
নয়া দিল্লি: খোলনচে বদলেছে জিএসটি (GST)। ২২ সেপ্টেম্বর থেকে জিএসটিতে আর থাকবে না চারটি স্ল্যাব। শুধুমাত্র ৫ শতাংশ ও ১৮ শতাংশের জিএসটি স্ল্য়াবই থাকবে। জিএসটির এই পরিবর্তনের মধ্যে একটা জল্পনা শোনা গিয়েছিল যে মদের উপরেও আলাদাভাবে জিএসটি বসতে পারে। সত্যিই কি সরকার এবার মদের উপরে জিএসটি চাপাবে? উত্তর দিলেন খোদ অর্থমন্ত্রী নির্মলা সীতারামনই (Nirmala Sitharaman)।
অনেক রাজ্যই জানিয়েছিল যে জিএসটির স্ল্যাবে পরিবর্তন করলে, রাজস্ব কমে যাবে। রাজ্যের আয় কমে যাবে। এই আয় বাড়াতে সিগারেট, তামাকজাত পণ্যের মতো মদের উপরেও পণ্য ও পরিষেবা কর (GST) বসানো হোক। তবে জিএসটির ঘোষণায় এমন কোনও উল্লেখ করা হয়নি। এবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বললেন যে মদের উপরে জিএসটি বসানো হবে কি না, তা সম্পূর্ণভাবে রাজ্য সরকারগুলির উপরেই নির্ভর করছে।
বর্তমানে রাজ্য সরকারগুলিই অ্যালকোহল বা পানীয় মদের উপরে কর বসায়। উৎপাদন বা ম্যানুফাকচারিংয়ের উপরে আবগারি শুল্ক (excise duty) এবং বিক্রির উপরে ভ্যাট বসানো হয়। এই দুই কর মিলিয়েই রাজস্ব আয় হয় রাজ্যগুলির।
গত মার্চেই দিল্লি সরকার আবগারি শুল্ক বাবদ ৫ হাজার ৬৯ কোটি টাকা আয় করেছিল। সেখানেই দুধ বিক্রি করে আয় হয়েছিল মাত্র ২১০ কোটি টাকা। বিগত ৩ বছর ধরেই রাজ্যের আয় হয়েছে ৫ হাজার কোটি টাকার বেশি।
২০২৪ অর্থবর্ষে মহারাষ্ট্রে মদ বিক্রি করে আয় হয়েছিল ২৩ হাজার ২৫০ কোটি টাকা। এবার আরও ১৪ হাজার কোটি টাকা অতিরিক্ত আয় হতে পারে।
তামিলনাড়ুতে মদ বিক্রি করে আয় আরও বেশি। ২০২৪-২৫ অর্থবর্ষে আয় হয়েছিল ৪৮ হাজার ৩৪৪ কোটি টাকা। তার আগের বছর আয় হয়েছিল ৪৫ হাজার ৮৫৬ কোটি টাকা।
সম্প্রতি জিএসটি কাউন্সিল মদের উপরে ৪০ শতাংশ সিন ট্যাক্স বা পাপ কর বসানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে মদের দাম আরও বাড়তে চলেছে।