
নয়া দিল্লি: দৈনন্দিন জীবনে কম-বেশি সকলেই চিনির (Sugar Price) ব্যবহার করেন। চা থেকে শুরু করে নিরামিষ সবজি হোক বা কোনও মিষ্টি, সবেতেই চিনির মাস্ট। কিন্তু সেই চিনিই এখন মধ্যবিত্তের পকেটে চাপ বাড়াচ্ছে। বাজারে ক্রমাগত বেড়ে চলেছে চিনির দাম। পরিস্থিতি এমনই যে, দেশের একাধিক বড় শহরে চিনির দাম কেজি প্রতি ৬০ থেকে ৭০ টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে। অথচ দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের তরফে একাধিক পদক্ষেপ করা হলেও খুচরো বাজারে তার বিশেষ প্রভাব দেখা যাচ্ছে না বলে মত বিশেষজ্ঞদের।
চিনির দামের ঊর্ধ্বগতিতে সবচেয়ে বেশি চাপ পড়েছে কলকাতার বাসিন্দাদের উপর। এখানে বর্তমানে কেজি প্রতি চিনির দাম পৌঁছেছে ৭০ টাকায়। দেশের রাজধানী দিল্লিতেও পরিস্থিতি খুব একটা আলাদা নয়। সেখানে কেজি প্রতি চিনির দাম ৬৪ টাকা।
অন্যদিকে, দেশের বাণিজ্যিক রাজধানী মুম্বই এবং ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে কেজি প্রতি চিনির দাম ৬৩ টাকা। তুলনামূলকভাবে কিছুটা কম দাম চেন্নাইয়ে। সেখানে কেজি প্রতি চিনি বিক্রি হচ্ছে ৬০ টাকায়।
চিনির এই মূল্যবৃদ্ধি একদিনে হয়নি। গত এক বছর ধরেই ধাপে ধাপে বেড়েছে দাম। পরিসংখ্যান অনুযায়ী, গত ১২ মাসে চিনির দাম প্রায় ৩০ শতাংশ বেড়েছে। শুধু তাই নয়, গত এক মাসেই আরও প্রায় ৫ শতাংশ দাম বেড়েছে চিনির।
ফলে নিত্যপ্রয়োজনীয় এই পণ্য কিনতেই মাসের বাজেটে বাড়তি খরচ করতে হচ্ছে সাধারণ পরিবারগুলিকে। বিশেষ করে যাঁদের বাড়িতে নিয়মিত চা, মিষ্টি কিংবা অন্যান্য খাবার তৈরিতে চিনির ব্যবহার বেশি, তাঁদের ক্ষেত্রে চাপ সবথেকে বেশি।
চিনির দাম নিয়ন্ত্রণে রাখতে একাধিক পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার। বাজারে সরবরাহ বাড়াতে নতুন করে আড়াই লক্ষ টন চিনি আমদানির কোটা জারি করা হয়েছে। পাশাপাশি, চিনিকলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, চলতি মাসের মধ্যেই যেন তাদের বরাদ্দ কোটার ৯০ শতাংশ চিনি বিক্রি করা হয়।
এবার উৎপাদনও তুলনামূলকভাবে আগে এবং দ্রুত শুরু করেছে চিনিকলগুলি। সরকারের আশা, বাজারে সরবরাহ বাড়লে দাম নিয়ন্ত্রণে আসবে। কিন্তু এত কিছুর পরেও খুচরো বাজারে চিনির দাম কমার কোনও স্পষ্ট ইঙ্গিত নেই।
বিশেষজ্ঞদের মতে, চিনির দাম বৃদ্ধির পিছনে আন্তর্জাতিক বাজারের প্রভাবও রয়েছে। বিশ্ববাজারে চিনির দাম বাড়লে তার প্রভাব পড়ে দেশীয় বাজারেও। একদিকে আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি, অন্যদিকে দেশের বাজারে সরবরাহ ও দামের মধ্যে ভারসাম্য বজায় রাখার চ্যালেঞ্জ—সব মিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে।