
নয়া দিল্লি: সময়ের সঙ্গে সঙ্গে সঞ্চয়ের ধরন বদলেছে। এখন ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিটের বদলে এসআইপি, শেয়ার মার্কেটেই বিনিয়োগ করতে পছন্দ করেন। তবে এমন অনেকে রয়েছেন, যারা আজকের বাজারে দাঁড়িয়েও ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করাই শ্রেয় মনে করেন।
আপনি যদি বিনিয়োগ করতে চান, কিন্তু ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করতে নারাজ থাকেন, তবে আপনার জন্য রয়েছে বিনিয়োগের এক দারুণ অপশন। আপনি নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই সুইপ ইন এফডি অপশন ব্যবহার করতে পারেন। এর জন্য শুধু ব্যাঙ্কে গিয়ে সুইপ ইন এফডি অপশনটি অন করতে হবে ।
এই অপশন যদি অন করেন, তবে আপনার অ্যাকাউন্টে জমা রাখা অর্থের উপরে ফিক্সড ডিপোজিটের সমান হারের সুদ পাবেন। ব্য়াঙ্ক অটোমেটিকই অ্যাকাউন্টকে ফিক্সড ডিপোজিট ক্যাটেগরিতে রাখে এবং তার ভিত্তিতে সুদ দেয়।
সর্বাধিক ৫ বছরের জন্য এই সুইপ ইন ফিক্সড ডিপোজিটের সুবিধা পাওয়া যায়। ন্যূনতম ২৫ হাজার টাকা বিনিয়োগ করতে হয় সুইপ ইন এফডি-তে। এই ফিক্সড ডিপোজিটের সুবিধা হল এই ফান্ড থেকে টাকা তুললে কোনও জরিমানা দিতে হয় না, যা সাধারণ ফিক্সড ডিপোজিটের মেয়াদ পূরণের আগে টাকা তুললে গ্রাহক দিতে বাধ্য থাকেন।