
ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ভোটের প্রচারে গিয়েছিলেন অভিনেতা সোহেল দত্ত। তবে রবিবার অসুস্থ হয়ে পড়েন তিনি। এতটাই অসুস্থ হয়ে যান যে মিন্টো পার্কের কাছে এক বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন অভিনেতা।
ঠিক কী হয়েছিল? TV9 বাংলাকে সোহল জানালেন, ”পেটে যন্ত্রণা নিয়ে ভর্তি হয়েছি হাসপাতালে। ভোটের প্রচারে গিয়েছিলাম ভবানীপুরে। সারা দিন ঠিকভাবে খাওয়া হয়নি। অসুস্থতা এতটাই বেড়ে যায় যে, রবিবার হাসপাতালে ভর্তি হয়েছি। আজকে সারা দিন চিকিত্সকরা দেখবেন, শরীরের অবস্থা কী থাকে।” কিডনি স্টোনের সমস্যা ধরা পড়েছে অভিনেতার।
সোহেল এই মুহূর্তে বাংলা ধারাবাহিকে কাজ করছেন। তাই শুটিং পর্বে কিছুটা সমস্যা হতে পারে। সোহেল বরাবরই সবুজ শিবিরের ঘনিষ্ঠ। তবে গত বিধানসভা নির্বাচনের সময়ে তাঁকে গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ হতে দেখা গিয়েছিল। এই বছর সবুজ শিবিরের হয়ে প্রচারে বেশ কিছু টলিপাড়ার মুখকে দেখা যাচ্ছে। সবুজ শিবিরে যোগ দেওয়ার পর কোয়েল মল্লিক ভোটের প্রচার করছেন। তৃণা সাহা, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সৌমিতৃষা কুণ্ডু, ইমন চক্রবর্তীর মতো ব্যক্তিত্বদের দেখা গিয়েছে সবুজ শিবিরের প্রার্থীদের হয়ে ভোটের প্রচারে। গেরুয়া শিবির থেকে সবুজ শিবিরে যোগ দেওয়ার পর পার্নো মিত্র প্রচার সেরেছেন নোয়াপাড়াতে।
এমনিতে অভিনয় জগতের প্রার্থীর সংখ্যা এবারের বিধানসভা নির্বাচনে তুলনায় কম। তবে গেরুয়া, সবুজ, লাল তিন শিবিরের জন্যই অভিনেতা-অভিনেত্রীরা অনেকে প্রচার করছেন। সোহেলের প্রেমিকা তিয়াশা লেপচা এবার ভোটে সবুজ শিবিরের হয়ে প্রার্থী হতে পারেন, এমন জল্পনা ছিল। তবে শেষ অবধি তাঁকে প্রার্থী হতে দেখা যায়নি।