রণবীর-ফারহান সংঘাত মেটাতে ময়দানে আমির-হৃত্বিক, ৪০ কোটির ধাক্কায় টালমাটাল বলিউড
সম্প্রতি মুম্বইয়ে বিষয়টি নিয়ে এক গোপন বৈঠক বসেছিল। সেখানে শুধুমাত্র ফারহান বা রণবীর নন, উপস্থিত ছিলেন আমির খান, হৃত্বিক রোশন, রাজকুমার হিরানি, সাজিদ নাদিয়াদওয়ালা এবং জোয়া আখতারের মতো ব্যক্তিত্বরা। আমিরের সঙ্গে ফারহানের সম্পর্ক ‘দিল চাহতা হ্যায়’র সময় থেকেই অত্যন্ত ঘনিষ্ঠ। অন্যদিকে হৃত্বিকও ফারহানের ছোটবেলার বন্ধু। ইন্ডাস্ট্রির এই অভিভাবকরা চাইছেন না ‘ডন ৩’ নিয়ে কোনও আইনি জটিলতা তৈরি হোক।

বিগ বি থেকে শাহরুখ- ‘ডন’ ফ্র্যাঞ্চাইজি মানেই বক্স অফিসে হিট। কিন্তু সেই চেনা ছবিটাই যেন ‘ডন ৩’-এর ক্ষেত্রে ওলটপালট হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে, ছবির পরিচালক ফারহান আখতার এবং নতুন ‘ডন’ রণবীর সিংয়ের মধ্যে সম্পর্ক এখন কার্যত তলানিতে। আর এই ফাটল এতটাই চওড়া হয়েছে যে, তা মেটাতে আসরে নামতে হয়েছে বলিউডের হেভিওয়েটদের।
কী নিয়ে এই বিবাদ?
ছবিটির দিশা পরিবর্তন এবং কিছু বড়সড় রদবদলের কারণে প্রায় ৪০ কোটি টাকার লোকসান হয়েছে প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্টের। প্রযোজক পক্ষ থেকে এই বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দাবি করেছে রণবীরের কাছে। আর এই নিয়েই শুরু হয়েছে শীতল যুদ্ধ। পরিস্থিতি এতটাই জটিল যে, প্রডিউসার্স গিল্ড অফ ইন্ডিয়াকেও এই বিষয়ে হস্তক্ষেপ করতে হয়েছে।
সম্প্রতি মুম্বইয়ে বিষয়টি নিয়ে এক গোপন বৈঠক বসেছিল। সেখানে শুধুমাত্র ফারহান বা রণবীর নন, উপস্থিত ছিলেন আমির খান, হৃত্বিক রোশন, রাজকুমার হিরানি, সাজিদ নাদিয়াদওয়ালা এবং জোয়া আখতারের মতো ব্যক্তিত্বরা। আমিরের সঙ্গে ফারহানের সম্পর্ক ‘দিল চাহতা হ্যায়’র সময় থেকেই অত্যন্ত ঘনিষ্ঠ। অন্যদিকে হৃত্বিকও ফারহানের ছোটবেলার বন্ধু। ইন্ডাস্ট্রির এই অভিভাবকরা চাইছেন না ‘ডন ৩’ নিয়ে কোনও আইনি জটিলতা তৈরি হোক। তাঁদের মূল লক্ষ্য হল, রণবীর এবং ফারহানের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে মিটমাট করিয়ে দেওয়া।
আইনি পথ নাকি আপস?
গিল্ডের সদস্যরা স্পষ্ট জানিয়েছেন, এই অচলাবস্থা কাটানো জরুরি। যদি দ্রুত সমাধান না হয়, তবে বিষয়টি আদালতের দোরগোড়ায় পৌঁছাতে পারে। যদিও সুত্রের খবর, পর্দার আড়ালে সমঝোতার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। শুধু তাই নয়, এই ঘটনার পর বলিউডের চুক্তি এবং সালিশি ব্যবস্থাকে আরও কঠোর করার পরিকল্পনা করছে গিল্ড, যাতে ভবিষ্যতে কোনও বড় প্রজেক্ট এভাবে মাঝপথে আটকে না যায়। শাহরুখের বদলে রণবীরকে মেনে নিতে ভক্তদের একাংশ এমনিতেই দ্বিধায় ছিলেন। তার ওপর এই ৪০ কোটির বিতর্ক ছবির ভবিষ্যৎকে কোন দিকে নিয়ে যায়, এখন সেটাই দেখার। শেষ পর্যন্ত আমির-হৃত্বিকের মধ্যস্থতায় ‘ডন ৩’ তার পুরনো দাপট ফিরে পায় কি না, তা সময়ই বলবে।
