
বলিউডের ‘খিলাড়ি’ তিনি। অ্যাকশন হোক বা দেশভক্তি- রুপোলি পর্দায় অক্ষয় কুমারের ম্যাজিক দীর্ঘ কয়েক দশকের। কিন্তু এবার অন্যের কাজ দেখে কিছুটা যেন ‘ঈর্ষান্বিত’ আক্কি। তবে এই ঈর্ষা নেতিবাচক নয়, বরং ভালো কাজের প্রতি অগাধ শ্রদ্ধা। সম্প্রতি আদিত্য ধরের নতুন অ্যাকশন-থ্রিলার ‘ধুরন্ধর’ এবং ‘ধুরন্ধর ২’ দেখে রীতিমতো মুগ্ধ অক্ষয় কুমার। রণবীর সিংয়ের এই ব্লকবাস্টার ছবির দাপট দেখে বলিউড খিলাড়ির আক্ষেপ, কবে তিনি এমন কোনও চিত্রনাট্যে কাজ করার সুযোগ পাবেন!
সম্প্রতি এক সাক্ষাৎকারে মন খুলে কথা বললেন অক্ষয়। সেখানে রণবীর সিং এবং আদিত্য ধরের ছবির প্রসঙ্গ উঠতেই অভিনেতা বলেন, “ধুরন্ধর ছবিটি অসাধারণভাবে বোনা হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতি এবং এজেন্সিগুলোর কাজ করার ধরণ এত নিপুণভাবে দেখানো হয়েছে যে তা সত্যিই প্রশংসার যোগ্য।” অক্ষয়ের মতে, এই ছবির নির্মাতারা জানতেন তাঁরা ঠিক কী দেখাতে চাইছেন। ভারত এবং পাকিস্তানের সম্পর্কের টানাপোড়েন এবং বাস্তব ঘটনাকে যেভাবে ‘লার্জার দ্যান লাইফ’ ক্যানভাসে ফুটিয়ে তোলা হয়েছে, তা দেখে অবাক খিলাড়ি কুমার।
‘কবে এমন সুযোগ আসবে?’
অক্ষয় সাফ জানিয়েছেন, বর্তমান সময়ে সিনেমা বা গল্পের ধরন দ্রুত বদলাচ্ছে। আর সেই বদলের সঙ্গে তাল মিলিয়ে ‘ধুরন্ধর’-এর মতো সিনেমা গ্লোবাল বক্স অফিসে ৩০০০ কোটি টাকার ব্যবসা করেছে। সাক্ষাৎকারে অক্ষয়কে কিছুটা আবেগপ্রবণ শোনায় যখন তিনি বলেন, “কখনও কি সুযোগ আসবে এমন কোনও সিনেমায় কাজ করার? সত্যিই সুন্দর করে বানানো হয়েছে ছবিগুলো।” রণবীরের অ্যাকশন এবং আদিত্য ধরের পরিচালনার প্রশংসা করে অক্ষয় বুঝিয়ে দিলেন, ভালো কাজের কোনও বিকল্প হয় না।
অক্ষয় কুমার একা নন, এর আগে অল্লু অর্জুন থেকে মহেশ বাবু, কঙ্গনা রানাওয়াত থেকে সিদ্ধার্থ মালহোত্রা— প্রত্যেকেই ‘ধুরন্ধর ২’-এর কারিগরি দক্ষতা এবং রণবীরের অভিনয়ের প্রশংসা করেছেন। সিদ্ধার্থ মালহোত্রা তো সমাজমাধ্যমে লিখেছিলেন, রণবীর এই ছবিতে আক্ষরিক অর্থেই এক বিধ্বংসী শক্তি হিসেবে ধরা দিয়েছেন। সঞ্জয় দত্ত, আর মাধবন এবং অক্ষয় খন্নার মতো পোড়খাওয়া অভিনেতারাও এই ফ্র্যাঞ্চাইজির সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
উল্লেখ্য, গত ১৯ মার্চ মুক্তি পাওয়া ‘ধুরন্ধর ২’ বক্স অফিসের সমস্ত পুরনো রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে। ৩০০০ কোটির ক্লাবে ঢুকে ইতিহাস গড়েছে এই সিনেমা। ভক্তরা তো বটেই, খোদ অক্ষয়ও এখন অপেক্ষা করছেন এমন এক দুর্ধর্ষ স্ক্রিপ্টের।