
এআর রহমান (AR Rahman) মানেই এক আলাদা ম্যাজিক। কিন্তু সেই ম্যাজিক ঘিরেই এবার শুরু হল ঘোর বিতর্ক। সৌজন্যে নীতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’-এর নতুন গান ‘মঙ্গল রঙ্গ’। অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালের গলায় এই গানটি রাম ও সীতার বিয়েকে কেন্দ্র করে তৈরি। কিন্তু গানটি রিলিজ হতেই নেটপাড়ায় যেন হইচই পড়ে গিয়েছে। কারণটা কী? দর্শকদের একাংশের অভিযোগ, রামায়ণের মতো মহাকাব্যের গানে সুফি কাওয়ালির সুর ব্যবহার করা হয়েছে। আর এই আবহ সঙ্গীতের কারণেই নেটদুনিয়ায় ট্রোলের মুখে পড়েছেন প্রখ্যাত এই সুরকার।
এক্স (টুইটার) হ্যান্ডেলে একাধিক দর্শক গানটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। এক ব্যবহারকারী লিখেছেন, “বাল্মীকির রামায়ণে সুফি কাওয়ালির বিট ব্যবহার করা বলিউডের চরম বোকামি। কোনও পড়াশোনা নেই, শুধু পুরনো ছক একটা বড় বাজেটের ছবিতে ফেলে দেওয়া হয়েছে। পবিত্র ইতিহাসকে সাধারণ শুক্রবারের রোমান্টিক ছবির মতো ব্যবহার করা বন্ধ হোক।”
অন্য এক দর্শক মন্তব্য করেন, “রামায়ণে কাওয়ালি! এআর রহমান কখনও হতাশ করতে ভোলেন না।” আরও এক ব্যবহারকারীর মতে, এই গানে ‘রকস্টার’ বা ‘যোধা আকবর’-এর চেনা ছক ব্যবহার করা হয়েছে। অনেকেই মনে করছেন, এই গানের বদলে বিশুদ্ধ সংস্কৃত গান ব্যবহার করলে তা ছবির সঙ্গে অনেক বেশি মানানসই হত।
কটাক্ষের জবাবে কী বললেন সুরকার?
নেটমাধ্যমে হওয়া এই তীব্র সমালোচনার পরও অত্যন্ত শান্তভাবে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন রহমান। এক সাক্ষাৎকারে তিনি জানান, প্রথম দশ বছরের কাজের পর অনেকেই তাঁকে সেই পুরনো স্টাইলেই কাজ করতে বলেছিলেন। কিন্তু ‘রকস্টার’ বা ‘স্লামডগ মিলিয়নিয়ার’-এর মতো পুরনো সাফল্য নিয়ে তিনি পড়ে থাকতে চান না। তিনি বলেন, “শিল্পীকে সব সময় নদীর মতো বহমান হতে হয়।”
গানটি নিয়ে হওয়া সমালোচনা প্রসঙ্গে রহমান জানান, এই সমস্ত খবর তাঁকে দেন তাঁর ছেলে। সুরকার বলেন, “আমার ছেলে এসে খবর দেয়, গতকাল যারা সমালোচনা করছিল, আজ তাঁরাই আবার ক্ষমা চাইছেন।” এই সব বিষয় নিয়ে খুব একটা চিন্তিত নন তিনি। তাঁর কথায়, যথেষ্ট পরিশ্রম ও গবেষণার পরই একটি গান তৈরি করা হয়। তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে নিজের কাজ করেছেন এবং আশা করেন দর্শক তা গ্রহণ করবেন।
এই ছবিতে রহমান বিশ্বখ্যাত সুরকার হান্স জিমারের সঙ্গে কাজ করেছেন। তাঁর মতে, জিমারের নাম জড়িয়ে থাকায় সারা বিশ্বের দর্শক ছবিটি নিয়ে আরও বেশি কৌতূহলী হবেন। রণবীর কাপুর, সাই পল্লবী এবং যশ অভিনীত এই মেগা বাজেটের ছবি আগামী ৫ নভেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেতে চলেছে। এখন দেখার, মুক্তির পর ছবিটি দর্শকদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে।