
সলমন পরিবারের ওপর একের পর এক ঝড় আসছে। লরেন্স বিশ্নোইয়ের হুমকি বছরখানেক ধরে ধাওয়া করছে সলমন খানকে। গুরুতর অসুস্থ ছিলেন সেলিম খান। সেলিম খানের অসুস্থতার চিন্তা যদিও কেটেছে। এবার মুম্বইয়ের ঝা-চকচকে আন্ধেরি ওয়েস্ট এলাকায় নিজের একটি বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করে দিলেন অভিনেতা-প্রযোজক আরবাজ খান। শুধু আরবাজ নন, খান পরিবারের অন্দরে ইদানীং সম্পত্তি কেনাবেচার এক অদ্ভুত হিড়িক লক্ষ্য করা গিয়েছে। কখনও সোহেল, কখনও আবার অর্পিতা— একের পর এক কোটি টাকার ডিল সেরে ফেলছেন সলমনের ভাইবোনেরা। হঠাৎ কেন কোটি কোটি টাকার সম্পত্তি বিক্রি করতে হচ্ছে তাঁদের? কী ঘটেছে খান পরিবারে?
রেজিস্ট্রেশন নথি অনুযায়ী, গত ৫ মে এই লেনদেন সম্পন্ন হয়েছে। আন্ধেরি ওয়েস্টের লোকন্ডওয়ালা কমপ্লেক্সের অত্যন্ত অভিজাত আবাসন ‘রানওয়াল এলিগান্তে’র বি-টাওয়ারে ছিল আরবাজের এই ফ্ল্যাটটি। ইনফিনিটি মলের ঠিক কাছেই এই আবাসনটি অবস্থিত, যা বলিউডের তারকাদের অন্যতম প্রিয় ঠিকানা। ১,৩৬৯ বর্গফুটের এই কার্পেট এরিয়া বিশিষ্ট ফ্ল্যাটটির সঙ্গেই রয়েছে দু’টি গাড়ি পার্কিংয়ের জায়গা। জানা গিয়েছে, এই ডিলের জন্য ক্রেতাকে প্রায় ৩৯ লক্ষ টাকা স্ট্যাম্প ডিউটি গুনতে হয়েছে।
কেন খান পরিবারে সম্পত্তি বিক্রির ধুম লেগেছে?
মজার বিষয় হল, একা আরবাজ নন, গত মাসেই তাঁর ছোট ভাই সোহেল খান আন্ধেরি ওয়েস্টেই একটি বাণিজ্যিক অফিস বিক্রি করেছেন। লিঙ্ক রোডের ‘আর্ক ওয়ান’ বিল্ডিংয়ের সেই অফিসটির দাম ছিল প্রায় ৫.৯০ কোটি টাকা। তারও আগে গত বছরের শেষের দিকে সলমনের বোন অর্পিতা খান শর্মা খারের একটি ফ্ল্যাট ২২ কোটি টাকায় বিক্রি করে চমকে দিয়েছিলেন। ২৫০০ বর্গফুটের সেই ফ্ল্যাটের সঙ্গে ৯টি পার্কিং লট ছিল! হঠাৎ করে কেন গোটা খান পরিবার এভাবে মুম্বইয়ের সম্পত্তি বিক্রি করে নগদে হাত বাড়াচ্ছেন, তা নিয়ে মায়ানগরীর গুঞ্জন তুঙ্গে।
মুম্বইয়ের আন্ধেরি ওয়েস্ট এলাকাটি সবসময়ই বিনোদন জগতের মানুষের কাছে হটস্পট। কানেক্টিভিটি এবং লাইফস্টাইলের কারণে এখানে ফ্ল্যাটের চাহিদা আকাশছোঁয়া। আরবাজের এই লেনদেন থেকে স্পষ্ট যে, এই চড়া বাজারেও বড় অংকের মুনাফা ঘরে তুলছেন সেলেবরা।