AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rupa Bhattacharya: ‘পাটুলি আর নিরাপদ নয়…!’ পর পর দু’দিন হেনস্থার শিকার রূপা, ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার অভিনেত্রীর

কলকাতার অন্যতম শান্ত ও জনবহুল এলাকা হিসেবে পরিচিত পাটুলিতে ঘটে যাওয়া এই জোড়া ঘটনার জেরে ইতিমধ্যেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় এলাকার নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে পুলিশের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী। একই সঙ্গে ক্ষোভ উগরে দিয়ে সমাজমাধ্যমে দীর্ঘ পোস্টও করেছেন তিনি।

Rupa Bhattacharya: 'পাটুলি আর নিরাপদ নয়...!' পর পর দু'দিন হেনস্থার শিকার রূপা, ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার অভিনেত্রীর
| Updated on: Jun 27, 2026 | 12:47 PM
Share

খাস কলকাতায় ভরসন্ধ্যায় মেয়েদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুললেন জনপ্রিয় অভিনেত্রী রূপা ভট্টাচার্য। এবার খোদ নিজের এলাকাতেই পর পর দু’দিন প্রকাশ্য রাস্তায় শ্লীলতাহানি ও শারীরিক আক্রমণের শিকার হলেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী রূপা ভট্টাচার্য। কলকাতার অন্যতম শান্ত ও জনবহুল এলাকা হিসেবে পরিচিত পাটুলিতে ঘটে যাওয়া এই জোড়া ঘটনার জেরে ইতিমধ্যেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় এলাকার নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে পুলিশের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী। একই সঙ্গে ক্ষোভ উগরে দিয়ে সমাজমাধ্যমে দীর্ঘ পোস্টও করেছেন তিনি।

ঘটনার বিবরণ দিয়ে রূপা জানিয়েছেন, গত ২৪ জুন (বুধবার) এবং ২৬ জুন (শুক্রবার)— মাত্র একদিনের ব্যবধানে দু-দু’বার তাঁকে পাটুলির রাস্তায় ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে।

গত বুধবার সন্ধে ৭টা নাগাদ আর ব্লক থেকে বাইপাস ব্রিজের তলা দিয়ে হনুমান মন্দিরের দিকে হাঁটছিলেন রূপা। অভিযোগ, বেনুবন ছায়ার ঠিক আগেই বছর কুড়ির এক সাইকেল আরোহী যুবক তাঁর পিছু নেয়। কিছুদূর গিয়ে আচমকাই সাইকেল ঘুরিয়ে অভিনেত্রীর দিকে ধেয়ে আসে এবং তাঁকে শারীরিকভাবে হেনস্থা করার চেষ্টা করে। ঘটনার আকস্মিকতায় নিজেকে বাঁচাতে গিয়ে ওই যুবককে ধাক্কা মারেন রূপা, যার ফলে তাঁর ডান হাত কেটে যায়। এরপরই চম্পট দেয় অভিযুক্ত।

পাটুলি থানায় অভিযোগ জানাতে গিয়ে রূপা জানতে পারেন, ঠিক আগের দিন অর্থাৎ মঙ্গলবারও এক তরুণী একই এলাকায় একই ধরণের অভিজ্ঞতার শিকার হয়েছেন। যা থেকে অভিনেত্রীর অনুমান, এলাকায় কোনও ‘সিরিয়াল অফেন্ডার’ বা চক্র সক্রিয় রয়েছে।

প্রথম ঘটনার রেশ কাটতে না কাটতেই শুক্রবার সন্ধে পৌনে সাতটা নাগাদ পাটুলি টি ব্লকের খেলার মাঠের পাশে ফের হেনস্থার মুখে পড়েন তিনি। অভিযোগ, উল্টোদিক থেকে আসা এক ডেলিভারি বয় বাইক নিয়ে এসে ইচ্ছাকৃতভাবে রূপার গা ঘেঁষে যাওয়ার চেষ্টা করে। অভিনেত্রী চমকে সরে দাঁড়িয়ে প্রতিবাদ করতেই ওই যুবক বাইক থামিয়ে হিন্দিতে তাঁকে কটূক্তি ও গালিগালাজ করতে শুরু করে।

দীর্ঘ চার বছর ধরে পাটুলির বাসিন্দা রূপা ভট্টাচার্য। তাঁর কথায়, এতদিন এই এলাকায় মেয়েরা গভীর রাত পর্যন্ত নিশ্চিন্তে ঘুরে বেড়াত। কিন্তু সম্প্রতি পরিস্থিতি বদলেছে। এলাকার আইনশৃঙ্খলার এই অবনতির জন্য রাজ্যের রাজনৈতিক পটপরিবর্তন এবং ‘বহিরাগত অপরাধী’দের জটলাকেই কাঠগড়ায় তুলেছেন তিনি।

ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনার পর পাটুলির মহিলাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি নারী নিরাপত্তা নিশ্চিত করতে সোশাল মিডিয়া পোস্টে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য এবং অগ্নিমিত্রা পালের দৃষ্টি আকর্ষণ করেছেন টলিউডের এই অভিনেত্রী। প্রকাশ্য রাস্তায় একজন পরিচিত অভিনেত্রীর সঙ্গে ঘটা এই আচরণ সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও বড়সড় প্রশ্নচিহ্ন খাড়া করে দিল।

Follow Us