
নয়া দিল্লি : দীর্ঘমেয়াদি, নিশ্চিত, নিরাপদ সঞ্চয়ের জন্য অনেকেই ব্যাঙ্কে ফিক্সড ডিপোজ়িট (Fixed Deposit) করতে পছন্দ করেন। আবার অনেকে পোস্ট অফিসেও বিনিয়োগ (Post Office Scheme) করেন। পোস্ট অফিসে এমন কিছু প্রকল্প রয়েছে যা আপনাকে ব্যাঙ্কের থেকেও বেশি রিটার্ন দেবে। একইসঙ্গে বিনিয়োগ করাও নিরাপদ। আজ পোস্ট অফিসের এমনই একটি স্কিম নিয়ে আলোচনা করব, যে স্কিম থেকে আপনি মাসে অন্তত দশ হাজার টাকা করে আয় করতে পারেন। কী স্কিম, কীভাবে আপনি লাভবান হবেন, দেখে নেওয়া যাক…
মান্থলি ইনকাম স্কিম
পোস্ট অফিসের স্কিমের নাম মান্থলি ইনকাম স্কিম (Monthly Income Scheme) বা MIS। এই স্কিমে মূলত, পাঁচ বছরের জন্য বিনিয়োগ করতে হয়। এটি এককালীন বিনিয়োগ প্রকল্প। যেখানে একজন ব্যক্তি ৯ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। আবার জয়েন্ট অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। সুদের হার ৭.৪ শতাংশ। আর এই বিশেষ স্কিম থেকে প্রতি মাসে ৯ হাজার ২৫০ টাকা পর্যন্ত আয় করা যাবে।
কত রিটার্ন পাবেন?
পোস্ট অফিসের এই বিশেষ স্কিম অনুযায়ী, আপনি সর্বোচ্চ ৯ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে মাসে ৫ হাজার ৫৫০ টাকা রিটার্ন পাবেন। বছরে হবে ৬৬ হাজার ৬০০ টাকা। সেক্ষেত্রে অবশ্যই একক অ্যাকাউন্ট হতে হবে। অন্যদিকে, জয়েন্ট অ্যাকাউন্টে বিনিয়োগও বেশি। সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই রিটার্ন পাওয়ার সম্ভাবনাও বেশি হয়। অর্থাৎ জয়েন্ট অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে আপনি মাসে ৯ হাজার ২৫০ টাকা রিটার্ন পাবেন। যা বছরে হবে ১ লক্ষ ১১ হাজার টাকা।
প্রকল্পের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল, বিনিয়োগের সময়সীমা ৫ বছর। এই মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর বিনিয়োগের পুরো টাকা আপনি রিটার্ন পাবেন। একইসঙ্গে মাসে ৫ হাজার থেকে ৯ হাজার পর্যন্ত আয় হবে। এই প্রকল্পের সুবিধা পেতে হলে বিনিয়োগকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। অ্যাকাউন্টটি এককভাবে বা যৌথভাবে খোলা যেতে পারে।
স্কিম সম্পর্কে কিছু তথ্য
অ্যাকাউন্ট খোলার এক বছর পর অ্যাকাউন্ট হোল্ডার অ্যাকাউন্টটি বন্ধ করে বিনিয়োগ করা অর্থ তুলে নিতে পারেন। তবে, মাসে সুদের টাকা তোলা না হলে, কোনও অতিরিক্ত সুদ পাওয়া যায় না। সুদের টাকা স্বয়ংক্রিয়ভাবে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে অথবা সরাসরি বিনিয়োগকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হতে পারে। এদিকে, স্টক বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে উচ্চতর রিটার্ন পাওয়া যেতে পারে। তবে, এই স্কিমের সুবিধা হল কম ঝুঁকিপূর্ণ ও রিটার্নও নিশ্চিত।