
নয়া দিল্লি: ট্রেনে রোজ যাতায়াত করেন? তবে আপনার জন্য রয়েছে জরুরি খবর। এবার শুধু টিকিট নিয়ে ট্রেনে উঠলে হবে না। সঙ্গে রাখতে হবে আরও একটা জরুরি নথি। নাহলে মোটা অঙ্কের জরিমানা হতে পারে। ১ অক্টোবর থেকেই ট্রেনের নতুন নিয়ম কার্যকর হয়েছে।
ট্রেনে যারা যাতায়াত করেন, তাদের এবার থেকে সঙ্গে অরিজিনাল আইডেন্টিটি কার্ড বা পরিচয়পত্র রাখতে হবে। সেন্ট্রাল রেলওয়ে এক মাস ব্যাপী বিশেষ টিকিট চেকিং ক্যাম্পেন চালু করেছে। ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর অবধি এই ক্যাম্পেন চলবে। এই সময়ের মধ্যে সাধারণ টিকিটের পাশাপাশি কনসেশন টিকিট, ফিক্সড রিজার্ভেশন কোটা, রেলওয়ে পাস ও অসংরক্ষিত টিকিটও চেক করা হবে।
উৎসবের মরশুমে এমনিতেই ট্রেনে ভিড় বাড়ছে। এই সময়ে বিভিন্ন স্টেশন ও ট্রেনে টিকিট চেক করা হবে। এক্ষেত্রে যদি কোনও যাত্রীর কাছে সিঙ্গল টিকিট থাকে, যাতে একাধিক যাত্রী সফর করছেন, তবে তাদের ক্ষেত্রে আসল পরিচয়পত্র রাখা বাধ্যতামূলক।
রেলের তরফে জানানো হয়েছে, যদি কোনও ব্যক্তি পরিবার বা বন্ধুদের নিয়ে ট্রেনে সফর করেন এবং একটি টিকিটে একাধিক যাত্রীর টিকিট ইস্যু থাকে, তবে ওই যাত্রীদের মধ্যে অন্তত একজনকে অরিজিনাল ফোটো আইডি বা আসল পরিচয়পত্র নিয়ে যেতে হবে। যদি কোনও যাত্রীর কাছেই আসল পরিচয়পত্র না থাকে, তাহলে কিন্তু বৈধ টিকিট থাকা সত্ত্বেও সকলকে বিনা টিকিটের যাত্রী হিসাবে গণ্য করা হবে। সেক্ষেত্রে মোটা অঙ্কের জরিমানা করা হতে পারে। মোবাইলে পরিচয়পত্রের ছবি দেখালেও চলবে না। আসল পরিচয়পত্রই দেখাতে হবে।