে সবচেয়ে বেশি প্রভাব পড়ছে, তাও কার্যত প্রত্যাশিতই ছিল।

এই পরিস্থিতিতে একজন সাধারণ বিনিয়োগকারীর কী করণীয়? কোন খাতে নিজের টাকার অভিমুখ পরিবর্তন করবেন? নাকি সবটাই তুলে দিতে হবে সময়ের হাতে? Emkey Global Financial Service-র মতে, আগামী দু’তিন দিন এই যুদ্ধপরিস্থিতির প্রভাব শেয়ার বাজারে থাকবে। সবচেয়ে বেশি প্রভাব পড়বে পেট্রোপণ্য, এনার্জি সেক্টরের শেয়ারে। কিন্তু পরিস্থিতি ঠান্ডা হলে আবার নিজের গতিতেই ফিরবে বাজার।