‘মাতব্বরির চেষ্টা করবেন না…কপালে দুঃখ আছে’, কাকে বললেন সুমন

টলিপাড়ায় কাজের ধরন বদলে যাবে বঙ্গে বিজেপি সরকারের আমলে, এমন আশ্বাস আসছে দলের প্রতিনিধিদের তরফে। এবার টালিগঞ্জ থেকে নির্বাচনে জিতেছেন অভিনেত্রী পাপিয়া অধিকারী। তিনি হারিয়ে দিয়েছেন অরূপ বিশ্বাসকে। এত দিন টেকনিশিয়ানদের ফেডারেশনের সভাপতি পদে ছিলেন স্বরূপ বিশ্বাস। তিনি এই পদে থাকছেন নাকি পদ ছেড়ে দেবেন, তা নিয়ে কোনও বিবৃতি আসেনি।

মাতব্বরির চেষ্টা করবেন না...কপালে দুঃখ আছে, কাকে বললেন সুমন

| Edited By: Bhaswati Ghosh

May 08, 2026 | 2:30 PM

টলিপাড়ায় কাজের ধরন বদলে যাবে বঙ্গে বিজেপি সরকারের আমলে, এমন আশ্বাস আসছে দলের প্রতিনিধিদের তরফে। এবার টালিগঞ্জ থেকে নির্বাচনে জিতেছেন অভিনেত্রী পাপিয়া অধিকারী। তিনি হারিয়ে দিয়েছেন অরূপ বিশ্বাসকে। এত দিন টেকনিশিয়ানদের ফেডারেশনের সভাপতি পদে ছিলেন স্বরূপ বিশ্বাস। তিনি এই পদে থাকছেন নাকি পদ ছেড়ে দেবেন, তা নিয়ে কোনও বিবৃতি আসেনি।

এরই মধ্যে অভিনেতা সুমন বন্দ্যোপাধ্যায় ফেসবুক পোস্টে লিখলেন, ”খুব দায়িত্ব নিয়ে হাতজোড় করে বলছি, আপনার যত বড় নামই হোক না কেন, আপনি যত বড় ব্যক্তিত্বই হন না কেন, আপনার সংস্থা বা সংস্থার লোকজনরা যতই ওয়েল কানেক্টেড হন না কেন, ইন্ডাস্ট্রিতে আসুন, কাজ করুন, বাড়ি চলে যান। যারা এত দিন মাতব্বরি করেছেন এবং ইন্ডাস্ট্রির এই হাল করেছেন, দয়া করে স্বপ্নেও আর মাতব্বরি করার কথা ভাববেন না বা ভুলেও চেষ্টা করবেন না, তা হলে কিন্তু কপালে দুঃখ আছে, আগেই জানিয়ে রাখলাম। বাংলা ইন্ডাস্ট্রি চালাবে ইন্ডাস্ট্রির লোকজনেরাই।”

টলিপাড়ার মধ্যে রাজনীতি না ঢুকলেই ভালো, এই মত ব্যক্ত করেছেন অনেকেই। তৃণমূল কংগ্রেসের সাংসদ, অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, টলিপাড়ায় রাজনীতি কেন ঢুকবে? গেরুয়া শিবিরের অভিনেতা-অভিনেত্রীদের আশ্বাস, সব রাজনৈতিক দলের সমর্থকরাই কাজ করতে পারবেন টলিপাড়ায়। কোনওরকম ‘ব্যান’ কালচার থাকবে না। অভিনেতা সুমন, যিনি বহুদিন ধরে গেরুয়া শিবিরের সমর্থক, তিনিও একই সুরে কথা বললেন।

এদিকে ইমপা কমিটি ভাঙার দাবিতে, সভাপতি পিয়া সেনগুপ্তর পদত্যাগের দাবিতে আজও মিটিং ডাকা হয়েছে ইমপা-তে। এর আগে বিজেপি-র সমর্থকরা গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করেছিল ইমপা।

Follow Us