
ব্লগে রহস্যময় বার্তা! আর সেই বার্তার কেন্দ্রবিন্দুতে খোদ ছেলে অভিষেক বচ্চন। অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) হঠাৎ কেন লিখলেন এমন কথা? বাবা-ছেলের সম্পর্ক নিয়ে এমন কী জানালেন বিগ বি, যা নিয়ে নেটপাড়ায় তুমুল চর্চা শুরু হয়েছে? তবে কি বচ্চন পরিবারে দুই প্রজন্মের মতের অমিল চরমে পৌঁছে গিয়েছে? জল্পনা উসকে দিল খোদ মেগাস্টারের নতুন একটি পোস্ট।
মতের অমিল নিয়ে কী বললেন বিগ বি?
সম্প্রতি নিজের ব্লগে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ লাইন লিখেছেন অমিতাভ। তিনি জানিয়েছেন, বাবা এবং ছেলে একই মঞ্চে বসে থাকলেও, তাঁদের চিন্তাভাবনা এবং মত একেবারেই আলাদা হতে পারে। কিন্তু তার মানে এই নয় যে তাঁরা আলাদা হয়ে গিয়েছে। তাঁদের গন্তব্য সব সময় একটাই হয়।
নতুন প্রজন্মকে সব সময় সম্মান করেন বলে জানিয়েছেন তিনি। অমিতাভের কথায়, সবারই লক্ষ্য হওয়া উচিত একে অপরকে বোঝা এবং এমন একটা গন্তব্য তৈরি করা, যেখানে কেবল ভালোবাসা এবং সম্মান থাকবে। তাঁর এই লেখা পড়ে অনেকেই মনে করছেন, হয়তো বাবা-ছেলের মধ্যে কোনও নির্দিষ্ট বিষয় নিয়ে মতবিরোধ হয়েছিল। আর তারই জবাব অত্যন্ত শান্ত ও স্মার্টভাবে ব্লগের মাধ্যমে দিয়েছেন তিনি। বুঝিয়ে দিয়েছেন, মতের অমিল হলেও ছেলের সঙ্গে তাঁর সম্পর্ক অটুট।
শুধু ছেলের প্রসঙ্গেই নয়, নিজের অবসর নেওয়া নিয়েও বেশ মজার কিন্তু কড়া জবাব দিয়েছেন অমিতাভ বচ্চন। চলতি মাসের শুরুতেই তাঁর একটি পোস্ট ঘিরে জোর জল্পনা শুরু হয়েছিল। সেখানে তিনি লিখেছিলেন, “অনেক রাত হল, এবার রিটায়ার করার সময় এসেছে।” এই কথাটি দেখেই চারদিকে খবর ছড়িয়ে পড়ে যে তিনি হয়তো চিরকালের জন্য অভিনয় জগৎ থেকে বিদায় নিচ্ছেন।
কিন্তু সেই গুজব একেবারে হাসতে হাসতে উড়িয়ে দিয়েছেন তিনি। খবরের কাগজের একটি কাটিং শেয়ার করে তিনি পরিষ্কার জানিয়ে দেন, তিনি কাজ থেকে এখনই অবসর নিচ্ছেন না। তিনি মজার ছলে লেখেন, “আজ্ঞে না মশাই, আমি কাজ থেকে অবসর নিচ্ছি না। ইংরেজিতে রিটায়ার মানে ঘুমোতে যাওয়াও বোঝায়। আমি সেটাই বলেছিলাম। আর আমি এখন ঘুমোতে যাচ্ছি, সেখানে আপনাদের আসার কোনও নিমন্ত্রণ নেই।”
অর্থাৎ, তিনি কখনও যে অভিনয় ছাড়ার কথা ভাবেননি, সেটা নিজের স্বভাবসিদ্ধ রসিকতার মাধ্যমেই পরিষ্কার করে দিয়েছেন বিগ বি।