32nd KIFF: সরকার বদলের পর ‘KIFF’ এর লোগো বদল, বদলাল উদ্বোধনী অনুষ্ঠানের চেনা ভেন্যুও! আর কী কী চমক থাকছে?

32nd KIFF Updates: রাজ্যে সরকার বদলের পর এই প্রথম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আর প্রথমবারেই বদলে গেল উদ্বোধনী অনুষ্ঠানের চেনা ভেন্যু! প্রসেনজিৎ-মিঠুনের হাত ধরে এবারের কিফ-এ থাকছে একঝাঁক বড় চমক। উদ্বোধনে আসছেন বলিউড থেকে দক্ষিণী ইন্ডাস্ট্রির একাধিক মেগাস্টার। আর কী কী বদল এল এবার?

32nd KIFF: সরকার বদলের পর KIFF এর লোগো বদল, বদলাল উদ্বোধনী অনুষ্ঠানের চেনা ভেন্যুও! আর কী কী চমক থাকছে?
বিস্তারিত জানুনImage Credit source: tv9 network

Nov 01, 2026 | 5:22 PM

রাজ্যে সরকার বদলের পর এই প্রথম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF)। আর প্রথমবারেই চমকের পর চমক! এক ধাক্কায় বদলে গেল চেনা ছক। নতুন লোগো, নতুন নেতৃত্ব, এমনকী বদলে গিয়েছে উদ্বোধনী অনুষ্ঠানের চেনা ভেন্যুও। তবে সব চেয়ে বড় চমক থাকছে অতিথি তালিকায়। উদ্বোধনী মঞ্চে এবার আক্ষরিক অর্থেই চাঁদের হাট। তিলোত্তমায় আসছেন রজনীকান্ত, প্রভাস, অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, অনুপম খের, পরেশ রাওয়াল, জনি লিভার, কঙ্গনা রানাওয়াতের মতো তারকারা। থাকছেন অনুরাগ বসু, মধুর ভাণ্ডারকরের মতো বিশিষ্ট পরিচালকেরাও।

আর কী কী চমক রয়েছে?

রবিবার এক জমকালো লোগো লঞ্চ অনুষ্ঠানের মধ্য দিয়ে ৩২ তম কিফ-এর আনুষ্ঠানিক ঘোষণা হল। এবারের চলচ্চিত্র উৎসবের রাশ থাকছে একেবারে হেভিওয়েটদের হাতে। কিফ-এর চেয়ারপার্সনের দায়িত্বে রয়েছেন খোদ ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। উৎসবের মুখ্য উপদেষ্টা হিসেবে রয়েছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। রবিবারের তারকাপ্রভ অনুষ্ঠানে প্রসেনজিৎ ও মিঠুনের সঙ্গে উপস্থিত ছিলেন জিৎ, হিরণ চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ। এছাড়াও ছিলেন ডক্টর সৌমিত্র মোহন, নন্দনের সিইও এবং কিফ ডিরেক্টর শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়।

আগামী ১৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এবারের সিনেমা উৎসব। সিনে-আড্ডা আর ছবির লড়াই চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। বিগত বেশ কয়েক বছরের ট্র্যাডিশন ভেঙে এবার উদ্বোধনী অনুষ্ঠানের ভেন্যু বদল করা হয়েছে। ৩২ তম কিফ-এর পর্দা উঠবে খাস ভিক্টোরিয়া মেমোরিয়ালে। পাশাপাশি, রবিবারের অনুষ্ঠানে এবারের ‘ফোকাস কান্ট্রি’ হিসেবে আয়ারল্যান্ডের নাম ঘোষণা করেন অভিনেতা জিৎ।

উৎসবের পরতে পরতে থাকছে আভিজাত্য ও রুচিশীলতার ছোঁয়া। বদলে গিয়েছে কিফ-এর পুরনো লোগো। নতুন এই নজরকাড়া লোগোটির ডিজাইন করেছেন স্বয়ং পরিচালক সন্দীপ রায়। এখানেই শেষ নয়, উৎসবের সিগনেচার বা থিম ফিল্মও (যা প্রতিটি ছবি শুরুর আগে স্ক্রিনে দেখানো হয়) তৈরি করছেন তিনি। অন্যদিকে, উৎসবের থিম মিউজিক বানাচ্ছেন রাতুল শঙ্কর।

এবারের উৎসব যে আগের চেয়ে অনেকটাই আলাদা ও আন্তর্জাতিক মানের হতে চলেছে, সে কথা মনে করিয়ে দিয়েছেন চেয়ারপার্সন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি এদিন বলেন, “আন্তর্জাতিক মানের মানুষদের ডাকার চেষ্টা হচ্ছে, যা আগে কখনও হয়নি।” অতিথিদের নতুন তালিকা দেখলেই স্পষ্ট, সেই প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে।

স্বাভাবিকভাবেই সিনেপ্রেমীদের উন্মাদনা এখন তুঙ্গে। যাঁরা ডেলিগেট হিসেবে ছবি দেখতে চান, তাঁদের জন্য আগামী ৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে কার্ড এনরোলমেন্ট পর্ব। কিফ-এর নিজস্ব ওয়েবসাইট (www.kiff.in)-এ গিয়ে সহজেই ডেলিগেট কার্ডের জন্য আবেদন করা যাবে। শীতের শহরে ফের একবার আন্তর্জাতিক সিনেমার মেজাজ, আর সেই উন্মাদনার পারদ যে এখন থেকেই চড়তে শুরু করেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

Loading...
Unable to load recommendations.
Follow Us