Retire Investment Plan: অবসরের পর ৬০ হাজার টাকা নিশ্চিত আয়, এই বিশেষ স্কিমে আবেদন করলেই…

Investment Plan for Retired People: অটল পেনশন যোজনা (এপিওয়াই) হল ভারত সরকার কর্তৃক ২০১৫ সালে চালু হওয়া একটি সামাজিক সুরক্ষা প্রকল্প। যা কর্মরত ব্যক্তিদের বার্ধক্যে আর্থিক সহায়তা প্রদানের জন্য তৈরি করা হয়েছে। এই প্রকল্পে ৬০ বছর বয়সের পর প্রতি মাসে ১ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত পেনশন প্রদান করা হয়।

Retire Investment Plan: অবসরের পর ৬০ হাজার টাকা নিশ্চিত আয়, এই বিশেষ স্কিমে আবেদন করলেই...
অটল পেনশন যোজনাImage Credit source: Getty Images

Apr 24, 2026 | 12:55 PM

নয়া দিল্লি: বার্ধক্যে নিশ্চিত আয় পেতে চান? স্বল্প বিনিয়োগেই কিন্তু তা ৬০ হাজার টাকা পর্যন্ত হতে পারে। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের অটল পেনশন যোজনা (APY) আপনার জন্য দারুণ বিকল্প হতে পারে। দেশজুড়ে ৯ কোটিরও বেশি মানুষ ইতিমধ্যেই এই প্রকল্পে বিনিয়োগ করেছেন। এই প্রকল্পের মাধ্যমে বছরে ৬০ হাজার পর্যন্ত নিশ্চিত পেনশন পেতে পারেন। আর এর জন্য বড় অঙ্কের বিনিয়োগও করতে হবে না আপনাকে।

কত টাকা বিনিয়োগ করতে হবে?

অটল পেনশন যোজনা (এপিওয়াই) হল ভারত সরকার কর্তৃক ২০১৫ সালে চালু হওয়া একটি সামাজিক সুরক্ষা প্রকল্প। যা কর্মরত ব্যক্তিদের বার্ধক্যে আর্থিক সহায়তা প্রদানের জন্য তৈরি করা হয়েছে। এই প্রকল্পে ৬০ বছর বয়সের পর প্রতি মাসে ১ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত পেনশন প্রদান করা হয়। এর অর্থ হল বছরে ১২ হাজার থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত আয় হবে আপনার।

সরকারি তথ্য অনুযায়ী, এই প্রকল্পের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। শুধুমাত্র ২০২৫-২৬ অর্থবর্ষে ১ কোটি ৩৫ লক্ষ নতুন গ্রাহক যুক্ত হয়েছেন। এই প্রকল্পে যোগদানের জন্য নির্দিষ্ট বয়সসীমাও রয়েছে। এই প্রকল্পে ব্যক্তির বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তার জন্য একটি ব্যাঙ্ক বা পোস্ট অফিস অ্যাকাউন্ট থাকতে হবে। এছাড়াও, প্রকল্পটি বিশেষভাবে তাঁদের জন্য যাঁরা আয়কর দেন না।

আপনি কত পেনশন পাবেন

পেনশনের পরিমাণ নির্ভর করে আপনি প্রতি মাসে কত টাকা বিনিয়োগ করছেন। একইসঙ্গে কোন বয়সে এই প্রকল্পে যোগদান করছেন তার উপরও নির্ভর করে। উদাহরণস্বরূপ, যদি কোনও ব্যক্তি ২৫ বছর বয়সে এই প্রকল্পে যোগদান করেন, তাহলে তাঁকে ৬০ বছর বয়স পর্যন্ত প্রতি মাসে প্রায় ৩৭৬ টাকা জমা দিতে হবে। সেক্ষেত্রে মাসে ৫ হাজার টাকা পেনশন পাবেন।

প্রকল্পের আরও একটা বিশেষত্ব হল গ্রাহকের মৃত্যুর পরেও তাঁর স্বামী বা স্ত্রী পেনশন পাবেন। উভয়ের মৃত্যুর পর, নমিনি যিনি থাকবেন, তাঁর কাছে সঞ্চিত অর্থ দেওয়া হবে। সার্বিকভাবে, অটল পেনশন যোজনা প্রকল্প স্বল্প আয়ের ব্যক্তিদের জন্য একটি নিরাপদ ও নির্ভরযোগ্য পেনশন বিকল্প। যা তাঁদের বার্ধক্যে আর্থিক স্বাধীনতা প্রদান করবে।

Follow Us