
নয়া দিল্লি: হোয়াটসঅ্যাপ (WhatsApp) ব্যবহারকারীদের জন্য দারুণ খবর। এবার হোয়াটসঅ্যাপে আসতে চলেছে নতুন ফিচার (WhatsApp News Feature)। এবার স্ট্যাটাসে ছবি বা ভিডিয়ো আপলোড না করেই সরাসরি নিজের লোকেশন শেয়ার করতে পারবেন ব্যবহারকারীরা। এই নতুন ফিচার চালু হলে হোয়াটসঅ্যাপ লোকেশন শেয়ার করার পদ্ধতি আরও সহজ হবে। ফিচারটি ইতিমধ্যেই অ্যান্ড্রয়েডের বিটা ভার্সনে দেখা গিয়েছে বলে খবর।
এখন হোয়াটসঅ্যাপ লোকেশন শেয়ার করতে হলে প্রথমে গ্যালারি থেকে কোনও ছবি বা ভিডিয়ো বেছে নিতে হয়। এরপর সেই ছবি বা ভিডিয়োর উপর লোকেশন স্টিকার যুক্ত করে স্ট্যাটাস দিতে পারেন ব্যবহারকারীরা। কিন্তু, নতুন ফিচার চালু হলে আর সেই ঝামেলা থাকবে না।
জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপ-এর আপডেটস ট্যাবের স্ট্যাটাস কম্পোজ়ার আলাদা করে লোকেশেন নামে একটি অপশন দেখা যেতে পারে। সেখানে ক্লিক করলেই সরাসরি লোকেশন শেয়ার করার সুযোগ মিলবে। এর জন্য কোনও ছবি বা ভিডিয়ো আপলোড করার প্রয়োজন হবে না।
নতুন ফিচারে লোকেশন শেয়ার করলে একটি ম্যাপ কার্ড দেখা যাবে। সেখানে সবুজ রঙের পিন দিয়ে নির্দিষ্ট জায়গাটি চিহ্নিত করা থাকবে। পাশাপাশি ওই জায়গার নাম এবং সম্পূর্ণ ঠিকানাও দেখা যাবে।
ফোনে লোকেশন ব্যবহারের অনুমতি দেওয়া থাকলে হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর বর্তমান অবস্থান শনাক্ত করতে পারবে। তবে স্ট্যাটাসে শেয়ার করার আগে ব্যবহারকারীকে নিজের লোকেশন নিশ্চিত করতে হতে পারে।
এই ফিচারে গোপনীয়তার দিকেও নজর রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। কেউ যদি নিজের নির্দিষ্ট অবস্থান প্রকাশ করতে না চান, তাহলে ফোনের সেটিংস থেকে অ্যাপ্রোক্সিমেট লোকেশন শেয়ার করার বিকল্প বেছে নিতে পারবেন। এছাড়া নিজের বর্তমান অবস্থানের পরিবর্তে অন্য কোনও জায়গাও ম্যানুয়ালি নির্বাচন করে শেয়ার করা যাবে।
কোনও পরিচিত ব্যক্তি সেই স্ট্যাটাস দেখলে স্ক্রিনের উপরের দিকে থাকা একটি অপশনে ক্লিক করে সংশ্লিষ্ট জায়গার বিস্তারিত তথ্য দেখতে পারবেন।
প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড অ্যাপের বিটা ভার্সনে এই ফিচারের খোঁজ পাওয়া গিয়েছে। তবে এখনও পর্যন্ত এটি বিটা ব্যবহারকারীদের জন্যও চালু করা হয়নি। আপাতত ফিচারটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। কবে এই সুবিধা সমস্ত ব্যবহারকারীর জন্য চালু হবে, সে বিষয়ে মেটা বা হোয়াটসঅ্যাপের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।