
নয়াদিল্লি: নতুন বছরে দুঃখের খবর শোনাবে EPFO? কমবে সুদের হার? আসন্ন মাসেই বৈঠকে বসতে চলেছে EPFO-এর কেন্দ্রীয় বোর্ড। তার আগেই জমা হয়েছে সংশয়ের মেঘ। সুদের হার কমিয়ে দেওয়া হতে পারেই বলে মনে করছেন একাংশ। অর্থাৎ ২০২৫-২৬ অর্থবর্ষে প্রভিডেন্ট ফান্ডে জমা পড়ায় টাকা অল্প সুদ দিতে চাইছে EPFO। কিন্তু এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ হবে কেন্দ্রীয় বোর্ডের বৈঠকেই।
দ্য় ইকনোমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবর্ষের কেন্দ্রীয় বৈঠকে বার্ষিকী সুদ ৮ শতাংশ থেকে ৮.২০ শতাংশের মধ্য়ে রাখা হতে পারে। যা গতবছর ছিল ৮.৩০ শতাংশ। কিন্তু এই অঙ্ক যে চূড়ান্ত তা নয়। একাংশের মতে, EPFO-র এই সুদের হার নির্ধারণের ক্ষেত্রে রাজনৈতিক অভিসন্ধিকেও কাজে লাগানো হতে পারে। চলতি বছরেই বাংলা, তামিলনাড়ু, কেরল-সহ দেশের একাধিক রাজ্য়ে নির্বাচন। এই পরিস্থিতিতে প্রভিডেন্ট ফান্ডের সুদের হার অপরিবর্তিতও (৮.২৫ শতাংশ) রাখা হতে পারে।
জানা গিয়েছে, চলতি মাসের শেষে EPFO-এর ফিনান্স, ইনভেস্টমেন্ট এবং অডিট কমিটির একটি বৈঠক হবে। তাঁরা EPFO কেন্দ্রীয় বোর্ড গোটা এক বছরের তথ্য়-সহ একটি সুদের হার সুপারিশ করবে। কেন্দ্রীয় বোর্ড তাতে সম্মতি জানাবে মার্চের বৈঠকে। তারপর সেই ভিত্তিতেই হবে ঘোষণা।