
নয়া দিল্লি: ডিজিটাল যুগে এখন সবকিছুই ইন্টারনেট নির্ভর। তবে এখনও বহু মানুষ আছেন, যারা ইন্টারনেট ব্যবহার করেন না। কিন্তু তারপরও তাদের বেশি দাম দিয়ে রিচার্জ করাতে হয়। এবার মোবাইল রিচার্জ নিয়ে বড় সিদ্ধান্ত নিল টেলিকম নিয়ন্ত্রক সংস্থা TRAI। মঙ্গলবার টেলিকম কনজিউমার প্রোটেকশন রেগুলেশন ২০২৬-র ১৩ তম সংশোধন করেছে ট্রাই (TRAI)। নতুন নিয়মে টেলিকম সংস্থাগুলিকে শুধু ভয়েস কল ও এসএমএস (SMS)-এর জন্য আরও বেশি স্পেশাল ট্যারিফ ভাউচার (Special Tariff Voucher) চালু করতে হবে।বিশেষ করে কম মেয়াদের রিচার্জের ক্ষেত্রে এই সুবিধা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
ট্রাই জানিয়েছে, বর্তমানে শুধু কল ও এসএমএস(SMS)-এর জন্য যে রিচার্জগুলি পাওয়া যায়, তার সংখ্যা তুলনামূলকভাবে কম। আবার সেগুলির বেশিরভাগের মেয়াদও বেশি দিনের। ফলে কম খরচে অল্প সময়ের জন্য রিচার্জ করতে চান, এমন গ্রাহকদের সমস্যায় পড়তে হয়।
নতুন নিয়ম অনুযায়ী, কোনও টেলিকম সংস্থা যদি কল, এসএমএস ও ডেটা মিলিয়ে কোনও এসটিভি (STV) চালু রাখে, তাহলে সেই একই মেয়াদের জন্য শুধু ভয়েস ও এসএমএসের রিচার্জ প্যাকও রাখতে হবে। ৩০ দিনের এবং ৩০ দিনের কম—প্রতিটি মেয়াদের ক্ষেত্রেই এই সুবিধা দিতে হবে। একইসঙ্গে, শুধুমাত্র কল ও এসএমএস-এর প্যাকের ক্ষেত্রে ট্যারিফও যথাযথভাবে কম রাখতে হবে।
এছাড়াও, গ্রাহকদের জন্য এমন অন্তত একটি ভয়েস ও এসএমএস ভিত্তিক রিচার্জ (STV) রাখতে হবে, যার রিচার্জ প্রতি মাসে একই তারিখে শুরু করা যায়। কোনও মাসে সেই তারিখ না থাকলে, মাসের শেষ দিনকে রিনিউয়াল তারিখ হিসেবে ধরা হবে।
এর পাশাপাশি, ৩০ দিনের বা তার কম মেয়াদের প্যাকের তুলনায় আরও বেশি মেয়াদের একটি ভয়েস ও এসএমএস রিচার্জ প্যাক-ও রাখতে হবে। সেটির মেয়াদ সংশ্লিষ্ট ভয়েস, এসএমএস ও ডেটা-সহ রিচার্জ প্যাকের মেয়াদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।
ট্রাই-এর বক্তব্য, এই পরিবর্তনের ফলে বিশেষ করে কম আয়ের গ্রাহক যারা, তাদের জন্য রিচার্জের অপশন বাড়বে। যাঁরা মোবাইলে ডেটা ব্যবহার করেন না বা ডেটা-সহ প্যাক নিতে চান না, তারা নিজেদের প্রয়োজন ও আর্থিক সামর্থ্য অনুযায়ী রিচার্জ বেছে নিতে পারবেন। নতুন ট্যারিফ কাঠামো গ্রাহকদের পছন্দের সুযোগ আরও বাড়াবে।
নতুন নিয়মটি হঠাৎ করে নেওয়া হয়নি। এর আগে ৭ এপ্রিল ট্রাই (TRAI) এই সংশোধনের খসড়া প্রকাশ করে মতামত চেয়েছিল। বিভিন্ন পক্ষের কাছ থেকে মোট ১,১৩২টি মতামত জমা পড়ে। এরপর ১৫ জুন ওপেন হাউস ডিসকাশন (Open House Discussion)-এর আয়োজন করা হয়। সেই আলোচনা ও মতামত পর্যালোচনার পর চূড়ান্ত নিয়ম প্রকাশ করেছে TRAI।
নতুন নিয়ম এমন সময়ে এল, যখন টেলিকম সংস্থাগুলি মনিটাইজেশন (monetisation) এবং অ্যাভারেজ রেভেনিউ পার ইউজার (Average Revenue Per User) বাড়ানোর দিকে জোর দিচ্ছে। উদাহরণ হিসাবে, ভারতী এয়ারটেল (Bharti Airtel) গত অগস্টে কিছু আনলিমিটেড দৈনিক-ডেটা প্রিপেড প্ল্যানের এন্ট্রি-লেভেল দাম ২৯৯ টাকা থেকে বাড়িয়ে ৩৪৯ টাকা করেছে। জুন ত্রৈমাসিকে এয়ারটেল-এর মোবাইল ARPU ছিল ২৬৪ টাকা, যা এক বছর আগে ছিল ২৫০ টাকা। অর্থাৎ গ্রাহক পিছু আয় ১৪ টাকা বেড়েছে।
TRAI-এর নতুন নিয়ম কার্যকর হলে ডেটা ব্যবহার না করা বা কম ব্যবহার করা গ্রাহকদের জন্য শুধুমাত্র কল ও SMS-কেন্দ্রিক রিচার্জের বিকল্প আরও বাড়তে পারে।