
নয়া দিল্লি: চিপস (Chips Packet) খেতে ভালবাসেন না, এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। ছোট থেকে বড়, প্রায় প্রত্যেকের বাড়িতেই থাকে চিপস বা নানা ধরনের মুখরোচক স্ন্যাকসের প্যাকেট (Snacks Packet)। বাজারে এখন একাধিক দেশি-বিদেশি সংস্থার চিপস পাওয়া যায়। কিন্তু অনেকেরই একটা প্রশ্ন থাকে, চিপসের প্যাকেট খুললেই দেখা যায় অর্ধেকেরও বেশি অংশ ফাঁকা? ভিতরে চিপসের তুলনায় অনেক বেশি জায়গা জুড়ে রয়েছে হাওয়া! তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, সংস্থাগুলি কি কম চিপস দিয়ে বেশি দাম নিচ্ছে? নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ?
অনেকেই মনে করেন, চিপসের প্যাকেটের ভিতরে সাধারণ বাতাস ভরে দেওয়া হয়। কিন্তু বিষয়টি তেমন নয়। চিপসের প্যাকেটের ভিতরে সাধারণত ভরা হয় নাইট্রোজেন গ্যাস। এটি একটি নিষ্ক্রিয় গ্যাস। অর্থাৎ খাবারের সঙ্গে সহজে রাসায়নিক বিক্রিয়া করে না। ফলে চিপসের গুণমান বজায় রাখতে সাহায্য করে এই গ্যাস।
চিপস দীর্ঘদিন মুচমুচে ও টাটকা রাখতে নাইট্রোজেন গ্যাসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্যাকেটের ভিতরে নাইট্রোজেন থাকলে অক্সিজেনের উপস্থিতি কমে। ফলে চিপসে থাকা তেল ও চর্বি অক্সিডেশনের মাধ্যমে নষ্ট হওয়ার আশঙ্কা কমে যায়। একইসঙ্গে আর্দ্রতার প্রভাব থেকেও চিপসকে রক্ষা করতে সাহায্য করে বিশেষ ধরনের প্যাকেজিং। ফলে দীর্ঘদিন চিপসের স্বাদ ও গুণমান বজায় থাকে।
চিপস অত্যন্ত হালকা। সহজে ভেঙে যায়। কারখানা থেকে দোকান, সেখান থেকে ক্রেতার হাতে পৌঁছনো পর্যন্ত একাধিকবার প্যাকেট ওঠানামা করে। প্যাকেটের ভিতরে পর্যাপ্ত জায়গা না থাকলে যাতায়াতের সময় ধাক্কা লেগে চিপস ভেঙে যেতে পারে। নাইট্রোজেন ভরা প্যাকেট অনেকটা কুশনের মতো কাজ করে। ফলে বাইরের ধাক্কা থেকে চিপসকে রক্ষা করা সম্ভব হয়। অর্থাৎ চিপস অক্ষত রাখার ক্ষেত্রেও এই গ্যাসের ভূমিকা রয়েছে।
এবার প্রশ্ন উঠতেই পারে, প্যাকেটের ভিতরে যদি এতটা জায়গা ফাঁকাই থাকে, তাহলে প্যাকেট এত বড় করা হয় কেন? এর পিছনে রয়েছে বিপণন ও প্যাকেজিংয়ের কৌশল। বড় প্যাকেট দেখতে আকর্ষণীয় লাগে। ক্রেতাদের কাছে পণ্যটি তুলনায় বেশি পরিমাণের বলেও মনে হতে পারে। পাশাপাশি বড় প্যাকেটের কারণে যন্ত্রের সাহায্যে প্যাকেজিং করা এবং পরিবহণের সময় চিপস সুরক্ষিত রাখাও সহজ হয়।
খাদ্যশিল্পে প্যাকেটের ভিতরে প্রয়োজনের তুলনায় কিছুটা অতিরিক্ত জায়গা রেখে খাবার ভরার এই পদ্ধতিকে বলা হয় ‘স্ল্যাক ফিলিং’ (Slack Filling)। বিভিন্ন প্রস্তুতকারী সংস্থা এই ধরনের প্যাকেজিং পদ্ধতি ব্যবহার করে।
ভারতে খাদ্যপণ্যের প্যাকেজিং ও গুণমান নিয়ন্ত্রণ করে FSSAI। প্যাকেটের ভিতরে অতিরিক্ত জায়গা রাখা হলেই তা ক্রেতাকে ঠকানো বলে গণ্য হয় না। তবে প্যাকেজিংয়ের ক্ষেত্রে খাদ্যের সুরক্ষা ও গুণমান বজায় রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ। একইসঙ্গে প্যাকেটের গায়ে পণ্যের প্রকৃত পরিমাণ বা নেট ওজন সঠিকভাবে উল্লেখ করা বাধ্যতামূলক। অর্থাৎ প্যাকেট যত বড়ই হোক, ক্রেতা কতটা চিপস কিনছেন, তা জানার অধিকার রয়েছে তাঁর।